পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসায় সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান

সোনার বাংলা অনলাইন
২৫ আগস্ট ২০২৬ ১৬:১৪

পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা ও মহিলা শাখার যৌথ উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় মাদরাসার আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়, মানবিকতা ও সৌহার্দ্য প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের মহানবী (সা.)-এর চরিত্র ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

পুলিশ সুপারের পক্ষে উপস্থিত এএসপি সার্কেল শরিফুল ইসলাম বলেন, মহানবী (সা.) মানুষের প্রতি দয়া, সহনশীলতা, ন্যায়বিচার ও সত্যনিষ্ঠার যে শিক্ষা দিয়েছেন, তা আমাদের ব্যক্তিজীবন ও সমাজজীবনে বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে সুশৃঙ্খল ও নৈতিক জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা ইকবাল হুসাইন বলেন, সিরাতুন্নবী (সা.) শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ থেকে শিক্ষা গ্রহণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাদরাসার গভর্নিং বডির সদস্য মাওলানা জহুরুল ইসলাম খান ও আশরাফুল আলম হেলাল। এ সময় উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিফ, পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার মহিলা শাখার ইনচার্জ বেলাল হোসেন, সহকারী শিক্ষক আল মাহমুদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।