দেশে ইসলামকে বিজয়ী করতে মুফাসসিরদের প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : রফিকুল ইসলাম খান এমপি
২৮ জুলাই ২০২৬ ১১:৫৪
২৭ জুলাই সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেছেন, দেশে ইসলামকে বিজয়ের সবচেয়ে উপযুক্ত এই সময়ে সম্মানিত মুফাসসিরদের সর্বোচ্চ প্রজ্ঞার সাথে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে সম্মানিত দাঈদেরকে অগ্রণী ভূমিকা পালন করে মহান রবের সন্তুষ্টি অর্জন করতে হবে।
২৭ জুলাই সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজলিসুল মুফাসসিরীন ঢাকা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল মান্নান আনসারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা বিভাগীয় কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম ও সেক্রেটারি ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুল হামিদ ও কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মাওলানা নুরুল আমিন এমপি।
বিশেষ অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, সম্মানিত ওলামাদের ছোটখাটো সব ধরনের মতানৈক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আল কুরআনের সুমহান শিক্ষা দেশের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই হবে সম্মানিত মুফাসসিরদের প্রধান উদ্দেশ্য।
সম্মেলনে ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি এবং ১০টি জেলা ও মহানগরীর সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয়।
এছাড়াও বক্তব্য দেন দেশ বরেণ্য মুফাসসির ডক্টর মাওলানা আব্দুস সামাদ, ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ফখরুদ্দিন, মুফতি মাওলানা আলী হাসান ওসামা, মাওলানা নাসির উদ্দিন হেলালি ও অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন প্রমুখ।