সংঘাতের আড়ালে ক্ষমতার সমীকরণ
১৯ নভেম্বর ২০২৬ ১৩:১০
বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কেবল বিএনপি, জামায়াত, এনসিপি কিংবা নিষিদ্ধ আওয়ামী লীগের পারস্পরিক অবস্থান নয়; বরং এর চেয়েও গভীর প্রশ্ন হলো— রাষ্ট্রের নিয়ন্ত্রণ, রাজনৈতিক বৈধতা, প্রশাসনের আনুগত্য, বিরোধী শক্তির ভবিষ্যৎ কৌশল এবং ডিসেম্বরকে কেন্দ্র করে সম্ভাব্য রাজনৈতিক মেরুকরণ। প্রকাশ্যে সরকার আইনশৃঙ্খলা রক্ষা, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতার কথা বললেও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে পাঁচটি অন্তর্নিহিত রাজনৈতিক প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।
প্রথমত, শেখ হাসিনার ডিসেম্বরকেন্দ্রিক সম্ভাব্য প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা এবং সরকারের নিরাপত্তা প্রস্তুতি নতুন করে আলোচনায় এসেছে। দ্বিতীয়ত, বিএনপির জাতীয় ঐক্যের উদ্যোগের আড়ালে বিরোধীদলগুলোর সঙ্গে নতুন রাজনৈতিক সমঝোতা ও ক্ষমতার ভারসাম্য তৈরির চেষ্টা কতটা সফল হবে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তৃতীয়ত, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা, রাজনৈতিক নিরপেক্ষতা এবং মাঠপর্যায়ে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রশ্ন সামনে এসেছে। চতুর্থত, বিএনপি ও জুলাইয়ের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে মতপার্থক্য বাড়ছে। জাতীয় ঐক্যের উদ্যোগের মধ্যেই এই বিরোধ ভবিষ্যতে নতুন রাজনৈতিক মেরুকরণের ভিত্তি তৈরি করতে পারে।
পঞ্চমত, নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সক্ষমতা, দেশে-বিদেশে অবস্থানরত নেতাদের যোগাযোগ, অর্থায়নের সম্ভাব্য উৎস এবং রাজনৈতিক প্রত্যাবর্তনের কৌশল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এসব ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের পাশাপাশি স্বাধীনভাবে যাচাইযোগ্য প্রমাণের গুরুত্বও অপরিসীম।
সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন তিনটি সমান্তরাল প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছে— রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা, রাজনৈতিক বৈধতা অর্জন এবং ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণ নির্ধারণ। ডিসেম্বরের ঘটনাপ্রবাহ এই তিন প্রতিযোগিতার গতিপথে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু : শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ঘোষণাকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গত ১০ নভেম্বরের রয়টার্স ও গার্ডিয়ানের প্রতিবেদনেও বিষয়টি আন্তর্জাতিক রাজনৈতিক আলোচনায় এসেছে। হাসিনার বক্তব্য অনুযায়ী, তিনি প্রয়োজনে গ্রেফতার হওয়ার ঝুঁকি নিয়েও দেশে ফিরতে চান। অন্যদিকে বাংলাদেশ সরকার জানিয়েছে, বিষয়টি প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের বিষয়েও আইনি ও প্রশাসনিক জটিলতা রয়েছে।
এ-সংক্রান্ত তথ্যের আড়ালে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ— প্রত্যাবর্তনের ঘোষণা কি বাস্তব প্রত্যাবর্তনের প্রস্তুতি, নাকি আওয়ামী লীগের নিষ্ক্রিয় কর্মীদের পুনরায় সংগঠিত করার রাজনৈতিক কৌশল? ভারত কি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নতুন কোনো কূটনৈতিক অবস্থান নেবে? আওয়ামী লীগের প্রবাসী নেতৃত্ব কি ডিসেম্বরকে কেন্দ্র করে দেশে-বিদেশে সমন্বিত কোনো কর্মসূচি হাতে নিতে চাইছে? সরকার কি এই ইস্যুকে কেন্দ্র করে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারবে, নাকি বিরোধীদলগুলোর সঙ্গে নতুন বিরোধ তৈরি হবে?
হাসিনার প্রত্যাবর্তন এখন কেবল একজন গণহত্যার দায়ে পালিয়ে যেতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রশ্ন নয়। এটি আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ, ভারত-বাংলাদেশ সম্পর্ক এবং বর্তমান সরকারের রাজনৈতিক বৈধতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে।
বিএনপি-জামায়াত-এনসিপি : নতুন জাতীয় ঐক্য?
গত ১৭ নভেম্বর মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় জামায়াত ও এনসিপির একটি অংশ বিএনপির সঙ্গে মাঠে ঐক্যবদ্ধ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী। তবে তারা প্রধানমন্ত্রী বা সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের কোনো আনুষ্ঠানিক আহ্বানের অপেক্ষায় রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সংসদে বা রাষ্ট্রীয় মঞ্চে এ ধরনের আহ্বান জানানো হলে জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ইতিবাচক সাড়া আসতে পারে বলেও সংশ্লিষ্ট নেতারা ইঙ্গিত দিয়েছেন।
এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো— জামায়াত ও এনসিপি কেবল আওয়ামী লীগবিরোধী অবস্থানই তুলে ধরছে না; তারা একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কারের প্রশ্নটিও সামনে রাখছে।
এখানে দুই ভিন্ন এজেন্ডার টানাপড়েন রয়েছে। বিএনপির লক্ষ্য হলো— সরকার পরিচালনা, আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। আর জামায়াত-এনসিপির লক্ষ্য হলো— জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের ওপর চাপ বজায় রাখা।
এখানে অন্তর্নিহিত প্রশ্ন হলো— আওয়ামী লীগবিরোধী এই ঐক্য কি শেষ পর্যন্ত রাষ্ট্র সংস্কারের প্রশ্নে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ঐকমত্যে রূপ নেবে, নাকি কেবল একটি নির্দিষ্ট প্রতিপক্ষকে মোকাবিলার সাময়িক জোটে সীমাবদ্ধ থাকবে? এখানেই ভবিষ্যতের বিএনপি-জামায়াত সম্পর্কের প্রকৃত পরীক্ষা নিহিত।
গোপালগঞ্জ কি একটি স্থানীয় ঘটনা, নাকি রাষ্ট্রীয় কর্তৃত্বের পরীক্ষা?
গত ১৫ নভেম্বর গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল, সংঘর্ষ, ভাঙচুর ও উত্তেজনার পর সরকার সেখানে প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সর্বশেষ প্রশাসনিক পদক্ষেপ হিসেবে— গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে; ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে; পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে; উদ্ভূত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের দুটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নাশকতা ও সরকারি স্থাপনায় হামলার আশঙ্কার কথা জানিয়েছে।
সরকারি সূত্রের বরাতে প্রকাশিত তথ্যানুযায়ী, সরকার কঠোর অভিযান চালালে আওয়ামী লীগ সেটিকে রাজনৈতিক নিপীড়নের প্রমাণ হিসেবে আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারে— এমন আশঙ্কার কথাও বিবেচনায় রাখা হচ্ছে। ফলে সরকার একদিকে কঠোর অবস্থান দেখাতে চাইছে; অন্যদিকে বড় ধরনের প্রাণহানি বা রাজনৈতিক ফাঁদ এড়িয়ে চলার কৌশল নিয়েছে।
এখানে অনুসন্ধানের জায়গা হলো— গোপালগঞ্জে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা, নাকি গোয়েন্দা তথ্য মূল্যায়নে ঘাটতি ছিল? জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার কি নিয়মিত প্রশাসনিক রদবদল, নাকি কেন্দ্রীয় সরকারের অসন্তুষ্টির বহিঃপ্রকাশ? দেশের অন্যান্য জেলায় আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগ কতটা সক্রিয়? নিষিদ্ধ দলের কর্মসূচি মোকাবিলায় আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপেক্ষতা কতটা বজায় থাকবে?
আর মূল প্রশ হলো— সরকার কি কেবল রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করছে, নাকি রাষ্ট্রের সামগ্রিক আইন প্রয়োগের সক্ষমতা প্রতিষ্ঠা করছে? দুটি বিষয় মোটেও এক নয়।
প্রশাসনের ভেতরে নতুন শুদ্ধি অভিযান?
রাজনীতির সবচেয়ে কম আলোচিত কিন্তু অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্র হলো— প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের ঘটনার পর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রত্যাহার এবং চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের উপকমান্ডার ও পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের খবর সামনে এসেছে। তার বিরুদ্ধে বিগত দিনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ এবং সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা বিচারিকভাবে প্রতিষ্ঠিত হওয়া এখনো বাকি।
এ ঘটনাগুলো থেকে কিছু অনুসন্ধানী প্রশ্ন তৈরি হয়— বিগত সরকারের সময় নিয়োগ ও পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নীতি কী? প্রশাসনে রাজনৈতিক প্রভাবমুক্তির নামে নতুন কোনো রাজনৈতিক আনুগত্য প্রতিষ্ঠিত হচ্ছে কি? গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য যাচাই এবং নীতিনির্ধারকদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের মধ্যে কতটা দূরত্ব রয়েছে? পুলিশ ও প্রশাসনের মধ্যে পেশাদারত্ব এবং প্রাতিষ্ঠানিক নিরপেক্ষতা নিশ্চিত করার কোনো কার্যকর নীতিমালা প্রণীত হয়েছে কি?
এক্ষেত্রে সতর্কতাও প্রয়োজন— যেন কোনো নির্দিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বা আইনি পদক্ষেপকে পুরো প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখা সমীচীন হবে না। বরং মামলা, অভিযোগপত্র, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নিরপেক্ষভাবে যাচাই করতে হবে।
বিএনপির ভেতরের রাজনীতি : ক্ষমতা পেয়েও সাংগঠনিক অস্বস্তি
বিএনপি বর্তমানে এক জটিল দ্বৈত চ্যালেঞ্জের মুখে রয়েছে। একদিকে দলটি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালন করছে; অন্যদিকে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিস্তৃত সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করতে হচ্ছে। ফলে সরকার পরিচালনা ও দলীয় ব্যবস্থাপনার মধ্যে ভারসাম্য রক্ষা দলটির জন্য বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে উঠেছে।
ইউএনবির এক প্রতিবেদনে বিএনপির অভ্যন্তরীণ কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের চিত্র উঠে এসেছে। এর মধ্যে রয়েছে স্থানীয় পর্যায়ে নেতৃত্বের তীব্র প্রতিযোগিতা ও কোন্দল, নতুন কমিটি গঠন নিয়ে তৃণমূলের অসন্তোষ ও বিশৃঙ্খলা, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন। পাশাপাশি সরকারের নীতিনির্ধারণী দায়িত্বে থাকা নেতাদের সঙ্গে দলীয় সাংগঠনিক দায়িত্বে থাকা নেতাদের সমন্বয়ের ঘাটতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক মিত্রদের সঙ্গে নতুন সম্পর্কের সমীকরণ তৈরি করাও বড় চ্যালেঞ্জ।
এসব সমস্যার রাজনৈতিক তাৎপর্য কেবল সাংগঠনিক সীমাবদ্ধতায় আটকে নেই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ও দল পরিচালনার কর্তৃত্ব একসঙ্গে সামলাতে গিয়ে বিএনপির ভেতরে নতুন কোনো ক্ষমতাকেন্দ্র তৈরি হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। বিশেষ করে মন্ত্রিসভা, সংসদীয় নেতৃত্ব, দলীয় স্থায়ী কমিটি এবং তৃণমূলের প্রভাবশালী নেতাদের মধ্যে ক্ষমতার ভারসাম্য কেমন থাকছে, তা ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া ক্ষমতায় আসার পর সুবিধাভোগী নতুন নেতৃত্বের উত্থান এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের প্রত্যাশার মধ্যে সংঘাত তৈরি হলে দলীয় ঐক্য দুর্বল হতে পারে। অন্যদিকে সাংগঠনিক পুনর্গঠনে কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর নিয়ন্ত্রণ স্থানীয় পর্যায়ে অসন্তোষ বাড়াতে পারে।
সব মিলিয়ে বিএনপির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা হলো— রাষ্ট্র পরিচালনার সাফল্যকে সাংগঠনিক সংহতিতে রূপান্তর করা এবং ক্ষমতার অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা।
জুলাই সনদ : রাজনৈতিক সমঝোতা থেকে বাস্তবায়নের সংঘাত
বিএনপি, জামায়াত ও এনসিপির সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে ‘জুলাই সনদ’ এবং রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি একটি কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠতে পারে। জাতীয় ঐক্যের আলোচনা যত এগোবে, রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার বাস্তবায়নের চাপও তত বাড়বে। বিশেষত নির্বাচনের আগে সংস্কারের প্রশ্নে যেসব রাজনৈতিক সমঝোতা তৈরি হয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর সেগুলোর বাস্তবায়ন কতটা হচ্ছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
এক্ষেত্রে তিনটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। প্রথমত, সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনের কোন প্রস্তাবগুলো সরকার অগ্রাধিকার দেবে এবং সেগুলো বাস্তবায়নে কতটা রাজনৈতিক সদিচ্ছা দেখাবে। দ্বিতীয়ত, উচ্চকক্ষ গঠন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি এবং জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে সরকার, বিএনপি, জামায়াত ও এনসিপির অবস্থান কী দাঁড়ায়। তৃতীয়ত, নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি কতটা অর্জিত হয়।
বিশেষ করে পিআর পদ্ধতি ও উচ্চকক্ষ গঠনের প্রশ্ন বিএনপি এবং জামায়াত-এনসিপির মধ্যে রাজনৈতিক দূরত্ব বাড়াতে পারে। অন্যদিকে সংস্কার বাস্তবায়নে সরকারের বিলম্ব বা অনীহা বিরোধীদলগুলোর মধ্যে নতুন রাজনৈতিক ঐক্যের ভিত্তিও তৈরি করতে পারে।
বিরোধীদলগুলোর অভিযোগ যদি হয় যে সরকার ক্ষমতায় গিয়ে সংস্কারের গতি মন্থর করেছে, তাহলে জাতীয় ঐক্যের উদ্যোগের মধ্যেই নতুন রাজনৈতিক বিরোধের সূত্রপাত হতে পারে। তবে এই বিরোধ সংঘাতের দিকে যাবে, নাকি সংসদীয় ও সাংবিধানিক আলোচনার মাধ্যমে সমাধান হবে, তা অনেকাংশে নির্ভর করবে সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও সমঝোতার সক্ষমতার ওপর।
অতএব আগামী দিনের রাজনীতিতে দলগুলোর ক্ষমতার সমীকরণের পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়নই হবে রাজনৈতিক আস্থা ও ঐক্যের অন্যতম প্রধান পরীক্ষা।
ভারত-বাংলাদেশ সম্পর্ক : হাসিনা ইস্যুর বাইরে ভূরাজনৈতিক হিসাব
শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন প্রশ্নে ঢাকা-দিল্লির সম্পর্ক আবারও আঞ্চলিক কূটনীতির গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বাংলাদেশের অবস্থান স্পষ্ট— প্রত্যর্পণ চুক্তি ও প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। ভারতও বিষয়টিকে আইনগতভাবে বিবেচনার কথা বলেছে। তবে আইনি প্রক্রিয়ার পাশাপাশি এর সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক, নিরাপত্তা স্বার্থ এবং আঞ্চলিক ভূরাজনীতির হিসাব-নিকাশ।
এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে নয়াদিল্লি শেষ পর্যন্ত কতটা কূটনৈতিক নমনীয়তা দেখাবে? প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি বাধ্যবাধকতা, ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনা এবং বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কের স্বার্থের মধ্যে দিল্লি কীভাবে ভারসাম্য তৈরি করবে? ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক ও প্রবাসী নেতাদের রাজনৈতিক তৎপরতা, যোগাযোগের নেটওয়ার্ক এবং সম্ভাব্য সাংগঠনিক কর্মকাণ্ডের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী হবে?
আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে। এসব ক্ষেত্রে ভারতের ভূমিকা কতটা নিরপেক্ষ থাকবে, সেটিও পর্যবেক্ষণের বিষয়।
মূলত ঢাকা-দিল্লি সম্পর্ক এখন ব্যক্তি বা দলকেন্দ্রিক সমীকরণ অতিক্রম করে রাষ্ট্রীয় স্বার্থের ভিত্তিতে পুনর্গঠনের পরীক্ষার মুখে। অন্তর্বর্তী সরকারের সময়কার সম্পর্কের অভিজ্ঞতা এবং নির্বাচিত সরকারের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার ধরন এক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। সীমান্ত নিরাপত্তা, বাণিজ্য, পানিবণ্টন, জ্বালানি, আঞ্চলিক যোগাযোগ ও নিরাপত্তা সহযোগিতার মতো বিষয়গুলোও নতুন সম্পর্কের ভিত্তি নির্ধারণ করবে।
প্রশ্ন হচ্ছে— দিল্লি কি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করে পারস্পরিক আস্থা ও সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেবে, নাকি পুরোনো রাজনৈতিক নির্ভরতার সমীকরণ দুই দেশের সম্পর্কে নতুন টানাপড়েন তৈরি করবে?
অর্থনীতির চাপ : রাজনীতির বাইরে সরকারকে চাপে ফেলতে পারে
রাজনৈতিক স্থিতিশীলতা কেবল বিরোধীদল নিয়ন্ত্রণ কিংবা রাজপথের কর্মসূচি মোকাবিলার ওপর নির্ভর করে না; বরং অর্থনীতি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, ব্যাংকিং খাত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও সরকারের রাজনৈতিক স্থায়িত্ব বহুলাংশে নির্ভরশীল। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সাধারণ মানুষের অসন্তোষ বাড়িয়ে সরকারের জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কর্মসংস্থানের সংকট, শিল্প খাতে বিনিয়োগের স্থবিরতা এবং শ্রমিক অসন্তোষ দ্রুত রাজনৈতিক আন্দোলনে রূপ নিতে পারে। বিশেষত তরুণদের কর্মসংস্থান প্রত্যাশা পূরণে ব্যর্থতা সরকারের জন্য দীর্ঘমেয়াদি রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
অন্যদিকে ব্যাংকিং খাতের দুর্বলতা, খেলাপি ঋণ, আমানতকারীদের আস্থার সংকট এবং আর্থিক খাতে অনিয়ম মোকাবিলায় ব্যর্থতা সরকারের অর্থনৈতিক প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। পাশাপাশি চাঁদাবাজি, দখলদারত্ব, সংঘাত, মব সহিংসতা ও রাজনৈতিক প্রতিহিংসা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর জনআস্থায় সংকট তৈরি করতে পারে। ফলে সরকারের সামনে মূল চ্যালেঞ্জ হবে রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পাশাপাশি অর্থনৈতিক স্বস্তি, কর্মসংস্থান, আর্থিক খাতে শৃঙ্খলা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা। এসব ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি না এলে আপাত রাজনৈতিক স্থিতিশীলতাও দীর্ঘমেয়াদে নড়বড়ে হয়ে উঠতে পারে।
আগামী ৩০ দিনের রাজনৈতিক পর্যবেক্ষণ কালপঞ্জি
আগামী ৩০ দিন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ ও নতুন মেরুকরণের সম্ভাবনা তৈরি করতে পারে। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর ঘোষিত কর্মসূচি, মাঠপর্যায়ে জনসমাগম, নেতাকর্মীদের উপস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি বিশেষভাবে পর্যবেক্ষণ করতে হবে। নভেম্বরের শেষ সপ্তাহে সংসদীয় অধিবেশন কিংবা রাজনৈতিক ফোরামে শীর্ষনেতাদের বক্তব্য, জাতীয় ঐক্যের আহ্বান এবং দলগুলোর পারস্পরিক প্রতিক্রিয়া রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিতে পারে।
ডিসেম্বরের প্রথমার্ধে রাজনৈতিক সভা-সমাবেশ, বিজয় দিবসের প্রস্তুতি এবং দলগুলোর শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে রাজপথের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি হতে পারে। বিশেষ নজর থাকবে সরকার ও বিরোধীদলের কৌশলগত অবস্থান, পাল্টাপাল্টি কর্মসূচি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর।
এছাড়া ডিসেম্বরজুড়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ইস্যু রাজনৈতিক আলোচনার কেন্দ্রে থাকতে পারে। এক্ষেত্রে ভারতের কূটনৈতিক অবস্থান, প্রত্যর্পণ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া, দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রস্তুতি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের বিষয়। সব মিলিয়ে আগামী এক মাসে রাজনীতির গতিপথ নির্ধারণে রাজপথ, সংসদ ও কূটনীতি— তিনটি ক্ষেত্রই বিশেষ গুরুত্ব পাবে।
প্রশাসনের প্রকৃত ক্ষমতাকেন্দ্র কোথায়?
এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— সরকার, রাজনৈতিক নেতৃত্ব, আমলাতন্ত্র, পুলিশ ও গোয়েন্দা সংস্থার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের বাস্তব কাঠামো এবং চেইন অব কমান্ড কতটা কার্যকর? আওয়ামী লীগের সাংগঠনিক নেটওয়ার্ক কতটা সক্রিয় এবং দেশে-বিদেশে অবস্থানরত নেতৃত্ব, অর্থায়নের উৎস, গোপন যোগাযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমের সাইবার তৎপরতার মধ্যে বাস্তব সমন্বয় কতটুকু? গোয়েন্দা সংস্থার দাবি ও স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্যের মধ্যে ব্যবধান কোথায়?
একইসঙ্গে বিএনপি-জামায়াতের দীর্ঘমেয়াদি রাজনৈতিক সম্পর্ক কোন দিকে যাচ্ছে? জাতীয় ঐক্যের আড়ালে কি কোনো স্থায়ী রাজনৈতিক সমঝোতা তৈরি হচ্ছে, নাকি এটি ডিসেম্বরকেন্দ্রিক সাময়িক কৌশলগত অবস্থান? জুলাইয়ের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভাজন কেন বাড়ছে এবং এর প্রভাব ভবিষ্যৎ রাজনীতিতে কতটা পড়বে?
আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনৈতিক অগ্রাধিকারও গুরুত্বপূর্ণ। ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইউরোপীয় ইউনিয়ন ও আঞ্চলিক শক্তিগুলো বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজেদের স্বার্থ কীভাবে সুরক্ষিত করছে? তাদের কূটনৈতিক তৎপরতা, অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা সহযোগিতা ও রাজনৈতিক যোগাযোগের মধ্যে কোন শক্তির প্রভাব বাড়ছে, আর কোন পক্ষ কৌশলগতভাবে পিছিয়ে পড়ছে— আগামী দিনের রাজনীতি বুঝতে এসব প্রশ্নের উত্তর জরুরি।