গাজীপুরের রাবাব ফ্যাশন বন্ধ ঘোষণা, অবস্থান কর্মসূচিতে শ্রমিকরা
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৩
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে রাবাব ফ্যাশন ইন্ডাস্ট্রি লিমিটেড নামের একটি পোশাক কারখানা কর্তৃপক্ষ হঠাৎ বন্ধ ঘোষণা করায় অবস্থান কর্মসূচি শুরু করেছেন শ্রমিকরা।
শ্রমিকদের দাবি, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের ফলে সাত শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন এবং পবিত্র রমজান মাস শুরু আগে তারা বকেয়া বেতন পরিশোধসহ কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।
গাজীপুর নগরের গাছা থানার কলমেশ্বর এলাকায় অবস্থিত কারখানাটির সামনে গত ১৮ ফেব্রুয়ারি বুধবার সকাল ৮টার দিকে লে-অফসংক্রান্ত একটি নোটিশ টানানো হয়। পরে শ্রমিকেরা কারখানা খোলার দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।
কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপকের (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) সই করা নোটিশে বলা হয়েছে, কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও নানা প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমেছে, অনেক অর্ডার বাতিল হয়েছে। একই কারণে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এবং প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ১৮ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে।
লে-অফ চলাকালে শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন।
কারখানার শ্রমিকরা জানান, প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত শতাধিক শ্রমিক চলতি মাসের ১৮ তারিখ পেরিয়ে গেলেও গত মাসের বেতন পাননি। সামনে রোজা ও ঈদ। এ অবস্থায় পরিবার নিয়ে সংসার চালানো নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।
এ বিষয়ে জানতে কারাখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।