জামায়াত নেতা রেজাউল হত্যার বিচারে গড়িমসি জাতি বরদাশত করবে না: ডা. শফিকুর রহমান

শেরপুরে জামায়াত নেতার শাহাদাত বরণ

সোনার বাংলা অনলাইন
২৯ জানুয়ারি ২০২৬ ০৯:৩৫

বিএনপির হামলায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (৪২)  শহীদ হয়েছেন

বিএনপির হামলায় শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোহাম্মদ রেজাউল করিম (৪২)  শহীদ হয়েছেন।  প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে শেরপুর–৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আমন্ত্রণে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল। উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হন মাওলানা মোহাম্মদ রেজাউল করিম।

হামলার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ ঘটনায় শেরপুর জেলার রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জামায়াত নেতা রেজাউল হত্যার বিচারে গড়িমসি জাতি বরদাশত করবে না
শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এই খুনের নেশায় মত্ত হয়েছে, এদেরকে পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমরা চাই দ্রুত এদেরকে পাকড়াও করা হোক। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।
বুধবার (২৮ জানুয়ারি) দিনগত রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বিকেলে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি সমর্থকরা বিলম্বে এসে চেয়ারে বসা নিয়ে বাগবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে জামায়াত সমর্থকদের ওপর বিএনপি সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় ৫০ জনের অধিক জামায়াতে ইসলামীর সমর্থক আহত হন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টা ২০ মিনিটে মাওলানা রেজাউল করিম শাহাদতবরণ করেন।’
তিনি আরও লেখেন, ‘এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা জনগণ দেখতে চায়। তারা কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়।’
ফেসবুক পোস্টে তিনি নিহত মাওলানা রেজাউল করিমের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ তায়ালা তাকে শাহাদতের মর্যাদা দিয়ে জান্নাতবাসী করুন। যারা গুরুতর আহত হয়েছেন তাদের জন্য মহান আল্লাহর দরবারে দ্রুত সুস্থতা কামনা করছি।’

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর