আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ হয়ে যাবে:হিমন্ত বিশ্বশর্মা

সোনার বাংলা অনলাইন
২৪ ডিসেম্বর ২০২৫ ২২:১৩

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন, প্রতিবেশী বাংলাদেশ থেকে যাওয়া মানুষের সংখ্যা যদি রাজ্যটিতে আরও ১০ শতাংশ বৃদ্ধি পায়, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাবে’। একটি সরকারি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শর্মা বলেন, তিনি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। মঙ্গলবার ওই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘আসামে বর্তমানে জনসংখ্যার ৪০ শতাংশই বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। যদি এটি আরও ১০ শতাংশ বাড়ে, তাহলে আমরা স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়ে যাব।’ বাংলাদেশের এক নেতার উত্তর-পূর্ব ভারতকে বাংলাদেশের সঙ্গে একীভূত করার বিষয়ে করা মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এ কারণেই আমি গত পাঁচ বছর ধরে এই বিষয়টি নিয়ে সরব। এর আগে এ মাসে বাংলাদেশের সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেন, ভারত যদি তার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে ঢাকার উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে ‘বিচ্ছিন্ন’ করে রাখা এবং ওই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়া। তিনি আরও দাবি করেন, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলো ভৌগোলিকভাবে ‘ঝুঁকিপূর্ণ’। কারণ ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যোগাযোগ নির্ভর করে সংকীর্ণ শিলিগুড়ি করিডরের ওপর- যা ‘চিকেন’স নেক’ নামেও পরিচিত।

আসাম স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশ হয়ে যাবে:হিমন্ত বিশ্বশর্মা

সম্পর্কিত খবর