হাসপাতাল-পুলিশের টালবাহানায় টাঙ্গাইলে ধর্ষিতার ফরেনসিক হয়নি তিন দিন পর মামলা
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৩৫
গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : হাসপাতাল ও পুলিশের সমন্বয়হীনতা এবং টালবাহানার কারণে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক ধর্ষিতা নারীর ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হয়নি। ঘটনার তিন দিন পর পুলিশ সুপারের হস্তক্ষেপে গত ১৯ এপ্রিল রোববার দুপুরে গোপালপুর থানায় ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। মামলার বাদী ভুক্তভোগীর মা হামিদা বেগম।
সরেজমিনে জানা যায়, উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের সুজনবাড়ী গ্রামের ভুক্তভোগী একজন বুদ্ধিপ্রতিবন্ধী নারী। কয়েক বছর আগে দিনমজুর বাবা মারা গেছেন। পরিবারে তার এক ভাই ও এক বোনও বুদ্ধিপ্রতিবন্ধী। মা কৃষিকাজ করে সংসার চালান।
গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশের বোরো ক্ষেতে কাজে গেলে একই গ্রামের মালয়েশিয়াপ্রবাসী আব্বার আলী (৫৩) তাকে ফুঁসলিয়ে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গত ১৭ এপ্রিল শুক্রবার লোকমুখে ঘটনার কথা শুনলেও কোনো লিখিত অভিযোগ না থাকায় এবং হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে না জানানোয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, পুলিশের উপস্থিতি ছাড়া ধর্ষিতার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন করা যায় না। তিন দিন পর মামলা নেওয়ার বিষয়ে তিনি জানান, ভুক্তভোগী ও তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ ব্যস্ত ছিল।