সকলকে সাথে নিয়ে সাতক্ষীরার অধিকার আদায়ের অঙ্গীকার ৪ জয়ী প্রার্থীর


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৪

আবু সাইদ বিশ্বাস, সাতক্ষীরা : সাতক্ষীরার সবকটি আসনে জয় পাওয়ার পর শুকরানা নামাজ আদায় করে সাতক্ষীরাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলার চারটি আসনে জয় পাওয়া সংসদ সদস্যরা। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কাছ থেকে ফলাফল গ্রহণের পর অভিমত ব্যক্ত করেন প্রথমবারের মতো সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জয় পাওয়া জামায়াতের নেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বড় ব্যবধানে জয় পাওয়া মুহাদ্দিস আবদুল খালেক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ) আসনে জয় পাওয়া হাফেজ মুহাম্মদ রবিউল বাসার এবং বার বার নির্বাচিত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জয় পাওয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ সময় তারা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নতুন সাতক্ষীরা বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
তালা কলারোয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ তাকে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও অভিনন্দন জানিয়ে বলেন, তাদের মোবারকবাদ যারা সাতক্ষীরার চারটি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। চাঁদা ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নিয়ে আমরা মাঠে নেমেছিলাম, সেটা আমরা করবো। আমরা আগামী দিনে সাতক্ষীরার মানুষের ওপর হয়রানি হোক, জুলুম হোক এটা যাতে আর না হয় আমরা সে ব্যাপারে ব্যবস্থা নেব।
তিনি বলেন, একটি মডেল সাতক্ষীরা গড়ে তুলতে জেলা প্রশাসককে রূপরেখা তৈরি করতে বলেছি। তিনি দ্রুত সময়ের মধ্যে স্বপ্ল ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে সাতক্ষীরা সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, জনতার স্নেহ, মায়া, মমতা ও ভালোবাসাকে সাথে নিয়ে আল্লাহর কৃপায় আমাদের চারজন প্রতিনিধিকে নির্বাচিত করায় জনগণকে আমরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে উদ্দেশ্য নিয়ে জনগণ আমাদের নির্বাচিত করেছেন আমরা যেন সেই উদ্দেশ্য সমাধান করে নতুন একটা সাতক্ষীরা গড়তে পারি।
সাতক্ষীরা-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বলেন, সাতক্ষীরাবাসী আমাদের নির্বাচিত করায়, বিশেষ করে দেবহাটা ও কালিগঞ্জবাসীর কাছে আমরা ‘চির ঋণী’। আমরা সাতক্ষীরাবাসীর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করছি। একই সাথে দুর্নীতিমুক্ত জেলা গড়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
সাতক্ষীরা-৪ আসনের বারবার নির্বাচিত এমপি গাজী নজরুল ইসললাম তাকে নির্বাচিত করায় শ্যামনগর তথা উপকূলবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, সমগ্র সাতক্ষীরার উন্নয়নে যেখানে যা ত্রুটি বিচ্যুত অসুবিধা আছে, সকল পেশিশক্তির মোকাবিলা, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা সুন্দর সাতক্ষীরা গড়ার জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ। অবকাঠামো, রাস্তাঘাটের উন্নয়ন এবং সকল দিক থেকে আমরা চেষ্টা করবো যাতে করে সাতক্ষীরাকে আমরা একটা উন্নয়নের রোলমডেল হিসেবে তৈরি করতে পারি।
সাতক্ষীরা জামায়াতের পক্ষে চার জন্য সংসদ সদস্য নির্বাচিত করায় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, দলমত নির্বিশেষে কে আমাদের ভোট দিয়েছেন আর কে দেননি সে প্রশ্ন আমাদের কাছে মুখ্য নয়। তিনি বলেন, সকলকে নিয়ে ৫৪ বছরের পিছিয়ে পড়া অধিকারবঞ্চিত সাতক্ষীরার অধিকার আদায়ের ব্যাপারে আমাদের সংসদ সদস্যগণ সম্মিলিতভাবে প্রয়াস চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ।