কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা খতিয়ে দেখতে হবে : জামায়াত

সোনার বাংলা অনলাইন
২৭ জুলাই ২০২৬ ১১:০৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের

চলমান গ্যাস সংকটের পিছনে কোনো মহল ভূমিকা রেখে দাম বাড়ানো পাঁয়তারা করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে নাগরিকদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে দলটি।

রোববার ২৬ জুলাই দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের নাগরিকরা নিত্যপ্রয়োজনীয় পণ্য এলপিজি ও সিএনজি গ্যাসের তীব্র সংকটে ভুগছেন। নাগরিকদের বাসাবাড়িতে দৈনন্দিন রান্নাবান্না, সিএনজিচালিত গাড়ি ব্যবহার করা এবং কলকারখানায় উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি।

তিনি আরও বলেন, বেশ কিছুদিন ধরে তীব্র গ্যাস সংকটের কারণে রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। ফলে নাগরিকদের লাখ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে এবং ভোগান্তি চরমে উঠেছে। দেশবাসী মনে করে, গ্যাসের এমন সমস্যার জন্য অবৈধ গ্যাস সংযোগ এবং সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী। কৃত্রিম গ্যাস সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানো পাঁয়তারা কোনো মহল করছে কিনা তাও খতিয়ে দেখতে হবে এবং নাগরিকদের দুর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি। পাশাপাশি নাগরিকদের চাহিদার আলোকে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও খনন এবং বিদ্যমান কূপ থেকে উত্তোলন নিশ্চিত করা ছাড়াও প্রয়োজনীয় এলএনজি আমদানি নিশ্চিত করতে হবে।

এডভোকেট জুবায়ের বলেন, সরকার নাগরিকদের দৈনন্দিন মৌলিক চাহিদা পূরণের দিকে খেয়াল না রেখে অসাধু চক্রকে সুবিধা দিয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে সারা দেশে চরম গ্যাস সংকট দেখা দিয়েছে। আমি চলমান এই সংকট দ্রুত নিরসন করে জনগণকে স্বস্তি দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দৃঢ় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।