ভলকার তুর্কের সতর্কবার্তা : মানবজাতির ‘অস্তিত্বের’ জন্য হুমকি হতে পারে এআই
৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৪৭
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মানবজাতির জন্য অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়াতে পারে।
গত ৭ সেপ্টেম্বর সোমবার তিনি এআই প্রতিষ্ঠানগুলোকে এর ঝুঁকি কমানোর জন্য চাপ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তার কার্যালয়ের মতে, এই ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে সেবা, যোগাযোগ এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ব্যাঘাত ঘটা। এ খবর দিয়েছে রয়টার্স।
জেনেভায় ৪৭ সদস্যের মানবাধিকার পরিষদের অধিবেশনে নিজের দ্বিতীয় মেয়াদের শুরুতে দেয়া এক ভাষণে তুর্ক বলেন, শিল্প সংশ্লিষ্টদের মতো আমিও মনে করি, উন্নত এআই মানবজাতির জন্য অস্তিত্বের ঝুঁকি তৈরি করতে পারে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই এআই নিয়ন্ত্রণ ও এর ব্যবহারিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে সর্বাত্মক আহ্বান জানান তিনি। তিনি সতর্ক করে বলেন, মাত্র কয়েকজন মানুষের হাতে এআইয়ের প্রায় সীমাহীন ক্ষমতা কুক্ষিগত রয়েছে।
এআইয়ের সরবরাহ চেইনের সঙ্গে যুক্ত দেশগুলোকে একটি সর্বসম্মত সীমারেখা বা ‘রেড লাইন’ নির্ধারণে একজোট হওয়ার আহ্বান জানান তিনি। গত জুলাইয়ে ওপেনএআই-এর এজেন্টদের একটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম হ্যাক করার কথা উল্লেখ করে তার কার্যালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, সুরক্ষাব্যবস্থার চেয়ে এআইয়ের সক্ষমতা অনেক দ্রুতগতিতে বাড়ছে।
এছাড়াও বিশ্বজুড়ে ৬০টিরও বেশি যুদ্ধ চলছে উল্লেখ করে তিনি সংঘাত উসকে দেয়া ব্যবসায়িক স্বার্থ এবং নেপথ্যের কুশীলবদের উন্মোচিত করার প্রতিশ্রুতি দেন। চলতি মাসের শেষের দিকে ইসরাইলের পশ্চিম তীরের বসতিগুলোতে কার্যক্রম চালানো ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর একটি তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। উল্লেখ্য, এসব বসতিকে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচনা করা হয়।