উন্নয়নে বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালুই হবে আমার অগ্রাধিকার -ড. হামিদ আযাদ
৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্যপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে বেড়িবাঁধ সংস্কার ও ফেরিঘাট চালু করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। উপকূলীয় এ জনপদের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে এসব অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।
গত শনিবার (২৪ জানুয়ারি) কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ড. হামিদ আযাদ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্বল ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কার্যকর ফেরিঘাট ব্যবস্থা না থাকায় মানুষের যাতায়াত, পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
ড. হামিদ আযাদ আরও বলেন, বেড়িবাঁধ সংস্কার মানে শুধু উপকূল রক্ষা নয়, এটি মানুষের জীবন, সম্পদ ও জীবিকার সুরক্ষা। আর ফেরিঘাট চালু হলে যোগাযোগ সহজ হবে, অর্থনীতি চাঙ্গা হবে এবং এ অঞ্চলের সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে।
তিনি জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে আধুনিক ও দীর্ঘস্থায়ী বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ ফেরিঘাট চালু এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। এক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার এবং তাদের মদদপুষ্ট আধিপত্যবাদী গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, গোটা দেশবাসী নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। রাজনৈতিক দলসহ সকল স্টেকহোল্ডার নির্বাচনের জন্য তৎপর। এ অবস্থায় যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হয় তাহলে দেশ এবং দেশের মানুষ তা প্রতিহত করবে। তিনি আরও বলেন, নির্বাচন সঠিক সময়ে না হলে দেশের জন্য যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবেÑ এটা আগামী দিনের বাংলাদেশ গড়া, দেশ এবং জনগণ এতদিন জুলুম নির্যাতিত হয়েছিল, গণতন্ত্র ব্যাহত হয়েছিলো, স্বৈরতন্ত্র এবং কর্তৃত্ববাদ কায়েম হয়েছিলো, এটা পুনরায় ফিরে আসবে। এজন্য সরকার জনগণ এবং নির্বাচন কমিশনকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় বড়ঘোপ ইউনিয়ন সেক্রেটারি শামসুল আলমের সঞ্চালনায় এবং আহমদ নূরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।