রাসূলের প্রেমে এক মুমিনের স্মৃতিচারণ
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১২
আব্দুস সাত্তার সুমন
রাতের আকাশে চাঁদ যেন কারো অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নক্ষত্রগুলো মৃদু ঝিলিক দিয়ে জানিয়ে দিচ্ছে। এখনো পৃথিবীতে কিছু মানুষ আছে, যাদের হৃদয় একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেমে ভিজে থাকে।
বরিশালে ছোট্ট একটি গ্রামে বাস করতেন যুবক আব্দুস সালাম। বয়সে তরুণ হলেও তার হৃদয়ের ভেতর ছিল অদ্ভুত এক স্নেহ, যা কেবল একজনের জন্য- প্রিয় নবীজী (সা.)। আব্দুস সালাম কখনো রাসূলুল্লাহ (সা.)-কে চোখে দেখেননি। তবুও তিনি মনে করতেন, যেন প্রতিদিন নবীজীর সান্নিধ্যে আছেন।
শৈশব থেকেই তার অভ্যাস ছিল, নামাজ শেষে রাসূলুল্লাহ (সা.)-কে সালাম দেওয়া এবং কান্নার ভেতর প্রার্থনা করা।
‘হে আল্লাহ! আমি তাঁকে কখনো দেখিনি, তবুও যেন তাঁর প্রেমে বেঁচে থাকতে পারি। কিয়ামতের ময়দানে যেন তাঁর পাশে দাঁড়াতে পারি।’
একদিন গ্রামের বয়স্ক আলেম একটি হাদিস শোনালেন-
‘যে ব্যক্তি আমাকে ভালোবাসবে অথচ কখনো আমাকে দেখেনি, সে হবে আমার প্রকৃত উম্মত।’
শোনার পর থেকেই আব্দুস সালামের হৃদয় কেঁপে উঠল। তার ভেতর যেন নতুন আলো জ্বলে উঠল।
দিন কেটে যেতে লাগল। আব্দুস সালাম যখন ইসলামে কাজে দাওয়াত দিতে যেতে! তখন হাওয়ার শব্দে মনে হতো, এ যেন নবীজীর কণ্ঠস্বর। যখন আকাশে চাঁদ উঠত, তখন সে ভাবত এ চাঁদও তো একদিন নবীজীর মুখমণ্ডল দেখেছিল। এমনকি পুকুরে পানি আনতে গেলেও সে আবেগে বলত, ‘এই পানি হয়তো একদিন তাঁর হাত স্পর্শ করেছে।’
কখনো সে রাসূলের প্রেমের স্মৃতিচারণ করে- মনের কথাগুলো কবিতার আকারে লিখে রাখে স্মৃতির পাতায় :
বিশ্বনবীর আগমনে খুশি জগদ্বাসী,
অন্তর দিয়ে নবী তোমায় আমরা ভালোবাসি। পূরণ করি সেই চয়নে ধারণ করি বুঝে,
হাদিস-কুরআন মর্মমতে ভালো করে খুঁজে।
তোমার উম্মত হয়ে আমি শুকর গুজার করি,
রেখে যাওয়া সুন্নাহগুলো আকড়ে মোরা ধরি।
প্রতিদিন হয় যেন ঈদে মিলাদুন্নবী সর্বক্ষণে লালন,
সোমবার থেকে বৃহস্পতি রোজা রেখে পালন।
রেখে যাওয়া উজ্জ্বল দিশা বেদাত মুক্ত গড়ি,
সঠিক পথকে খুঁজে খুঁজে ফরজ কায়েম করি।
মানুষ তাকে বলত ‘তুমি অতিরিক্ত ভাবুক, অতিরিক্ত প্রেমময়।’
কিন্তু আব্দুস সালামের জবাব ছিল শান্ত।
‘আমি প্রেমিক নই, আমি মুমিন। একজন মুমিনের হৃদয় নবীজীর প্রেম ছাড়া পূর্ণ হয় না।’
বৃদ্ধ বয়সে এসে এক রাতে আব্দুস সালাম স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখতে পেল- দূরে সাদা পোশাকে উজ্জ্বল এক মুখমণ্ডল এগিয়ে আসছে। তাঁর মুখে হাসি, চোখে রহমতের ঝলকানি। তিনি বললেন,
‘আব্দুস সালাম’ তুমি আমাকে কখনো দেখোনি, তবুও আমার প্রেমে জীবন কাটালে। আজ আমি তোমাকে চিনলাম। কিয়ামতে তুমি আমার সাথে থাকবে।’
স্বপ্ন থেকে জেগে উঠে আব্দুস সালামের চোখ অশ্রুতে ভিজে গেল, ঠোঁট কাঁপতে লাগল, আর তার জবান থেকে শুধু একটি বাক্য বের হলো- ‘ইয়া রাসূলাল্লাহ (সা.), আমি সফল, আমি সফল।’
এরপর থেকে গ্রামের মানুষ তাকে এক নতুন নামে ডাকতে লাগল ‘প্রেমিক মুমিন’। যখন কেউ আব্দুস সালামের কবরের পাশে এসে দাঁড়ায়, তখন বাতাসে কেমন এক মিষ্টি স্নিগ্ধ ভালোবাসা ভেসে বেড়ায়… যেন রাসূল (সা.)-এর প্রেম এখনো তার চারপাশে ছড়িয়ে আছে।