মানবিক রাষ্ট্র ও দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণে আদর্শ শিক্ষার ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ -মো. মোবারক হোসাইন


২৭ নভেম্বর ২০২৫ ১৬:৩৫

ইসলামে শিক্ষা শুধু জ্ঞানার্জন নয়, এটি আত্মশুদ্ধি, ন্যায়পরায়ণতা ও আমানতের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার মাধ্যম। আদর্শ শিক্ষাই মানুষকে সত্য ও ন্যায়ের পথে স্থির রাখে, যা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার ভিত্তি। গত সোমবার (২৪ নভেম্বর) বিকালে মোহাম্মদপুর (মধ্য) থানা জামায়াতের উদ্যোগে শ্যামলী প্রিন্স রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘আদর্শ শিক্ষক সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে মো. মোবারক হোসাইন এসব কথা বলেন।
তিনি বলেন, কুরআন-হাদিসে শিক্ষা ও চরিত্র গঠনের প্রতি যে তাগিদ এসেছে, তা বাস্তবে প্রয়োগ করতে পারলেই মানবিক রাষ্ট্র গঠন সহজ হবে। তার বক্তব্যে উপস্থিতদের মাঝে নৈতিক জাগরণ ও সামাজিক দায়িত্ববোধের নতুন উদ্দীপনা সৃষ্টি হয়।
আদর্শ শিক্ষক সমাবেশে উপস্থিত সম্মানিত শিক্ষকমণ্ডলীর উদ্দেশে প্রধান অতিথি ঢাকা-১৩ আসনের জননেতা মো. মোবারক হোসাইন বলেন, এ সমাজে আপনারাই হলেন আদর্শ জাতি গড়ে তোলার জন্য প্রধান কর্ণধার। তাই আপনাদের বিভিন্ন ‘দাবি-দাওয়া’ নিয়ে কখনো রাস্তায় যেতে হবে কেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এ দেশে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্রই আপনাদের সকল চাওয়া এবং পাওয়া পূরণ করবে, ইনশাআল্লাহ ।
মহানগরী মজলিসে শূরা সদস্য ও মোহাম্মদপুর থানা মধ্য-এর আমীর মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে আদর্শ শিক্ষক সমাবেশে প্রধান অতিথি আরও বলেন, আমাদের এ সমাজে শিক্ষার গুরুত্ব না থাকার কারণেই প্রতিনিয়ত সমাজে অন্যায় ও অবিচার বেড়ে চলছে, সাথে চলছে কিশোর গ্যাংয়ের বিশাল বিস্তার। প্রধান অতিথি মো. মোবারক হোসাইন বলেন, একটি পূর্ণাঙ্গ ইসলামী জীবন ব্যবস্থাই পারে একটি পূর্ণাঙ্গ মানবিক রাষ্ট্র ও কিশোর গ্যাংমুক্ত সমাজ উপহার দিতে। ঢাকা-১৩ আসনের জননেতা মো. মোবারক হোসাইন দৃঢ়কণ্ঠে বলেন, আমরা যদি একটি মানবিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা পাই, সেক্ষেত্রে শিক্ষা খাতে সর্বোচ্চ দৃষ্টিগোচর করবো, ইনশাআল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি ঢাকা-১৩ আসনের নির্বাচনী পরিচালক ডা. মো. শফিউর রহমান বলেন, একটি সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকাই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আন্তরিক হবেন বলে আমি বিশ্বাস করি।
আদর্শ শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট আজহার মুন্সী, মহানগরী মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমীর মো. আব্দুল আওয়াল আজম, জৈনপুরী পীর সাহেব হযরত মাওলানা মাহবুবুর রহমান, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ড. মইনুদ্দীন চৌধুরী, মহম্মদ সাজেদুল হক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদপুর গার্লস হাই স্কুল, কিং খালেদ স্কুল এন্ড কলেজের সাবেক প্রিন্সিপাল এবিএম শামসুদ্দিন, কলেজের সাবেক প্রিন্সিপালসহ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।