দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক
২৮ জুলাই ২০২৬ ১৯:৫০
২৮ জুলাই স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনে একটি দোকানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি নাগরিকের করুণ মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার ২৮ জুলাই বিকেলে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় রুজি-রোজগারের সন্ধানে যাওয়া আমাদের ৬ জন প্রবাসী ভাইয়ের মর্মান্তিক অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। জীবন জীবিকার তাগিদে সুদূর প্রবাসে গিয়ে এভাবে আগুনে পুড়ে প্রাণ হারানোর বেদনা সহ্য করা কঠিন। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা নিহতদের শাহাদাতের মর্যাদা দান করুন এবং তাদের স্বজনদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার তৌফিক দান করুন। একই সাথে এই ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অপর প্রবাসী ভাইয়ের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, নিহত প্রবাসী ভাইদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে তাঁদের পরিবারের কাছে পৌঁছানো এবং আহত প্রবাসীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, নিহত বাংলাদেশি নাগরিকদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।