আজকের পত্রিকা:শেষ মুহূর্তেও বিএনপিতে প্রার্থী নিয়ে হিসাবনিকাশ
২৯ ডিসেম্বর ২০২৫ ১১:০২
আজ রোববার ২৮ ডিসেম্বর ২০২৫ । আজের দৈনিক পত্রিকার প্রধান প্রধান খবরগুলো তুলে ধরা হলো:
মানবজমিন পত্রিকার খবর– শেষ মুহূর্তেও বিএনপিতে প্রার্থী নিয়ে হিসাবনিকাশ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ে বিএনপিতে প্রার্থী বদল নিয়ে জোর আলোচনা চলছে। বিভিন্ন আসনে ঘোষিত প্রার্থীদের রদবদল করা হচ্ছে, এতে কিছু ত্যাগী ও যোগ্য নেতা সুযোগ পাচ্ছেন বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে একই সঙ্গে মনোনয়নকে কেন্দ্র করে দলীয় কোন্দলও বাড়ছে; প্রায় অর্ধশত আসনে বিদ্রোহী প্রার্থী ও স্বতন্ত্র নির্বাচনের ঘোষণায় অস্বস্তিতে পড়েছে দলটি।
এ পর্যন্ত বিএনপি ১৭টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে। কয়েকটি আসনে জোটের প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছে, আবার কোথাও বয়স, ঋণখেলাপি বা অন্যান্য অভিযোগের কারণে প্রার্থী বদল করা হয়েছে। দলীয় সূত্র বলছে, আরও কিছু আসনে পরিবর্তনের প্রক্রিয়া চলছে।
প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকায় মনোনয়নবঞ্চিত নেতাকর্মীদের বিক্ষোভ ও সমাবেশ শুরু হয়। শুরু থেকেই তালিকাটি প্রাথমিক বলে জানানো হয়েছিল এবং প্রয়োজন হলে পরিবর্তনের ইঙ্গিতও ছিল। সেই ধারাবাহিকতায় রদবদল হচ্ছে। তারেক রহমান দেশে ফেরার পর এই প্রক্রিয়ায় নতুন গতি এসেছে এবং সামনে আরও কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
টাইমস অফ বাংলাদেশ পত্রিকার আজকের প্রধান খবর- Nomination paper submission/Khaleda files with thumbprint অর্থাৎ আঙ্গুলের ছাপ দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন খালেদা।
আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সংশ্লিষ্ট সূত্র জানায়, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবার প্রথমবারের মতো মনোনয়নপত্রে স্বাক্ষরের পরিবর্তে আঙুলের ছাপ ব্যবহার করেছেন।
আসন্ন নির্বাচনে তিনি তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, বগুড়া–৭, দিনাজপুর–৩ ও ফেনী–১। এর মধ্যে দিনাজপুর–৩ আসনে তাঁর মনোনয়নপত্র রোববার দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেন জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
ওই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমও প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বগুড়া–৭ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলাল উদ্দিন তালুকদার লালু এবং জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম, আর ফেনী–১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু আজ সোমবার খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন।
নিউ এইজ পত্রিকার খবর– Last-minute negotiations intensify অর্থাৎ নির্বাচনের আগে তীব্র হয়েছে শেষ মুহুর্তের সমঝোতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট চূড়ান্ত করা ও প্রার্থী তালিকা নিশ্চিত করতে বড় ও ছোট দলগুলোর মধ্যে শেষ মুহূর্তের দরকষাকষি চলছে।
ছোট দলগুলো বড় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে জোট বা আসন সমঝোতার লক্ষ্যে শেষ সময় পর্যন্ত আলোচনা চালিয়ে যাচ্ছে। মনোনয়ন জমার সময় বাড়তে পারে, এমন গুঞ্জন থাকলেও বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো বড় দলগুলো নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়ন দাখিলের প্রস্তুতি নিয়েছে।
এ পর্যন্ত বিএনপি তাদের আন্দোলনের শরিকদের সঙ্গে ১৬টি আসন ভাগ করেছে। অন্যদিকে জামায়াত রোববার জানিয়েছে, জাতীয় নাগরিক পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি যোগ দেওয়ায় তাদের জোট আট থেকে বেড়ে ১০ দলে দাঁড়িয়েছে।
জামায়াত-নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে থাকলেও, কোন দল কতটি আসন পাবে তা প্রকাশ করা হয়নি। এর আগে এনসিপি ও এলডিপি বিএনপির সঙ্গেও আলোচনা করেছিল, তবে প্রত্যাশিত সংখ্যক আসন না পাওয়ায় তারা শেষ পর্যন্ত জামায়াতের জোটে যোগ দেয়।
কালের কণ্ঠ পত্রিকার আজকের শীর্ষ খবর- জোটের মেরুকরণে তোলপাড়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য জোট। আগেও ধানের শীষ প্রতীক পাওয়ার আশায় দল ভেঙে বিএনপিতে যোগ দেওয়ার নজির থাকলেও, জামায়াতের জোটে যাওয়ার প্রশ্নে এনসিপির ভেতরে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা তুলনামূলকভাবে বেশি।
জামায়াতের সঙ্গে জোট আলোচনা শুরু হওয়ার পর থেকেই এনসিপিতে একের পর এক পদত্যাগের ঘটনা ঘটছে। রোববার পর্যন্ত দলটির কেন্দ্রীয় পর্যায়ের চার নেতাসহ অন্তত পাঁচজন পদত্যাগ করেছেন। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এর আগে দলটির আরও কয়েকজন শীর্ষ নেতা এবং ফেনী-৩ আসনের মনোনীত প্রার্থীও পদত্যাগ করেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন মেরুকরণ বাংলাদেশে নতুন নয়। অনেক সময় আদর্শের চেয়ে নির্বাচনে টিকে থাকাই মুখ্য হয়ে ওঠে। তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়াকে কেন্দ্র করে এনসিপির ভেতরে যে ভাঙন দেখা যাচ্ছে, সেটিকে তারা উদ্বেগজনক ও হতাশাজনক বলে মনে করছেন।
প্রথম আলো পত্রিকার আজকের প্রথম পাতার সংবাদ- খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই ‘সংকটময়’।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তিনি আগের মতোই ‘সংকটময় মুহূর্তে’ রয়েছেন বলে জানা গেছে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ও বিএনপি সূত্রে।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। গতকাল রোববার জানতে চাইলে মেডিকেল বোর্ড সূত্র একই কথা বলেছে।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।
দ্য ডেইলি স্টার পত্রিকার আজকের খবর – NCP ties up with Jamaat ‘strictly for election‘ অর্থাৎ ‘শুধুমাত্র’ নির্বাচনের স্বার্থেই জামায়াতের সঙ্গে জোট করল এনসিপি
আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আসনভিত্তিক সমঝোতায় পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কয়েকদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, জামায়াত ও অন্যান্য দলের সঙ্গে এনসিপির এই সমঝোতা সম্পূর্ণভাবে নির্বাচনী। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এককভাবে নির্বাচন করা এনসিপির পক্ষে সম্ভব নয় বলেই সমমনা দলগুলোর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, এটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্বাচনী বোঝাপড়া। দলটির সংস্কার, ন্যায়বিচার ও আধিপত্যবিরোধী রাজনৈতিক কর্মসূচি অপরিবর্তিত থাকবে।
তিনি আরও বলেন, এই নির্বাচনী সমঝোতা ভোটের পথে থাকা বাধা অতিক্রমে সহায়ক হবে এবং একই সঙ্গে এনসিপির সংস্কারমূলক রাজনৈতিক লক্ষ্যকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
বণিক বার্তা পত্রিকার খবর- এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ডে সমালোচনার মুখে রাকসু জিএস আম্মার।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে বিতর্ক বাড়ছে। এখতিয়ারবহির্ভূত কর্মকাণ্ড, বিতর্কিত বক্তব্য ও প্রশাসনিক সিদ্ধান্তে হস্তক্ষেপের অভিযোগে তিনি শিক্ষক ও শিক্ষার্থী মহলে সমালোচনার মুখে পড়েছেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মতে, আম্মারের আচরণ ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এক বিক্ষোভে দেওয়া তার বক্তব্যের পর বিএনপিপন্থী শিক্ষক সংগঠন ও ছাত্রদলও প্রতিবাদ জানায়।
সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে ছয়জন ডিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায়। মেয়াদ শেষ হলেও বিধি অনুযায়ী দায়িত্বে থাকা ডিনদের বিরুদ্ধে তিনি আন্দোলন করেন, সময় বেঁধে দেন এবং প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন। দিনভর উত্তেজনার পর প্রশাসন ডিনদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।
এসব ঘটনায় রাকসুর এই প্রতিনিধির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
নয়া দিগন্ত পত্রিকার খবর- ওসমান হাদির খুনিরা ভারতের আশ্রয়ে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান দুই সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও আলমগীর শেখ ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, হত্যার পর নানা নাটকীয়তার মধ্যেই তারা দেশ ছাড়ে।
পুলিশের ধারণা, ৫ আগস্টের পর ওসমান হাদি ছিলেন খুবই সক্রিয় ও স্পষ্টভাষী, একটি নির্দিষ্ট আদর্শকে সামনে রেখে কথা বলতেন। সেই আদর্শে ক্ষতিগ্রস্ত কোনো পক্ষ এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। ফয়সাল করিমকে ভারতে নিয়ে যাওয়ার সঙ্গে জড়িত দুই সহযোগীকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানানো হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার হয়েছেন এবং ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে হত্যার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। পুলিশের মতে, নেপথ্যে আরও একাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, তবে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো হবে না।
আজকের পত্রিকার শীর্ষ শিরোনাম – জাতীয় সংসদ নির্বাচন: ভোটে নতুন সমীকরণ।
নানা আলোচনা ও জল্পনার পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে নির্বাচনী জোট চূড়ান্ত হয়েছে। এই জোটে নতুন করে যোগ দিয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
জোট নেতাদের ভাষ্য, দলগুলোর মধ্যে আসন সমঝোতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং কোন দল কত আসনে নির্বাচন করবে, সে বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে।
তবে জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়াকে কেন্দ্র করে এনসিপির ভেতরে বিভাজন দেখা দিয়েছে। কয়েকজন নেতা পদত্যাগ করলেও দলের শীর্ষ নেতৃত্ব জোটের সিদ্ধান্তে অনড় রয়েছে।
রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াতের আমির শফিকুর রহমান জানান, দীর্ঘদিনের আন্দোলনসঙ্গী আট দলের সঙ্গে এবার এনসিপি ও এলডিপিও যুক্ত হলো।
যুগান্তর পত্রিকার খবর- বেশির ভাগ শর্ত বাংলাদেশের স্বার্থবিরোধী, বিদ্যুতের চুক্তি পর্যালোচনা করতে আদানিকে চিঠি।
ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ বিক্রির চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। গত সপ্তাহে আদানিকে পাঠানো এক চিঠিতে পিডিবি জানিয়েছে, আদানির বিদ্যুতের দাম তুলনামূলক বেশি এবং চুক্তির কয়েকটি শর্ত বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। সব বিলকেই বিরোধপূর্ণ উল্লেখ করে আপাতত পাওনা পরিশোধ বা নতুন লেনদেনের দায় নেবে না বলেও জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, আদানির বিদ্যুৎ বিক্রির চুক্তি, বিল ও ক্যাপাসিটি চার্জ দুর্নীতি দমন কমিশন এবং বিদ্যুৎ খাতের চুক্তি পর্যালোচনা কমিটির তদন্তাধীন। তাই পুরো চুক্তি ও লেনদেন পর্যালোচনা করা জরুরি। পিডিবির এই অবস্থানের পর সরকারের সঙ্গে আদানি গ্রুপের সম্পর্ক কোন পথে যায়, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
পিডিবির চেয়ারম্যান চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করলেও মন্তব্য করেননি। বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের সময়কার বিদ্যুৎ চুক্তি যাচাইয়ের অংশ হিসেবেই আদানিকে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আদানি গ্রুপের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।