ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক

সোনার বাংলা অনলাইন
৫ এপ্রিল ২০২৬ ২১:০০

আমীরে জামায়াত ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি

 

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান আজ ৪ এপ্রিল এক শোক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, আজ ৪ এপ্রিল দুপুর ১টার দিকে কদমতলীতে এক গ্যাস লাইটার কারখানায় আগুন লেগে এই বিবৃতি লেখা পর্যন্ত ৩ জন নারীসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ২ জন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমি এই হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবার-পরিজনের শোক কখনোই পূরণ হওয়ার নয়। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং আহত ও নিহতদের শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আমীরে জামায়াত বলেন, অবৈধ ও ঝুঁকিপূর্ণ কারখানা গড়ে ওঠার কারণে এমন দুর্ঘটনা বারবার ঘটছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা ও যথাযথ তদারকির অভাবের কারণেই এ ধরনের প্রাণহানি ঘটছে।

আমি অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আমি আহতদের সর্বোচ্চ চিকিৎসা এবং নিহত ও আহতদের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে অবৈধ কারখানাগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিল্পকারখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।- তারিখঃ ৪ এপ্রিল ২০২৬ খ্রি.

বিবৃতি

জামায়াতে ইসলামী

সম্পর্কিত খবর