পাটগ্রামে পৌর জামায়াতের আমীর সোহেল রানা গ্রেফতার


২৬ মার্চ ২০২৬ ২১:২০

অনতিবিলম্বে মুক্তি দাবি

পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানাকে গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার দ্রুত মুক্তি দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
তিনি বলেন, ‘২০১৩ ও ২০১৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও পুলিশের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বর্তমান সরকারের আমলে একজন সক্রিয় রাজনৈতিক নেতাকে গ্রেফতার করার ঘটনা দুঃখজনক। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী মতের নেতাকর্মীদের এভাবে হয়রানি করা দুঃখজনক এবং ন্যায়বিচারের পরিপন্থী। ফ্যাসিবাদ আমলের মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানাকে গ্রেফরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
মাওলানা আবদুল হালিম পাটগ্রাম পৌর জামায়াতের আমীর সোহেল রানাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে মুক্তি দাবি করেন। গত ২৪ মার্চ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মাওলানা হালিম বলেন, ২০১৩ সালে আওয়ামী লীগ ও পুলিশের যৌথ আক্রমণে নিহত জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীর হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তৎকালীন পুলিশ প্রশাসন উল্টোভাবে ঐ সময়কার শহীদের পিতাসহ জামায়াত নেতা সোহেল রানার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছিল। পাটগ্রামের পুলিশ আজ দুপুরে জামায়াত নেতা সোহেল রানাকে বর্তমান ক্ষমতাসীন দলকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, গত ২২ মার্চ রাত ৮টার দিকে পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট এলাকায় ছাত্রশিবিরের কর্মী মো. সাকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে অতর্কিতভাবে হামলা করে মারাত্মক আহত করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পুলিশ অপরাধীদের গ্রেফতার না করে উল্টো পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারাত্মকভাবে আহত সাকিবকে গ্রেফতার করে। তার পিতাসহ কয়েকজন থানায় মামলা করতে গেলে তাদেরও গ্রেফতার করে জেলহাজতে পাঠায় পুলিশ। পুলিশ কতটা দলীয় লেজুড়বৃত্তি করলে এমন ঘটনা ঘটতে পারে, তা সহজেই অনুমেয়।
আওয়ামী ফ্যাসিস্ট আমলের মতো রাজনৈতিক হয়রানিমূলক কার্যক্রম থেকে বিরত থেকে দল নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জামায়াতের এই নেতা।
উল্লেখ্য, গ্রেফতার জামায়াত নেতাকে আদালতে তোলা হলে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে জামায়াতের এ নেতাকে গ্রেফতার করায় তাৎক্ষণিক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে পাটগ্রাম উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। মিছিল পরবর্তী সমাবেশের বক্তব্য রাখেন লালমনিরহাট জেলার সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমান, পাটগ্রাম উপজেলা আমীর হাফেজ শোয়াইব আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।