রাষ্টপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
৯ আগস্ট ২০২৬ ১০:১২
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয় বলে দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দলটি জানায়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নিবে বলে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। তবে বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের বৈঠকে চূড়ান্ত করা হবে।
বৈঠকে সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারসহ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।