জামায়াত নেতারা আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেননি: আবদুল হালিম
১২ আগস্ট ২০২৬ ১১:৫০
১১ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তাদের নেতা ৫ আগস্টের পর আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছেন।’ গত মঙ্গলবার (১১ আগস্ট) জনাব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর নেতারা এ ধরনের কোনো কথা বলেননি। বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার উদ্দেশ্যে কোনো প্রমাণ ছাড়াই এ বক্তব্য দিয়েছেন।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামীর কোন নেতা কখন, কোথায় এবং কী প্রেক্ষাপটে এ ধরনের কথা বলেছেন; তার প্রমাণ জাতির সামনে উপস্থাপন করার জন্য আমরা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
মাওলানা আবদুল হালিম আরও বলেন, “এ ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জামায়াতে ইসলামী সম্পর্কে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে প্রমাণবিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর প্রতি আহ্বান জানান।”