ইব্রাহীম মণ্ডল-এর কবিতা
বৈশাখ
১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৯
হে বৈশাখ।
প্রকৃতির দুরন্ত রূপ
দীপ্ত শপথে এসো।
এসো প্রলয়ের ঝান্ডা হাতে
বজ্র হুঙ্কারে কাঁপন ধরিয়ে দাও
তামাম তাগুতি অশুভ শক্তির।
আধিপত্যবাদী হিংস্র দালাল লুটেরাদের
প্রচণ্ড ঝড়ে তছনছ করে দাও
জরাজীর্ণ পাপ-তাপ পূর্ণ ধরা
হতাশাকৃষ্ট দানবের আবাস।
তোমার লোহিত কণিকায় ফুঁসে উঠুক
ক্ষিপ্ত তেজে লড়ায়ের পাগলা ষাঁড়ের মতো।
হানো আঘাত নিমক হারাম পিশাচ
দখলদারিত্বের মণ্ডুতে।
ভীরু কাপুরুষের বুকে জাগুক সাহস।
মুষল ধারায় ধুয়ে যাক জীবনের গ্লানি,
তোমার অস্থির মাতাল হাওয়ায় পবিত্র
হয়ে উঠুক সবুজ জমিন,
হোক আবাদ মানবতার।
জাগুক নতুন প্রাণের স্পন্দন,
মরা শুকনো ডালে গেয়ে উঠুক
নতুন স্বপ্নের জীবনের জয়গান॥