তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান বিরোধীদলীয় নেতার

সোনার বাংলা অনলাইন
১৪ আগস্ট ২০২৬ ২০:৩৬

দেশে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটসহ সার্বিক আর্থ-সামাজিক ও আইন-শৃঙ্খলা সংকট নিরসনে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের অনুরোধ জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার ১৪ আগস্ট রাষ্ট্রপতি বরাবর এই চিঠি দেয়া হয়েছে। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট বিরাজ করছে। লাগামহীন লোডশেডিংয়ের ফলে একদিকে সাধারণ মানুষের জীবন বিষাদময় হয়ে উঠেছে, অন্যদিকে শিল্প-উৎপাদন ও ব্যবসা-বাণিজ্য ধসে পড়ার উপক্রম হয়েছে। এই বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রত্যক্ষ প্রভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও চরম অবনতি ঘটেছে, যা জনগণকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে এই জাতীয় সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সংসদে গঠনমূলক আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।

চিঠিতে বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশজুড়ে তীব্র বিদ্যুৎ সংকট ও আনুষঙ্গিক সমস্যাগুলোর দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য আপনার নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি।