পৃথিবীকে বদলাতে হলে উন্নত চরিত্রের অধিকারী হতে হবে-এটিএম আজহারুল ইসলাম এমপি
৭ মে ২০২৬ ০৯:৪৬
রংপুর সংবাদদাতা : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর ছায়ায় দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আশ্রয় দিতে হবে। পৃথিবী আর সমাজ বদলাতে হলে সবার আগে উন্নত চরিত্রের আলোকে নিজেকে বদলাতে হবে। জামায়াতে ইসলামী এ লক্ষ্যে নৈতিক চরিত্রসম্পন্ন সৎ মানুষ গড়ার আন্দোলন করছে। ইসলামী আন্দোলনই আমাদের ঠিকানা। জান্নাতে যাওয়ার পথ সন্ধান করতেই আমরা আখিরাতের সাফল্য অর্জনের লক্ষ্যে জামায়াতে ইসলামী করি।
গত ১ মে শুক্রবার সকালে রংপুর নগরীর স্থানীয় মডেল কলেজ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ভোগে নয়, ত্যাগের মাধ্যমে আমাদের সৎ লোকের শাসন ব্যবস্থা প্রমাণ করতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ র্নিবিশেষে সবার প্রতি ন্যায় ও ইনসাফভিত্তিক আচরণ করতে হবে। আমরা কারো হক নষ্ট করবো না, বরং প্রত্যেকের হক সঠিকভাবে ব্যবহারের সুযোগ করে দেব। আমরা দলীয়করণে বিশ্বাস করি না। এই ভালোবাসা নিয়ে আপামর মানুষ আমাদের ভোট দিয়েছে এবং রংপুরের ৬টি আসনেই র্নিবাচিত করেছে।
তিনি বলেন, শহীদের রক্ত যেখানে ঝড়েছে, সেখানেই ইসলামের বিজয় হয়েছে। বিগত ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের জুলুমের শাসনে আমাদের ১১ জন কেন্দ্রীয় নেতাকে বিচারের নামে প্রহসন করে ফাঁসিতে ঝুলিয়ে মিথ্যা মামলায় হত্যা করা হয়েছে। সেই জুলুমের বিপরীতে রক্তের স্রোতেই জনগণের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন আজ জামায়াতকে এই বিজয় দিয়েছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরীর আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শিক্ষাশিবিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন, সাবেক কুড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনোয়ারুল হক কাজল ও সহকারী সেক্রেটারী আল আমিন হাসান, রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক বক্তব্য দেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি ঐ দিন বিকেলে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা এলাকায় নিজ বাসভবনে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। বদরগঞ্জ উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে এটিএম আজহারুল ইসলাম এমপি গত ২ মে শনিবার বিকেলে বদরগঞ্জ মডেল হাইস্কুল অডিটরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ এবং বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর জেলা শাখা সভাপতি অধ্যাপক হাফিজুর রহমান। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির, উপজেলা নায়েবে আমীর শাহ্ মুহাম্মদ রুস্তম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মিনহাজুল ইসলাম, আদর্শ শিক্ষক ফেডারেশন বদরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক বক্তব্য দেন।
শিক্ষক সমাবেশে এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ইসলাম শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই আমাদের শিক্ষার্থীদের উত্তম শিক্ষা দিতে হবে। তিনি বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। এজন্য শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ দিয়ে শিক্ষা দিতে হবে।