ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের আমরা ছেড়ে দেব না : ডা. তাহের
৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৪২
কুমিল্লা সংবাদদাতা : ফ্যামিল কার্ডকে ভুয়া বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি উল্লেখ করেন, ‘প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ডকে বেইআইনি বলেছেন। যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। এগুলা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন।’
তিনি আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দেবে না।
কুমিল্লা-১১ আসনে ডা. তাহেরের নির্বাচনী এলাকায় গত শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মতপ্রকাশের স্বাধীনতা যেমন থাকবে, তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন।
জনসভায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সাবধান হয়ে যান। অতীত থেকে শিক্ষা গ্রহণ করুন। তাদেরকে ভালো হয়ে যাওয়ার আহ্বান করবো। যারা শয়তানি করে তাদের মারবেন না। ধরে পুলিশে দিন। ভোট প্রদানে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তাদেরকে আমরা ছেড়ে দিব না।
সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহিদ, উপজেলা জামায়াতে আমীর মু. মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন। জনসভায় সভাপতিত্ব করেন শিল্পপতি মহিউদ্দিন ভুঁইয়া নইম ও সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ।