আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শোক

জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণীর ইন্তেকাল

সোনার বাংলা অনলাইন
২৫ জুলাই ২০২৬ ১৪:৪০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা সদস্য (রুকন) এবং উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য আলেম-ওলামার রূহানী উস্তায, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থ প্রণেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর সহধর্মিণী রাবেয়া খাতুন ইন্তিকাল করেছেন।

শনিবার ২৫ জুলাই ভোর ৫টায় ৯০ বছর বয়সে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

মৃত্যুকালে তার ৩ পুত্র ও ৫ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছে।

রোববার ২৬ জুলাই বাদ এশা রাজধানীর উত্তরার ১০ নং সেক্টরস্থ সেন্ট্রাল মসজিদে জানাযা শেষে তাঁকে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আমীরে জামায়াতের শোক

রাবেয়া খাতুনের ইন্তিকালে বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সূচনালগ্নের অন্যতম সংগঠক মরহুম মাওলানা এ কে এম ইউসুফ (রহ.)-এর জীবনসঙ্গিনী রাবেয়া খাতুনের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত। তিনি সারাজীবন একজন দ্বীনদার, পরহেযগার, ধৈর্যশীল ও আদর্শ গৃহিণী হিসেবে তাঁর স্বামীকে দ্বীনের খেদমতে নিরবচ্ছিন্ন সমর্থন ও প্রেরণা জুগিয়ে গেছেন। ইসলামী আন্দোলনের প্রতিকূল দিনগুলোতে তাঁর ত্যাগ ও ধৈর্য অপরিসীম।

আমীরে জামায়াত আরও বলেন, আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাঁর এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন।

তিনি বলেন, আমি মরহুমার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সন্তানদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। একই সঙ্গে তাঁর সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল আতা করুন।