রাজধানীর টার্গেট এলাকায় যৌথবাহিনীর টহল জোরদার


২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১

স্টাফ রিপোর্টার : দেশে চুরি-ডাকাতি এবং ছিনতাইয়ের মতো ঘটনা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে মহড়া দিয়ে চাঁদাবাজির ঘটনা ঘটছে। মহাসড়কে চেকপোস্ট বাসিয়ে চাঁদা আদায়ের অভিনব পন্থাও অবলম্বন করছে অপরাধীরা। গুলি করে ব্যবসায়ীর স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রকাশ্যে। ছিনতাই করতে বাধা দেওয়ায় নারীকে কুপিয়ে হত্যার মতো ঘটনা ঘটছে। এসব বিষয়ে ব্রিফিং করতে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকে সমালোচনার জন্ম দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই রাতেই ঢাবিতে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। উদ্ভূত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে ২৫ ফেব্রুয়ারি বৈঠকে বসে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিস্থিতি উন্নতিকল্পে সচেষ্ট থাকার অঙ্গীকার সরকারের।
ঢাকায় ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে অনেকটা আতঙ্কে কেটেছে রাজধানীবাসীর। রোববার রাত ৮টার দিকে ধানমন্ডির শংকরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ায় সেখানে আতঙ্ক তৈরি হয়। পরে বনশ্রী এলাকায় ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাই করে অস্ত্রধারীরা। গোড়ানে একজনকে কুপিয়ে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাত ১টার দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসব ঘটনা নিয়ে রাত ৩টার দিকে জরুরি সংবাদ সম্মেলনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
গত ২৩ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডির শংকর আলী হোসেন বালক উচ্চবিদ্যালয়ের সামনে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে, মহল্লায় ডাকাতদল প্রবেশ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দলটি আশপাশের দোকানগুলোয় ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় পাঁচ-দশ মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে।
এদিন রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরার বনশ্রী ডি-ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় অস্ত্রধারীরা।
পাশের ভবন থেকে ছিনতাই ও গুলির দৃশ্য মোবাইলে ভিডিও করেন বাসিন্দারা। রাতেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওতে দেখা গেছে, তিনজন মোটরসাইকেল থেকে নেমে ব্যবসায়ী আনোয়ারের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি ব্যাগ ছাড়ছেন না। ধস্তাধস্তির একপর্যায়ে একজন তাকে গুলি করেন। পরে ব্যাগ ছিনিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ আনোয়ারের স্বজনরা জানান, আনোয়ারের ব্যাগে ২০০ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা ছিল। তাদের ধারণা দোকান থেকেই তাকে অনুসরণ করেছিল দুর্বৃত্তরা। এরপর বাসার সামনে পৌঁছামাত্র স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায়। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম বলেন, গুলিবিদ্ধ আনোয়ারকে প্রথমে বনশ্রীর ফরাজী হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সার্বিক পরিস্থিতি আরও উন্নত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে কোর কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্তসমূহÑ রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশিচৌকি বাড়ানো। অপরাধপ্রবণ এলাকায় টহল সংখ্যা বাড়ানো। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশের বিভিন্ন ইউনিট, বিজিবি সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনী গঠন করে টার্গেট এলাকায় জোরদার অপারেশন পরিচালনা করা।
রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে নৌবাহিনীর একটি অতিরিক্ত পেট্রোল এবং কিছু এলাকায় কোস্ট গার্ডের একটি অতিরিক্ত পেট্রোল নিয়োজিত করা হয়েছে।