পুশইন চেষ্টা : শত শত ভারতীয়কে ফিরিয়ে দিলো বিজিবি


১০ জুন ২০২৬ ২১:৩৬

স্টাফ রিপোর্টার : গত কয়েকদিন বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন নিয়ে উত্তেজনার মধ্যে সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ৩০টি সীমান্ত জেলায় কয়েকদিনে কয়েকশ’ মানুষকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়ার চেষ্টা চালিয়েছে। বিজিবির কঠের অবস্থানের কারণে তারা ব্যর্থ হয়েছে। তবে কোনো কোনো জায়গায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বিএসএফের কর্মকর্তাদের বাগবিতণ্ডায় লিপ্ত হওয়ার ঘটনাও ঘটেছে।
গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিওতে দেখা যায়, ছোট ছোট দল করে শত শত মানুষকে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে বিএসএফ। এতে মানবিক বিপর্যয় হওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও বিজিবির দেয়া তথ্যানুযায়ী, সত্তর ঘণ্টা, ৪৮ ঘণ্টা ঝড়বৃষ্টি ও প্রখর রোদের মধ্যে খোলা আকাশ ও পানির মধ্যে গর্ভবতী নারী, কোলের শিশু, বয়োজ্যেষ্ঠ পুরুষ ও মহিলাদের কাটাতে হয়েছে। বিএসএফ নাগরিকদের বাংলাদেশি ট্যাগ দিয়ে সীমান্ত পার করে দেয়ার চেষ্টা করছে। খোলা আকাশের নিচে পরিবারের সাথে রোদে পুড়তে থাকা একটি শিশু কাঁদতে কাঁদতে নিজের অসহায়ত্ব ও কষ্টের কথা তুলে ধরে বলেন, সে ভারতের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে।
বাংলাদেশের সীমান্তবর্তী নাগরিক ও বিজিবির তীব্র প্রতিরোধের মুখে কয়েকদিনের পুশইন চেষ্টায় ব্যর্থ হয়ে ৭২ ঘণ্টা পর বেশকিছু নাগরিককে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। পুশইনের জন্য সীমান্তে জড়ো করা নাগরিকরা তীব্র খাবার সংকট ও স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এদিকে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত ও পুশইন ঠেকাতে নজরদারি ও টহল বাড়িয়েছে বিজিবি। এর সাথে যোগ দিয়েছে স্থানীয় জনতা ও আনসার বাহিনী। পালা করে চব্বিশ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছেন তারা।
এসব পুশইন চেষ্টার তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি বিবৃতি দিয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষকে পুশইন চেষ্টা থেকে বিরত থেকে নাগরিকদের পরিচয় শনাক্ত করে কূটনৈতিক চ্যানেলে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জামায়াতের এ নেতা।
এদিকে পুশইন নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত ৮ জুন সোমবার নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ৪ দিনব্যাপী এ সম্মেলন চলবে ১১ জুন পর্যন্ত।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
অপরদিকে বিএসএফ মহাপরিচালকের নেতৃত্বে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কর্মকর্তারা প্রতিনিধিত্ব করছেন।
সাতক্ষীরা সীমান্তে দুজন গুলিবিদ্ধ
সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত এলাকায় গত কয়েকদিনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কলারোয়া, শ্যামনগর ও দেবহাটা উপজেলার কয়েকটি সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নজরদারি বৃদ্ধি করেছে।
গত বুধবার (৩ জুন) ভোর রাত ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত সংলগ্ন বাঁশঝাড়িয়া এলাকায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মো. গোলাম রব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) ও একই গ্রামের মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহিন (২৮)। তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসফ গুলি করেছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রের দাবি, সীমান্তবর্তী এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা
পঞ্চগড় সংবাদদাতা : পঞ্চগড় সদর উপজেলা হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া সীমান্তের নারী ও শিশুসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। বিজিবি ও সাধারণ নাগরিকদের তীব্র প্রতিরোধের মুখে ৭০ ঘণ্টা পর তাদের সরিয়ে নেয় বিএসএফ। গত ৭ জুন রোববার গভীর রাতে ১০ জনকে শূন্য রেখা থেকে ভারতের বিএসএফ বাহিনী সরিয়ে নিয়েছে।
গত ৫ জুন শুক্রবার ভোরে পঞ্চগড় উপজেলা সদরের হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ওই ১০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২৮ জনকে পুশইনের চেষ্টা
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা বিজিবির তৎপরতায় ব্যর্থ হওয়ার পর তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
গত ৩ জুন বুধবার দিবাগত রাতে বাঙ্গাবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা ২৮ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। তবে বিজিবির তাৎক্ষণিক ও কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা সফল হয়নি।
গত ৬ জুন শনিবার সকালে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
নওগাঁ সীমান্তে নারী শিশুসহ ১৭ জনকে পুশইনের অপচেষ্টা
নওগাঁ সংবাদদাতা : নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টায় ব্যর্থ হয়ে নিজ দেশে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গত ৫ জুন শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা তাদের দেশে ফিরিয়ে নেয়। গত ৬ জুন শনিবার সকালে নওগাঁ ব্যাটালিয়ান ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকাল সাড়ে ৭টায় সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তের ২৩৮/এমপি সীমান্ত পিলার দিয়ে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। দীর্ঘ ১৯ ঘণ্টা ধরে এ চেষ্টা অব্যাহত রাখে দেশটির সীমান্তরক্ষী বাহিনী।
লালমনিরহাট সীমান্তে পুশইন চেষ্টা
পাটগ্রাম সংবাদদাতা : গত ৫ জুন থেকে লালমনিরহাট জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বিএসফ নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেয়ার অপচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। বিজিবি ও স্থানীয় বাংলাদেশিরদের কঠোর অবস্থানে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয়। তবে সীমান্তজুড়ে এখন চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
গত এক সপ্তাহে উপজেলার শ্রীরামপুর, জোংড়া, কুচলিবাড়ী, বাউরা এবং দহগ্রাম সীমান্ত এলাকা দিয়ে একাধিকবার পুশইনের চেষ্টা চালিয়েছে বিএসএফ।
মহেশপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি-আনসার-ভিডিপির টহল
মহেশপুর সংবাদদাতা : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে নজরদারি বাড়াতে বিজিবির পাশাপাশি এবার মাঠে নেমেছেন আনসার ও ভিডিপি সদস্যরা।
স্থানীয় সূত্র জানায়, মহেশপুর উপজেলার সীমান্ত এলাকাগুলো সংবেদনশীল হওয়ায় অনুপ্রবেশের ঝুঁকি এড়াতে যৌথ টহল ও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি আনসার-ভিডিপি সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্তের পয়েন্টগুলোতে টহল দিচ্ছেন, সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন।
দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির কঠোর নজরদারি
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে সম্ভাব্য পুশইন প্রতিরোধে কঠোর নজরদারির পাশাপাশি পুশইন প্রতিরোধে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়রাও আমাদের সহযোগিতা করছেন।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে আমি ব্যক্তিগতভাবে জনসচেতনতামূলক সভায় অংশগ্রহণ করেছি। কোম্পানি ও বিওপি কমান্ডারগণও নিয়মিতভাবে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সদস্যরা সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।’
এদিকে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা পর শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নিয়েছে বিএসএফ।
গত ৮ জুন সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান।
তিনি বলেন, শূন্যরেখায় অবস্থানরত ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ফলে বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না।
বেনাপোলে পুশইনের চেষ্টা
যশোর সংবাদদাতা : যশোরের বেনাপোল সীমান্তে বাংলাদেশি পরিচয়ে একদল নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। গত ১ জুন সোমবার পর্যন্ত সীমান্তের শূন্যরেখায় ৮ থেকে ১০ জনের ওই দলটি অবস্থান করেছি। বিজিবির কঠের প্রতিরোধের মুখে তাদের সরিয়ে নেয় বিএসএফ।