জ্বালাও-পোড়াও বাদ দিয়ে দেশ গড়ার কাজে আসুন


২৫ নভেম্বর ২০২৬ ১৯:৫৯

॥ একেএম রফিকুন্নবী ॥
গত ৫৫ বছরে আমরা দেশ গড়ার কাজে লাগাতে পারলাম না। আন্দোলন-সংগ্রাম, জ্বালাও-পোড়াও নিয়েই সময় কেটে গেল। আমাদের পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া স্বাধীন হয়েও তারা আমাদের থেকে অনেক এগিয়ে গেছে দেশ গড়ার কাজে। আমরা শুধুই একদল ক্ষমতায় গিয়ে ব্যক্তি-দলের উন্নয়নে ব্যস্ত থাকি। আর একদল তাদের ক্ষমতা থেকে নামানোর কাজে জ্বালাও-পোড়াও নিয়ে ব্যস্ত থাকি। সবার আগে দেশ— এই কথায় আমরা কেউই পরিকল্পনা নিই না, যা আমাদের পেছনে ঠেলে দিয়েছে। উত্তরণ দরকার।
অনেক চড়াই-উৎরাইয়ের পর ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ফেলে দিয়ে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে। আছে দেশদরদি বিরোধীদল। তারপরও সরকারি দল নির্বাচনে আগের প্রতিশ্রুতি থেকে সরে এসে গতানুগতিক স্বৈরশাসকের মতো আচরণ শুরু করেছে। নির্বাচনের আগের মাসগুলোয় সব দল-মতের লোক নিয়ে জুলাই সনদ ও গণভোটের ব্যবস্থা পাস করলেও নির্বাচনের পর তা থেকে মুখ ফিরিয়ে উল্টোপথে হাঁটা শুরু করে দিয়েছে। সংস্কারের ব্যাপারে শপথ না নিয়ে অন্যায় করেছে। আবার পৃথক কমিটি করে আরেক ভাঁওতা দেয়ার উদ্যোগ নিয়েছে, যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। বিরোধীদল কমিটিতে অংশ না নিয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে।
এদিকে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই জুলাই সনদ স্বাক্ষরকারী দলগুলোর সাথে মতবিনিময়ের উদ্যোগ নিয়ছেন আবার বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সাথে একটা বৈঠকও করেছেন। এটা দেশের জন্য ভালো লক্ষণ। আমরা চাই আলোচনার মাধ্যমে জুলাই সনদ ও গণভোকেটর রায় চূড়ান্ত করে দেশকে একটি যুগোপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা নেয়া হোক। আমরা আর পিছিয়ে থাকতে চাই না। আমাদের জনশক্তি, ভূমি, সমুদ্রসম্পদ কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চাই। আমরা যদি ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নের জন্য কাজ করি, তবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে ১০ বছরও লাগবে না, ইনশাআল্লাহ।
এদিকে আমাদের উন্নয়নের বাধা প্রতিবেশী দেশ। তারা স্বাধীনতার আগে থেকেই এই দেশকে একটি পরাধীন রাজ্য বানানোর পাঁয়তারা করেই আমাদের সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।
বর্তমানে দেশে যে জ্বালাও-পোড়াও চলছে, তা আমাদের দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়ার জন্য। শেখ হাসিনা ও তার দোসরদের ভারত আশ্রয় দিয়ে তাদের বাংলাদেশবিরোধী কাজে লাগিয়েছে। গাজীপুর আমাদের গার্মেন্টস শিল্পের এলাকা। সেখানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে আগুন লাগিয়ে গার্মেন্টস বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যেই অনেক ক্রেতা অন্য দেশে চলে গেছে। এদিকে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক সংগঠনগুলো বসে বেতন-ভাতা নির্ধারণের উদ্যোগ নিয়েছে। আশা করা যায়, এর একটা সুরাহা হবে।
কিন্তু মনে রাখতে হবে— পতিত স্বৈরাচারের দোসররা কারখানা বন্ধ করার চেষ্টা করছে। একদিকে শ্রমিক অসন্তোষ করে; অন্যদিকে কারখানায় আগুন দিয়ে বন্ধ করে দেয়ার কাজ করছে। সরকার এদিকে নজর দিচ্ছে সবাইকে নিয়ে যৌথভাবে সরকার, মালিক, শ্রমিক সংগঠন এবং সরকারি লোক বসে শ্রমিকদের বেতনকাঠামো ঠিক করে দেয়ার জন্য। জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠন ও শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক অসন্তোষ কমানোর চেষ্টা করছে। আমরা আশা করি এর একটা সুরাহা হবে।
স্বৈরাচারী পতিত দোসররা শেখ হাসিনাকে দেশে ফেরত আনার প্রহসন করে অরাজকতার চেষ্টা করছে। একজন খুনি ফাঁসির আসামিকে তো বাংলাদেশও ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে চায়। সরকার সেই উদ্যোগ নিয়েছে। আসলে শেখ হাসিনা দেশে ফিরে আসা তো দূরে থাকুক, এ দেশে তার কবর হবে কিনা, সন্দেহ আছে?
দেশে অরাজকতার লক্ষ্য হিসেবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেছে নিয়েছে শেখ মুজিবের কবরস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়াকে। তারা সেখানে দুটি থানা পুড়িয়ে দিয়েছে। ঘরবাড়ি, হাসপাতাল পুড়িয়ে দিয়েছে। এর দেখাদেখি দেশের আরো কয়েকটি থানায় এরকম জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটানো হয়েছে, যা খুবই দুঃখজনক ও অপরাধজনক। এ কাজে জড়িতদের অতিসত্বর গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।
আওয়ামী লীগ যে সন্ত্রাসী দল, তা আবারও প্রমাণ হলো। তাই এ সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে বিচারের মাধ্যমে সাজা দেয়ার ব্যবস্থা করতে হবে। আওয়ামী লীগ সন্ত্রাসী দল সে হিসেবেও বিচার করতে হবে।
৫ আগস্টের পর আওয়ামী সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদেরও খুঁজে বের করতে হবে। কিছু কিছু সংবাদপত্রে আসছে বর্তমান সরকারের অনেকে টাকার বিনিময়ে এ সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে এবং দিচ্ছে। এরও বিচার হতে হবে। আমরা নিরপরাধ— সে যে দলেরই হোক, তাদের দেশে বসবাস করার অধিকার আছে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে। সরকারের উচিত সব নাগরিকের নিরাপত্তা দেয়া। এখানে কোনো পার্থক্য করা যাবে না। যারা দেশের খেয়ে দেশের ক্ষতি করবে, তাদের ছাড় দেয়া যাবে না।
দেশের ১৮ কোটি মানুষের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, আওয়ামী লীগসহ সব দল দেশের আইনশৃঙ্খলা রক্ষা করে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের আওতায় রাজনীতি করতেই পারে। কিন্তু দেশের ভেতর ও বাইরে থেকে দেশের ক্ষতিকারক বক্তব্য দিয়ে জ্বালাও-পোড়াওয়ের কথা বলে খুন হত্যার পথ ধরে কেউ রাজনীতি করার অধিকার রাখে না। আওয়ামী লীগ ও তার দোসররা সরেজমিন যে মিছিল-মিটিং করার দুঃসাহস দেখাচ্ছে, তা মেনে নেয়া যায় না। এ ব্যাপারে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, প্রয়োজনে সামরিক বাহিনীকে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে কোনো দুর্বলতার সুযোগ নেই।
দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভূমিকা আরো জোরালো হওয়া দরকার। পুলিশ বিভাগে এখনো স্বৈরাচারের আমলের অনেক সদস্য রয়ে গেছে। যারা দেশের প্রতি দরদ পোষণ করে তাদেরকেই বিভিন্ন থানা বা প্রতিষ্ঠানে পদায়ন করতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। মনে রাখতে হবে গত ১৭ বছরে যারাই পুলিশ বাহিনীতে যোগ দিয়েছে তাদের দেশ দরদি সম্পর্কে দলীয় ভাবমূর্তি থাকতেই পারে। তাদের রেখে সঠিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানাগুলো সঠিকভাবে চালাতে পারবেন বলে আমাদের মনে হয় না। ফ্যাসিবাদের লোকেরা দেশের সব জায়গায় এখনো বলবৎ আছে। কিছুদিন পূর্বে সেক্রেটারিয়েটে বড় পদোন্নতি হয়েছে, তাদের মধ্যেও অনেকে ফ্যাসিবাদের লোক আছে বলে পত্রপত্রিকায় এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সজাগ হতে হবে। কারণ দীর্ঘদিনের জঞ্জাল হঠাৎ করেই পরিষ্কার করা যাবে না।
ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতায় ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী-এমপিদের গ্রেফতার করা শুরু হয়েছে। আমরা আবার বলবো, দেশের কোনো নিরপরাধ নাগরিক যেন হয়রানিতে না পড়ে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থার ওপর আমরা আস্থা রাখি, তাদের দায়িত্ব দিলে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করা কোনোভাবেই অসুবিধা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রীকে আসলে এই মন্ত্রণালয়ে সময় দিতে হবে। আমাদের দেশে কর্মজীবীরা আসলেই দক্ষ, অভিজ্ঞ এবং কাজের প্রতি আগ্রহী। এদের কাজ এবং তদারকি করলে অবশ্যই অনুকূল ফল পাওয়া যাবে।
সকালে ওষুধ কিনতে দোকানে দেখা হলো একজন পথচারীর সাথে। তিনি ওষুধের দোকানির সাথে কথা বলছেন। তারাও দেশের কথা ভাবে বলেই আমার মনে হলো। দেশে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা ঘটছে; বিশেষ করে থানা পোড়ানোটাকে তারা খুবই গুরুত্ব দিয়ে বললেন, একটা থানায় ২০-২৫ জন পুলিশ থাকে। সেখানে যদি মব করে কয়েকশ’ লোক আসে, তবে তাদের কিছু করার থাকে না। তাই থানা পোড়ানোয় এলাকার আইনশৃঙ্খলা আরো অবনতি হয়েছে। তারা আমাকে বিষয়টি ওপরের লোকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে বললেন।
আসলেই কোনো কোনো এলাকার লোকেরা নিত্যদিনের বাজারঘাট করতেও বের হতে ভয় পাচ্ছে। দোকানপাটও অনেকটাই বন্ধ করে রাখছে। অনেক এলাকায় সেখানে সরকারকেই বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে ইউএনও-ওসিসহ এলাকার এমপিসহ সরকারি ও বিরোধীদলের নেতাদের নিয়ে কমিটি করে এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। কমিটি কাজ শুরু করলেই এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক হয়ে যাবে। আওয়ামী সন্ত্রাসীরা কোনোভাবে বিশৃঙ্খলা করতে পারবে না।
প্রধানমন্ত্রীকে তার দলের লোকরা— যারা আওয়ামী ও ভারতপন্থী বলে পরিচয় দিতে ভয় পায় না, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দ্বিধা করা যাবে না। কারণ ইতোমধ্যেই প্রায় ৭০% লোক কিন্তু গণভোটে দেশের প্রতি অকুণ্ঠ সমর্থন করেছে। আবার বিএনপি ও আমাদের প্রায় সব এমপি দেশদরদি বলেই আমি মনে করি। কারণ দীর্ঘদিন ঢাকায় অবস্থান করার কারণে এবং ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে সব দলের লোকদের সাথেই আমার পরিচয় আছে, তাই ভারতপন্থী লোক খুবই কম এবং তার প্রমাণ ভারতের হাসপাতালগুলোয় বাংলাদেশিদের এখন আর ভিড় নেই। তাদের হোটেলগুলোও ফাঁকা পড়ে আছে। অন্যদিকে ভারতীয় পণ্যও বাংলাদেশে এখন কম চলে।
তাই ভয়ের কোনো কারণে নেই। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান দেশ চালালে এবং বিরোধীদলকে কাছে রাখলে দেশ ৫ বছর ভালো চালানো যাবে। ভারতে নিজের দেশের মোদি সরকর বিপদে আছে। তাই আমাদের দাবি-দাওয়ার কোনো ছাড় নেই ভারতের কাছে। আমরা গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য হিস্যা চাই। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত তার কোনো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারছে না। আমরা ভারতের কাছে কোনোভাবেই নির্ভরশীল নই। তাদের ছাড়াই আমরা চলতে পারব— এ মানসিকতা রাখতে পারলেই প্রতিবেশী হিসেবে তারা আমাদের সাথে সম্পর্ক রাখতে বাধ্য হবে।
লেখক : সাবেক সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ই-মেইল : rnabi1954@gmail.com