আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই : ফখরুল ইসলাম
৬ নভেম্বর ২০২৫ ২০:৪৩
আবদুল বাছেত মিলন, সিলেট : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো মূল্য নেই। যে সংস্কারের জন্য চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা জীবন দিয়েছেন এক বছরেও এর বাস্তবায়ন না হওয়া জাতির জন্য দুঃখজনক। তিনি বলেন, জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণে প্রতিশ্রতিবদ্ধ। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে আসছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে জুলাই শহীদদের মর্যাদা রক্ষা ও তাদের আত্মত্যাগ সফল হবে। আগামী নির্বাচনে পরিবর্তনের জন্য দাঁড়িপাল্লার বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গত শুক্রবার (৩১ অক্টোবর) রাতে সিলেট মহানগরীর জালালাবাদ থানার ৩৯নং ওয়ার্ডের পীরপুর ইউনিট জামায়াতের উদ্যোগে সিলেট-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সমর্থনে মতবিনিময় সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম বলেন, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী একজন মানবিক নেতা। তিনি সবসময় মানবতার কল্যাণে কাজ করে আসছেন। তাঁর মতো সৎ, যোগ্য, মেধাবী ও আলেমকে জনপ্রতিনিধি নির্বাচিত করলে সিলেটের চেহারা পাল্টে যাবে। জনগণ তাদের নাগরিক অধিকার ফিরে পাবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হবে। একটি বৈষম্যহীন মডেল সিলেট প্রতিষ্ঠার পথ সুগম হবে।
এলাকার প্রবীণ মুরুব্বি মাস্টার আব্দুল হান্নানের সভাপতিত্বে, জামায়াত নেতা মু. আব্দুল্লাহ ও আবু বকরের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জালালাবাদ থানা আমীর মাওলানা আলা উদ্দিন, শাবিপ্রবি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।