শহীদ ও আহতদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না : মোবারক হোসাইন
২৭ জুলাই ২০২৬ ২০:০৬
সোমবার ২৭ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের ‘গ্রীন গার্ডেন’ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন
‘জান দেব, তবু জুলাই দেব না’- এই দৃঢ় প্রত্যয় ও স্লোগানকে সামনে রেখে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাইযোদ্ধাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৭ জুলাই বিকেলে নারায়ণগঞ্জের চিটাগাং রোডের ‘গ্রীন গার্ডেন’ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ছাত্র-জনতার বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। তিনি তার বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে দৃঢ়তার সাথে বলেন, শহীদ ও আহতদের রক্ত আর ত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশের চেতনাকে কোনোভাবেই নস্যাৎ হতে দেওয়া যাবে না। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে শহীদ পরিবার ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ্ব মুমিনুল হক সরকার।
সভায় নেতারা বলেন, স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান এদেশের ইতিহাসে সর্বদা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেকোনো পরিস্থিতিতে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার এবং তাদের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল জব্বার সভাপতির বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা ধরে রাখতে এবং আহত জুলাইযোদ্ধা ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করতে অবিলম্বে ‘জুলাই সনদ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন। মতবিনিময় সভায় নারায়ণগঞ্জ মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং বিপুল সংখ্যক আহত জুলাইযোদ্ধা উপস্থিত ছিলেন।