বাংলাদেশের লাভ-ঝুঁকি কতটা?
৩ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৯
॥ ফারাহ মাসুম ॥
মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন একটি নিরাপত্তা সমীকরণ তৈরি হচ্ছে। গত ৭ আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি এখন ঘোষণার পর্যায় পেরিয়ে বাস্তব কাঠামো তৈরির দিকে এগোচ্ছে। গত ৩১ সোমবার আগস্ট ইস্তাম্বুলে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের অংশগ্রহণে চুক্তির প্রথম কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আলোচনায় ছিল সামরিক সক্ষমতা, আন্তঃবাহিনী সমন্বয়, প্রতিরক্ষা প্রযুক্তি ও উৎপাদনে সহযোগিতা এবং ভবিষ্যৎ কাঠামো। এতে ৭টি দেশের জোটে অন্তর্ভুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
এই ৭ দেশের গুরুত্বপূর্ণ একটি দেশ হতে পারে বাংলাদেশ। ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে মক্কা জোটের সদস্য নয়। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের সরকারি অবস্থান ক্রমেই ইতিবাচক হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংসদে বলেছেন, আমন্ত্রণ এলে বাংলাদেশ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও জানিয়েছেন, জোটে যোগদানে ঢাকা আপাতত কোনো ঝুঁকি দেখছে না এবং অন্যান্য অংশীদারের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অব্যাহত থাকবে।
ফলে প্রশ্নটি এখন আর শুধু ‘বাংলাদেশ যোগ দেবে কি না’— এত সরল নেই। বরং প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কী ধরনের শর্তে যোগ দেবে, এতে তার কৌশলগত স্বাধীনতা কতটা অক্ষুণ্ন থাকবে এবং এই সিদ্ধান্তে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার সম্পর্ক কীভাবে পুনর্নির্ধারিত হতে পারে?
মক্কা জোট আসলে কী? : মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সমষ্টিগত প্রতিরক্ষা। অর্থাৎ তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে অন্য সদস্যদের ওপরও হামলা হিসেবে বিবেচনা করার নীতি গ্রহণ করা হয়েছে। কাঠামোগতভাবে এটি ন্যাটোর আর্টিক্যাল ৫-এর সঙ্গে তুলনীয় হলেও জোটটির নিজস্ব রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতা রয়েছে। সৌদি আরবের রয়েছে বিপুল আর্থিক ও প্রতিরক্ষা ব্যয়ক্ষমতা; তুরস্কের রয়েছে দ্রুত বিকাশমান প্রতিরক্ষা শিল্প, ড্রোন ও সামরিক প্রযুক্তির সক্ষমতা; আর পাকিস্তানের রয়েছে দীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা। তিন দেশের সমন্বয় তাই কেবল রাজনৈতিক প্রতীক নয়, সঠিকভাবে প্রাতিষ্ঠানিক রূপ পেলে এটি একটি উল্লেখযোগ্য নিরাপত্তা কাঠামোয় পরিণত হতে পারে।
তবে এর ভবিষ্যৎ এখনো পুরোপুরি নির্ধারিত নয়। গত ৩১ আগস্টের ইস্তাম্বুল বৈঠকের অন্যতম লক্ষ্যই হচ্ছে এই চুক্তিকে বাস্তবায়নের রূপরেখায় নিয়ে যাওয়া। আর এখানেই বাংলাদেশের সম্ভাব্য সদস্যপদের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
কেন বাংলাদেশকে গুরুত্ব দেওয়া হচ্ছে? : বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মুসলিম অধ্যুষিত রাষ্ট্র। প্রায় ১৮ কোটি মানুষের দেশটির রয়েছে বঙ্গোপসাগরে কৌশলগত অবস্থান, বিশাল শ্রমবাজার এবং দ্রুত সম্প্রসারিত অর্থনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ। মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও বহুমাত্রিক। সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোয় বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মরত। ফলে ঢাকা যদি মক্কা জোটে যুক্ত হয়, সেটি শুধু সামরিক সহযোগিতা হবে না; মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি নতুন কৌশলগত সেতুও তৈরি করতে পারে।
বাংলাদেশের আগ্রহের বিষয়টি ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। তবে এখন পর্যন্ত পূর্ণ সদস্যপদ চূড়ান্ত হয়নি। অর্থাৎ ঢাকা এখন এমন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে সদস্য হওয়ার আগেই সদস্যপদের শর্ত নির্ধারণ করার সুযোগ রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য ১০ লাভ
১. প্রতিরক্ষা আধুনিকায়নে নতুন দরজা : মক্কা জোটে প্রবেশের সবচেয়ে প্রত্যক্ষ সুবিধা হতে পারে বাংলাদেশের প্রতিরক্ষা আধুনিকায়ন। তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়লে ড্রোন, নজরদারি ব্যবস্থা, নৌ-প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, আকাশ প্রতিরক্ষা ও মানুষবিহীন ড্রোন সিস্টেমের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের উচিত হবে শুধু অস্ত্র কেনার পরিবর্তে প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া।
২. তুরস্কের প্রতিরক্ষা শিল্পে প্রবেশ : তুরস্ক বর্তমানে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলে গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিতে পরিণত হয়েছে। বাংলাদেশ যদি মক্কা জোটের সদস্য হয়, তুরস্কের সঙ্গে সামরিক প্রযুক্তি ও উৎপাদন সহযোগিতাকে বহুপক্ষীয় কাঠামোর সঙ্গে যুক্ত করা সহজ হতে পারে। বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত— অস্ত্র আমদানি নয়, প্রযুক্তি হস্তান্তর।
৩. সৌদি আরবের সঙ্গে সম্পর্কের নতুন স্তর : ঢাকা-রিয়াদ সম্পর্ক দীর্ঘদিন শ্রম, রেমিট্যান্স, ধর্মীয় যোগাযোগ ও বাণিজ্যকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। মক্কা জোট সেই সম্পর্ককে নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতায় উন্নীত করার সুযোগ দিতে পারে। অর্থাৎ শ্রম সম্পর্ক → অর্থনৈতিক অংশীদারিত্ব → কৌশলগত অংশীদারিত্ব।
৪. মধ্যপ্রাচ্যে বাংলাদেশের কূটনৈতিক গুরুত্ব বৃদ্ধি : বাংলাদেশ যদি সৌদি-তুরস্ক-পাকিস্তান কাঠামোর অংশ হয়, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও রাজনৈতিক আলোচনায় ঢাকার উপস্থিতি বাড়বে। বিশেষ করে ভবিষ্যতে মিশর বা অন্য কোনো দেশ যুক্ত হলে জোটটি আরও বিস্তৃত হতে পারে। বাংলাদেশ, মিশর ও ইরানকে ঘিরে সম্ভাব্য সম্প্রসারণের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।
৫. পাকিস্তানের সঙ্গে নতুন নিরাপত্তা সম্পর্ক : বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক সাম্প্রতিক সময়ে উষ্ণ হচ্ছে। মক্কা জোট সেই সম্পর্ককে সামরিক ও কৌশলগত স্তরে নিয়ে যেতে পারে। তবে পাকিস্তান ভারতের কৌশলগত প্রতিদ্বন্দ্বী হওয়ায় এটি একই সঙ্গে লাভ ও ঝুঁকি দুটোর কারণ হতে পারে।
৬. যৌথ প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা : বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মক্কা জোটের আওতায় যৌথ মহড়া, সন্ত্রাসবাদবিরোধী প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, শান্তিরক্ষা প্রশিক্ষণ বাড়ানো গেলে বাংলাদেশ উপকৃত হতে পারে।
৭. বঙ্গোপসাগরের নিরাপত্তা : বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা অঞ্চল বঙ্গোপসাগর। তুরস্কের নৌ-প্রযুক্তি এবং সৌদি অর্থায়ন কাজে লাগিয়ে বাংলাদেশ সামুদ্রিক নজরদারি, উপকূলীয় নিরাপত্তা, মানবহীন সামুদ্রিক ব্যবস্থা এবং পোর্ট নিরাপত্তা বাড়াতে পারে।
৮. প্রতিরক্ষা শিল্পে বিদেশি বিনিয়োগ : এটি হতে পারে সবচেয়ে দীর্ঘমেয়াদি লাভ। বাংলাদেশ যদি সৌদি ও তুর্কি বিনিয়োগকারীদের দিয়ে স্থানীয় প্রতিরক্ষা উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহোল এবং প্রযুক্তিভিত্তিক শিল্প গড়ে তুলতে পারে, তাহলে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা আমদানিনির্ভরতা কমবে।
৯. কূটনৈতিক দরকষাকষির ক্ষমতা বাড়বে : বাংলাদেশের জন্য বহুমুখী অংশীদারিত্ব একটি গুরুত্বপূর্ণ কৌশল। ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান ও ইউরোপের পাশাপাশি সৌদি-তুরস্ক-পাকিস্তান কাঠামোর সঙ্গে ঘনিষ্ঠতা ঢাকার কৌশলগত বিকল্প বাড়াবে। তবে শর্ত হলো— এটি যেন ‘এক জোট ছেড়ে অন্য জোটে যোগ দেওয়া’ হিসেবে দেখা না হয়।
১০. মুসলিম বিশ্বের নিরাপত্তা আলোচনায় ভূমিকা : বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ। মক্কা জোটে যুক্ত হলে মুসলিম বিশ্বের নিরাপত্তা ও প্রতিরক্ষা আলোচনায় বাংলাদেশের একটি নতুন ভূমিকা তৈরি হতে পারে। এটি বিশেষ করে গাজা, মানবিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ, সামুদ্রিক নিরাপত্তা এবং জিইএস শান্তিরক্ষা ইস্যুতে কূটনৈতিক প্রভাব বাড়াতে পারে।
বাংলাদেশের ১০টি ঝুঁকিও রয়েছে
১. কৌশলগত স্বাধীনতা সংকুচিত হতে পারে : বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করে এসেছে। কিন্তু সম্মিলিত প্রতিরক্ষা জোটে যোগ দিলে স্বাভাবিকভাবেই নির্দিষ্ট নিরাপত্তা কাঠামোর সঙ্গে বাংলাদেশের অবস্থান যুক্ত হবে। এখানে মূল প্রশ্ন হলো— বাংলাদেশ কি একটি জোটে থাকবে, নাকি বহু অংশীদারের সঙ্গে স্বাধীনভাবে সম্পর্ক বজায় রাখবে?
২. ভারতের সঙ্গে সম্পর্কের ওপর চাপ : সবচেয়ে বড় ঝুঁকি এখানেই। ভারতের কাছে পাকিস্তান-তুরস্ক-বাংলাদেশের সম্ভাব্য নিরাপত্তা সমীকরণ অত্যন্ত সংবেদনশীল হতে পারে। ঢাকা যদি পাকিস্তানের সঙ্গে একই সম্মিলিত প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হয়, ভারত এটিকে কেবল ধর্মীয় সহযোগিতা হিসেবে নাও দেখতে পারে। এর প্রভাব পড়তে পারে সীমান্ত নিরাপত্তা; গোয়েন্দা সহযোগিতা; প্রতিরক্ষা যোগাযোগ; বঙ্গোপসাগর; আঞ্চলিক কানেক্টিভিটি— এসব ক্ষেত্রে। ভারতের কৌশলগত মহলে মক্কা জোট নিয়ে ইতোমধ্যেই উদ্বেগ ও বিশ্লেষণ শুরু হয়েছে।
৩. ভারত-পাকিস্তান সংঘাতের ছায়া : বাংলাদেশের জন্য সবচেয়ে কঠিন প্রশ্ন হবে— ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত হলে বাংলাদেশের অবস্থান কী হবে? মক্কা জোটের সম্মিলিত প্রতিরক্ষা ধারা যদি বাস্তবে সামরিক বাধ্যবাধকতা তৈরি করে, তাহলে বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা অগ্রাধিকার জটিল হয়ে উঠতে পারে।
৪. যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন হিসাব : যুক্তরাষ্ট্র সরাসরি মক্কা জোটের বিরোধিতা করছে— এমনটি বলা ঠিক হবে না। বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটটিকে ইতিবাচকভাবে দেখেছেন বলে প্রতিবেদন এসেছে। কিন্তু ওয়াশিংটনের মূল প্রশ্ন হবে— জোটটি কি বিদ্যমান মার্কিন নিরাপত্তা কাঠামোর পরিপূরক, নাকি বিকল্প? বাংলাদেশের জন্য এ পার্থক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. ইরান প্রশ্ন : মক্কা জোটের সম্ভাব্য সম্প্রসারণে ইরানের নামও আলোচনায় এসেছে। বাংলাদেশের জন্য এটি কৌশলগত ধাঁধা। ইরান যদি ভবিষ্যতে জোটের অংশ হয়, এক ধরনের সমীকরণ তৈরি হবে। আর যদি ইরান জোটের বাইরে থাকে এবং জোটকে প্রতিপক্ষ হিসেবে দেখে, অন্য ধরনের সমস্যা তৈরি হবে।
৬. সামরিক দায়বদ্ধতা অস্পষ্ট : চুক্তির রাজনৈতিক বার্তা স্পষ্ট হলেও এর পূর্ণ অপারেশনাল আর্কিটেকচার এখনো গড়ে ওঠার পর্যায়ে রয়েছে। গত ৩১ আগস্টের ইস্তাম্বুল বৈঠকের অন্যতম উদ্দেশ্যই হলো বাস্তবায়নের রূপরেখা, সহযোগিতার কাঠামো এবং সম্ভাব্য সেক্রেটারিয়েট নিয়ে আলোচনা করা। এ আলোচনায় রিয়াদে জোটের সদর দফতর প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে।
৭. অর্থনৈতিক ঝুঁকি : বাংলাদেশের অর্থনীতি রপ্তানি ও বৈদেশিক শ্রমবাজারনির্ভর। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, চীন ও জাপানের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অপরিহার্য। তাই কোনো সামরিক জোটে প্রবেশের ফলে যদি বাংলাদেশের ওপর ভূরাজনৈতিক অ্যালাইনমেন্টের ছাপ পড়ে, তার পরোক্ষ অর্থনৈতিক প্রভাব হতে পারে।
৮. অন্যের হুমকি ধারণা বাংলাদেশের ওপর চাপতে পারে : সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ, পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ এবং বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ এক নয়। সৌদি আরবের কাছে উপসাগর ও মধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ; পাকিস্তানের কাছে পশ্চিম সীমান্ত, সন্ত্রাসবাদ ও ভারত; বাংলাদেশের কাছে বঙ্গোপসাগর, সীমান্ত, অর্থনৈতিক নিরাপত্তা ও জলবায়ু ঝুঁকি। তাই প্রশ্ন অন্য সদস্যের নিরাপত্তা অগ্রাধিকার কেন বাংলাদেশের নিরাপত্তা অগ্রাধিকার হবে কিনা?
৯. ‘ইসলামিক ন্যাটো’ পরিচয়ের বিপদ : মক্কা জোটকে যদি ‘ইসলামিক ন্যাটো’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে বাংলাদেশের জন্য ঝুঁকি বাড়বে। কারণ এতে জোটটি প্রতিরক্ষামূলক কাঠামো থেকে ধীরে ধীরে একটি বৃহত্তর ভূরাজনৈতিক ব্লক হিসেবে বিবেচিত হতে পারে। বাংলাদেশের অবস্থান হওয়া উচিত— মুসলিম দেশসমূহের প্রতিরক্ষা সহযোগিতায় হ্যাঁ, কোনো রাষ্ট্রবিরোধী সামরিক ব্লক না।
১০. জোটের ভেতরের স্বার্থের সংঘাত : তিন প্রতিষ্ঠাতা দেশের স্বার্থও এক নয়। তুরস্ক ন্যাটো সদস্য। সৌদি আরব যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। পাকিস্তানের নিজস্ব ভারত ও আফগানিস্তানকেন্দ্রিক নিরাপত্তা বাস্তবতা রয়েছে। তাই জোটের ভবিষ্যৎ অবস্থান সব ইস্যুতে এক হবে— এমন নিশ্চয়তা নেই। বাংলাদেশকে এমন একটি কাঠামোয় প্রবেশ করতে হবে, যেখানে নিজস্ব ভেটো বা অপ্ট-আউট প্রক্রিয়া থাকে।
ভারত কী করবে?
ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া হবে সতর্ক কিন্তু প্রকাশ্যে সংযত। প্রথম পর্যায়ে নয়াদিল্লি পর্যবেক্ষণ করবে। দ্বিতীয় পর্যায়ে ঢাকার সঙ্গে নিরাপত্তা আলোচনা বাড়াবে। তৃতীয় পর্যায়ে ভারত সম্ভবত উপসাগরীয় দেশ, তুরস্ক এবং অন্যান্য অংশীদারের সঙ্গে নিজস্ব কূটনৈতিক যোগাযোগ আরও সক্রিয় করবে।
সবচেয়ে বেশি নজর থাকবে পাকিস্তান-বাংলাদেশ সামরিক সহযোগিতার ওপর। বাংলাদেশের উচিত হবে ভারতকে পরিষ্কার বার্তা দেওয়া— মক্কা জোট ভারতের বিরুদ্ধে নয়।
চীনের হিসাব কী?
চীনের অবস্থান সম্ভবত সবচেয়ে বাস্তববাদী। বেইজিং মক্কা জোটকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় আঞ্চলিক দেশগুলোর ভূমিকা বাড়ার সুযোগ হিসেবে দেখতে পারে। চীনের জন্য এটি উপসাগর, পাকিস্তান, তুরস্ক এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করার একটি নতুন কৌশলগত ক্ষেত্র তৈরি করতে পারে।
বাংলাদেশ যুক্ত হলে চীন দেখতে পারে সৌদি-পাকিস্তান-তুরস্ক-বাংলাদেশ একটি নতুন সংযোগ তৈরি করছে। তবে চীন চাইবে না, এটি চীন বিরোধী জোটে পরিণত হোক। বাংলাদেশের জন্য এটি একটি সুযোগও— চীনকে বোঝানো যে মক্কা জোটে ঢাকার উপস্থিতি কোনোভাবেই বেইজিংবিরোধী নয়।
যুক্তরাষ্ট্রের হিসাব
যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বিষয়টি তিন স্তরে দেখা হতে পারে। প্রথমত, জোটটিতে কি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বোঝা শেয়ার করা হচ্ছে? দ্বিতীয়ত, এটি কি ইরানকে ঠেকাতে ভূমিকা রাখছে? তৃতীয়ত, এটি কি মার্কিন নিরাপত্তা আরকিটেচার এর বিকল্প তৈরি করছে?
প্রথম দুটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ইতিবাচক থাকতে পারে। তৃতীয় ক্ষেত্রে উদ্বেগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। বাংলাদেশ তাই ওয়াশিংটনকে বার্তা দিতে পারে— ঢাকার অংশগ্রহণ প্রতিরক্ষা সহযোগিতার জন্য; কোনো বৃহত্তর পশ্চিমবিরোধী জোটবদ্ধতার জন্য নয়।
তাহলে বাংলাদেশ কী করবে?
এখনই নিঃশর্ত পূর্ণ সদস্যপদ গ্রহণের চেয়ে বাংলাদেশের জন্য একটি ধাপে ধাপে কৌশল বেশি নিরাপদ। প্রথম ধাপ, কৌশলগত সংলাপ— প্রতিষ্ঠাতা তিন দেশের সঙ্গে সরাসরি আলোচনা। দ্বিতীয় ধাপ, পর্যবেক্ষক পার্টনার মর্যাদা— প্রয়োজনে পূর্ণ সদস্য হওয়ার আগে বিশেষ অংশীদার মর্যাদা। তৃতীয় ধাপ, চুক্তির সামরিক ধারা পর্যালোচনা— বিশেষজ্ঞ, সামরিক কর্মকর্তা, কূটনীতিক ও সংসদীয় পর্যায়ে বিশ্লেষণ। চতুর্থ ধাপ, জাতীয় নিরাপত্তা পরিমাপ— ভারত, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইরান, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য প্রতিক্রিয়া মূল্যায়ন। পঞ্চম ধাপ, শর্তসাপেক্ষ সদস্যপদ— বাংলাদেশের জাতীয় স্বার্থ সুরক্ষিত হলে পূর্ণ সদস্যপদ।
আসল প্রশ্ন— এটি কি বাংলাদেশের জন্য নতুন কৌশলগত যুগ? সম্ভবত হ্যাঁ। কারণ বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে দীর্ঘদিন ধরে একটি মৌলিক দর্শন কাজ করেছে— কোনো একটি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা নয়। মক্কা জোট সেই নীতির সঙ্গে সাংঘর্ষিকও হতে পারে, আবার নতুনভাবে ব্যবহার করলে সেটিকে আরও শক্তিশালীও করতে পারে। পার্থক্যটা নির্ভর করবে ঢাকা জোটে কীভাবে প্রবেশ করছে, তার ওপর।
যদি বাংলাদেশ মক্কা জোটকে পাকিস্তানকেন্দ্রিক নিরাপত্তা কাঠামো হিসেবে গ্রহণ করে, তাহলে ভারতীয় উদ্বেগ বাড়বে এবং বাংলাদেশের কৌশলগত পরিসর সংকুচিত হতে পারে। যদি বাংলাদেশ এটিকে সৌদি অর্থনীতি, তুরস্কের প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা এবং মুসলিম বিশ্বের কূটনৈতিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে, তাহলে লাভ অনেক বেশি হতে পারে।
এখানেই বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর ধারণাটি হলো— কঠোর জোটবদ্ধতা ছাড়া জোট। অর্থাৎ জোটে সহযোগিতা থাকবে, কিন্তু কোনো বৃহত্তর ভূরাজনৈতিক ব্লকের অধীনতা থাকবে না।
উপসংহার : ‘হ্যাঁ’ কিন্তু বাংলাদেশের শর্তে
৩১ আগস্ট ২০২৬ তারিখের ইস্তাম্বুল বৈঠক মক্কা জোটের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। তিন প্রতিষ্ঠাতা দেশ এখন চুক্তিকে বাস্তব সামরিক ও রাজনৈতিক কাঠামো দেওয়ার দিকে এগোচ্ছে। একই সময়ে বাংলাদেশও প্রকাশ্যে ইতিবাচক অবস্থান নিয়েছে, যদিও পূর্ণ সদস্যপদ এখনো চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য সবচেয়ে বুদ্ধিমান নীতি হবে সরাসরি ‘হ্যাঁ’ বলা, জোটবদ্ধতার মাত্রা নির্ধারণে দরজা খোলা রাখা। ঢাকার বলা উচিত বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী, কিন্তু একান্ত দ্বিপাক্ষিক কোনো সংঘাতের পক্ষ হতে আগ্রহী নয়। এই একটি নীতিই মক্কা জোটে বাংলাদেশের অংশগ্রহণের ভিত্তি হওয়া উচিত।
বাংলাদেশ চাইতে পারে— তুরস্কের প্রযুক্তি, সৌদির বিনিয়োগ, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা, মুসলিম বিশ্বের কূটনৈতিক সমর্থন; কিন্তু বিনিময়ে দিতে হবে না নিজস্ব পররাষ্ট্রনীতির স্বাধীনতা, ভারতের সঙ্গে বৈরিতা সৃষ্টি হবে না, চীনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব থাকবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক থাকবে এবং নিজের নিরাপত্তা সিদ্ধান্তের সার্বভৌম নিয়ন্ত্রণ বজায় থাকবে।
সুতরাং মক্কা জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান বাংলাদেশের জন্য হতে পারে একটি নতুন বহুমাত্রিক কৌশলগত ভারসাম্য তৈরির পরীক্ষা। সফল হলে ঢাকা দক্ষিণ এশিয়া, উপসাগরীয় অঞ্চল ও বৃহত্তর মুসলিম বিশ্বের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সেতু রাষ্ট্র হয়ে উঠতে পারে। অতএব নীতির সারকথা একটাই— মক্কা জোটে যোগদান-হ্যাঁ। তবে শর্ত থাকবে সহযোগিতা-হ্যাঁ, প্রতিরক্ষা অংশীদারিত্ব-হ্যাঁ, কিন্তু বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা বজায় রেখে।