সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ


২০ জুন ২০২৬ ১৩:০৩

সোনার বাংলা মফস্বল ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ (অনুপ্রবেশ) করানোর প্রতিবাদে দেশের সীমান্তবর্তী জেলাগুলোয় বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য। গত ১২ জুন শুক্রবার কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এসব কর্মসূচি পালন করে এ জোট।
কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গত ১২ জুন শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত পূর্বসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর এডভোকেট মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোবারক হোসেন, এনসিপির কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, এবি পার্টি কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক এবং খেলাফত মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মাওলানা আব্দুল কাদের জামাল। কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল এবং কাউন্সিলর মোশাররফ হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক এডভোকেট সিরাজুল হক, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নাছির আহম্মেদ মোল্লা, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, এবি পার্টি কুমিল্লা মহানগরী সভাপতি জি এম সামদানি, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম এবং দক্ষিণ জেলা সভাপতি খাইরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
মৌলভীবাজার জেলা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলতলা বাজারে গত ১২ জুন শুক্রবার বাদ জুমা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলতলা ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুল হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. আজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব রুমেল আহমদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন (সুরমান), উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার মোস্তাকিম আলী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. তারেক মিয়া।
এ সময় স্থানীয় জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক, যুব, ছাত্র, উলামা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
যশোর (বেনাপোল)
বাংলাদেশ-ভারত সীমান্তে অব্যাহত সীমান্ত হত্যা, ভারত কর্তৃক পুশইন কার্যক্রম এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপতৎপরতার প্রতিবাদে যশোরের বেনাপোলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন শুক্রবার বিকেলে বেনাপোলের রহমান চত্বরে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আনোয়ার হোসেন।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ও যশোর-১ আসনের সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান। যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাবিবুর রহমান, এনসিপি, এলডিপি, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসসহ ১১ দলের স্থানীয় নেতারা।
বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন শুক্রবার দিনাজপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, জেলা জাগপার আহ্বায়ক ইমরুল কায়েস রুপম, জেলা এনসিপির ভারপ্রাপ্ত সদস্য সচিব একরামুল হক আবীর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন, এডভোকেট মাইনুল আলম, জেলা দক্ষিণ শিবির সভাপতি আবুল কালাম আজাদ, বিরামপুর উপজেলা আমীর হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক এনামুল হক এবং সাবেক জেলা শিবির সভাপতি জাকির হোসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা
ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা মো. মোবারক হোসাইন।
সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আবু ইউসুফ মাহমুদী, শরীফ মু. আব্দুল বাতেন, মো. শিবলী নোমানী, হাফেজ নুরুল আমিন, মাওলানা গোলাম সারোয়ার এবং জাহিদ হাসান মোল্লা। এছাড়া ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতা এস. এম. আজাদ মানিক, জামাল মিয়া, কবির আহমেদ ও মাওলানা আক্তার হোসেনসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কমলগঞ্জ উপজেলা
বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক অব্যাহত সীমান্ত হত্যা এবং ভারত সরকার কর্তৃক কথিত পুশইনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আদমপুর বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গত ১২ জুন শুক্রবার বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্ত হত্যা ও জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তারা দাবি করেন, গত ১০০ দিনে বিএসএফের গুলিতে ১৯ জন বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। সম্প্রতি ভারত সরকার তাদের নাগরিকদের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে বক্তারা এর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মনসুর আলী, কমলগঞ্জ পৌরসভা সভাপতি আব্দুল হাই, এনসিপির উলামা বিভাগের সহ-সভাপতি আবু হানিফা, সেক্রেটারি শফিকুর রহমান, আদমপুর খেলাফত আন্দোলনের নেতাসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তি এবং ১১ দলীয় ঐক্যের প্রায় কয়েকশ’ নেতাকর্মী।
নওগাঁ জেলা
নওগাঁর ধামইরহাট উপজেলায় ভারতীয় পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার আমাইতাড়া বাজার থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক। নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মহিউদ্দীন, এডভোকেট আ. স. ম. সায়েম, মারুফ আহমেদ, কামরুজ্জামান জুয়েল, দেওয়ান মাহবুব সোহাগ, শাহান শাহ চিশতী, আব্দুর রহমান প্রমুখ।
ফেনী জেলা
ফেনীতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে বিএসএফ কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নান। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় বক্তব্য দেন মাওলানা মোজাফ্ফর আহমদ, মাওলানা নাজমুল আলম, ইমাম হোসেন আরমান, হাফেজ আহমদ, ইসমাইল হোসেন এবং আনম আবদুর রহিম। সমাবেশ পরিচালনা করেন এডভোকেট জামাল উদ্দিন ও মো. ইলিয়াস।
খাগড়াছড়ি জেলা
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গত ১২ জুন শুক্রবার বিকেলে মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশগ্রহণ করেন।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এনসিপির জেলা যুগ্ম আহ্বায়ক সাথোআই মারমা, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী এবং অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।
এছাড়া পঞ্চগড়, লালমনিরহাট, গোয়াইনঘাট উপজেলাসহ সীমান্তবর্তী বাকী জেলাগুলোয়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শিবগঞ্জে বিক্ষোভ মিছিল সমাবেশ
ভারতের আগ্রাসন, সীমান্তে পুশইন, সীমান্ত হত্যার প্রতিবাদে শিবগঞ্জে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জুন শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমীর ও চাপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো. কেরামত আলী, এনসিপির জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
ফেনীতে বিক্ষোভ মিছিল
ভারতের বিএসএফ কর্তৃক পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। গত ১২ জুন বিকেলে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। শহীদ মিনারে মিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশ জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া। বক্তব্য দেন খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মোজাফ্ফর আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নাজমুল আলম, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, এনসিপি নেতা হাফেজ আহমদ, বিডিপির জেলা সভাপতি ইসমাইল হোসেন, জেলা জামায়াত নেতা আনম আবদুর রহিম প্রমুখ।