তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর বার্ষিক পুরস্কার বিতরণ

নৈতিক শিক্ষা অর্জন করে ইসলামের দাঈ হতে হবে : সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের


২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩

গাজীপুর মহানগর সংবাদদাতা: গাজীপুরের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীতে গত ১৭ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পুরস্কার বিতরণী ২০২৫। জমকালো এ আয়োজনে হাজারো শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর তদারকি কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তোমরা দীনি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জন করে ইসলামের দাঈ হয়ে মানবতার সেবায় এগিয়ে আসবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তা’মীরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী ও গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক মুহা. জামাল উদদীন। প্রধান অতিথি আরও বলেন, “তোমরা শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং দীনের দাওয়াতি কাজের সঙ্গেও যুক্ত হবে। আমরা উম্মতে মুহাম্মদ, আমাদের দায়িত্ব ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। তোমরা ইসলামী আন্দোলনের প্রকৃত শিক্ষা গ্রহণ করবে, দীন প্রতিষ্ঠার কাজে অগ্রসর হবে।” তিনি বলেন, “তা’মীরুল মিল্লাত শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দীনের খেদমত ও সমাজ পরিবর্তনের জন্য প্রতিষ্ঠিত একটি আদর্শ প্রতিষ্ঠান। এখান থেকে আগামী দিনের নেতৃত্ব তৈরি হবে। ভবিষ্যতে এখান থেকেই আবু বকরের মতো খলিফা বের হবে, যারা ইসলামের জন্য, রাষ্ট্রের জন্য, মানুষের কল্যাণে কাজ করবে।” প্রফেসর ড. কোরবান আলী বলেন, জুলাই বিপ্লব এখনো শেষ হয়নি। রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারী আমলারা বহাল রয়েছেন, যার কারণে শিক্ষার্থীরা এখনো তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমাদের সকল ষড়যন্ত্রের বাঁধ ভেঙে রাষ্ট্র সংস্কারের জন্য তা’মীরুল মিল্লাতের ১৪ হাজার শিক্ষার্থীর শপথ নিতে হবে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান শুধু জ্ঞান বিতরণের জন্য নয়, বরং সমাজ পরিবর্তনের জন্য গড়ে উঠেছে। এখানকার শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে। অধ্যক্ষ ড. মাওলানা মো. হিফজুর রহমানের সভাপতিত্বে ও ড. মাওলানা মো. সালমান ফার্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুহা. জামাল উদদীন বলেন, দেশ ও জাতির কল্যাণে তামীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীরা সবসময় অতন্দ্রপ্রহরীর মতো কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সাবেক উপাধ্যক্ষ মাওলানা শফিকুল্লাহ মাদানী, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদ (টাকসু)-এর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, মাদরাসার শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক ইসহাক আলী, হোস্টেল সুপার ড. মোয়াজ্জেম হোসেন আজহারী, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হকসহ অন্য শিক্ষকবৃন্দ ও কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস সাইদুল ইসলাম, এজিএস মইনুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।