আদর্শভিত্তিক ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তোলার কোনো বিকল্প নেই : অধ্যাপক আহসান উল্লাহ
১ এপ্রিল ২০২৬ ১০:১১
আসন্ন ত্রৈবার্ষিক সম্মেলনের মাধ্যমে শ্রমিক কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মন্তব্য করেছেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের উদ্যোগে কেন্দ্রীয় ত্রৈবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
অধ্যাপক আহসান উল্লাহ বলেন, ত্রৈবার্ষিক সম্মেলন একটি সংগঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে সাংগঠনিক মূল্যায়ন, নতুন নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, এই সম্মেলন শ্রমিকদের অধিকার আদায় ও কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করবে।
তিনি আরও বলেন, শ্রমিক সমাজ আজও নানা বঞ্চনা ও বৈষম্যের শিকার। এই বাস্তবতায় একটি সুসংগঠিত, আদর্শভিত্তিক ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তোলার কোনো বিকল্প নেই। সম্মেলনের মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সম্মেলন সফল করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে সম্মেলন সফল হবে এবং সংগঠন আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে।
এস এম লুৎফর রহমান বলেন, ত্রৈবার্ষিক সম্মেলনকে সফল করতে হলে প্রতিটি থানা ও সেক্টরের দায়িত্বশীলদের সমন্বিত ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, এই সম্মেলন সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে এবং শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।
তিনি আরও বলেন, সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্বের বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং শ্রমিক কল্যাণমূলক কর্মসূচির বিস্তৃতি ঘটবে। শ্রমিক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।