যেকোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নই হোক আমাদের অঙ্গীকার: নুরুন্নিসা সিদ্দীকা এমপি
৫ আগস্ট ২০২৬ ১৪:০৭
বাংলদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নিসা সিদ্দীকা এমপি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যোগ দিয়ে প্রায় ১৫০০ এর অধিক মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন হাজার হাজার ছাত্র জনতা। কেউ হারিয়েছেন,হাত,কেউ পা,কেউবা হারিয়েছেন চোখ। দুই বছর আগে দেশের অসংখ্য ছাত্র-জনতা সাহস, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ন্যায়বিচার, গণতন্ত্র, মানবিক মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত ৪ আগস্ট মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
নুরুন্নিসা সিদ্দীকা বলেন, আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেইসব শহীদদেরকে, যাঁরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। আহত ও ক্ষতিগ্রস্ত সকলের প্রতি জানাই আন্তরিক সহমর্মিতা, সেইসাথে তাদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করি।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়ভিত্তিক, জবাবদিহিতামূলক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। দেশের প্রতিটি নাগরিক যেন মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত হয়—এটাই আজকের সময়ের অন্যতম প্রত্যাশা।
নুরুন্নিসা সিদ্দীকা বলেন, বৈষম্যহীন রাষ্ট্রব্যাবস্থা গঠনে দেশের মানুষ গণরায় দিলেও তা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে, যা জাতির জন্য হতাশাজনক। জাতির এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে শিক্ষা নিয়ে বিভেদ, প্রতিহিংসা ও সহিংসতার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সকল সংকীর্ণতার ঊর্ধে উঠে জুলাই সনদ বাস্তবায়নে সকলকে অঙ্গীকারাবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি