চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল শুরু
১৪ নভেম্বর ২০২৬ ১০:৩৫
যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ কথা জানান।
শন ডাফি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। ‘পুরানো হার্ডওয়্যারের কারণে’ এমন বিপর্যয় হয়েছে বলে তিনি জানান।
শন ডাফি বলেন, দেশজুড়ে রাডার, যোগাযোগ ব্যবস্থা ও কেন্দ্রগুলোতে আমরা অস্থিতিশীলতার মুখোমুখি হয়েছি। রাউটার থেকে অসামঞ্জস্যপূর্ণ তথ্য আসতে শুরু করায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সারা দেশে ফ্লাইট চলাচল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেয়।
পরিবহনমন্ত্রী শন ডাফি আরও জানান, উড়োজাহাজের উড্ডয়ন সাময়িক বন্ধ হওয়ার জেরে যুক্তরাষ্ট্রজুড়ে আট হাজারের বেশি ফ্লাইটের চলাচল বাতিল করা হয়েছে।
বার্তা সংস্থা এপির বরাতে আল–জাজিরার প্রতিবেদনের খবর, টেলিযোগাযোগ–ব্যবস্থায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের ২২টি আঞ্চলিক উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দেশটিতে ১৫ লাখের বেশি যাত্রী ভ্রমণে বিঘ্নের মুখে পড়েছেন।
শন ডাফি তাদের উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত পুরানো বলে মন্তব্য করেন। এ বিষয়ে তিনি বলেন, রাউটারগুলোর ওপর ‘তথ্যের অতিরিক্ত চাপ’ পড়ে গিয়েছিল। এর ফলে সেগুলো থেকে প্রাপ্ত তথ্যে ‘অসামঞ্জস্যতা’ দেখা দেয়।
মার্কিন পরিবহনমন্ত্রী কংগ্রেসের (যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ) কাছে অত্যাধুনিক উড়োজাহাজ চলাচল ব্যবস্থার জন্য প্রয়োজনীয় অনুমোদন দেওয়ার দাবি জানান।
সাইবার হামলা নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কোনো ত্রুটির কারণে এ বিপর্যয় ঘটেছে—এর আগে এমন আভাস নাকচ করে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। তিনি বলেন, কোনো সাইবার হামলা হয়নি এবং এ ঘটনার সঙ্গে মাইক্রোসফট বিপর্যয়ের কোনো সম্পর্ক নেই।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে মুলিন সাংবাদিকদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের আকাশপথে চলাচলের এ বিপর্যয়ের ঘটনা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করা হয়েছে বলেও জানান মুলিন। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশটির সব বিমানবন্দর থেকে ফ্লাইট ওড়া বন্ধ রাখার নির্দেশ দেয়। ‘অস্বাভাবিক পরিস্থিতি’ ও নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রাখা হয়।
এর আগে যুক্তরাষ্ট্রজুড়ে ২০২৩ সালের জানুয়ারিতে ফ্লাইটের উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রায় দেড় ঘণ্টা (৯৫ মিনিট) কার্যকর ছিল। শুক্রবারের নিষেধাজ্ঞা সেই সময়সীমা ছাড়িয়ে গেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরও দেশজুড়ে ইন্টারনেট ও যোগাযোগের সমস্যার কথা জানিয়েছে। এর ফলে সংস্থাটির ওয়েবসাইটে থাকা তথ্য দেখা না-ও যেতে পারে। আবার পুরোনো তথ্যও দেখাতে পারে। সমস্যা সমাধানে প্রযুক্তিবিদেরা কাজ করছেন বলে জানিয়েছে সংস্থাটি।