ঝাড়ুদারের ১০ মাসের বেতন জটিলতা
৩১ জুলাই ২০২৫ ১৫:১৩
কেশবপুর (যশোর) সংবাদাদাতা : যশোরের কেশবপুরে সরকারি খাদ্য গুদামে মাস্টাররোলে ঝাড়ুদারের চাকরি করেন দেবলা দাসি। গত ১০ মাস যাবত ফান্ড না থাকায় তাকে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে চাকরি করতে হয়েছে। সরকারিভাবে ফান্ড চালু হওয়ার পর গুদাম কর্মকর্তা তার নাম বেতনশিটে পাঠালেও তার ভাগ্যে বেতন মেলেনি। তার নামে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন করে নেয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম শামীম হোসেন বলেন, তার চাকরি নাই, তার বয়স হয়েছে, তার বেতন অন্য লোককে দিয়ে দেয়া হয়েছে, একজনের বেতন অন্য জনকে স্বাক্ষর ছাড়া উত্তোলন করা যায় কিনা? জানতে চাইলে তিনি বলেন, আমি চন্দনা দাস নামে একজনকে চাকরি দিয়েছি। ঠিক এভাবে কথা বলেন তিনি। অপরদিকে গুদাম কর্মকর্তার অফিস সূত্র জানায়, কাকে নিয়েছে, তা তারা জানেন না। বেতন শিট দেবলা দাসির নামে করা হয়েছে। দেবলা দাসি জানান, স্বামী দুলাল মণ্ডলের মৃত্যুর পর থেকে তিনি গোডাউনে কাজ করে আসছেন, তার কোনো সন্তান নেই। তিনি তার প্রাপ্য বেতন না পেলে কীভাবে জীবন চালাবেন, তা তিনি ভেবে ব্যাকুল। এ বিষয়ে তিনি ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের সদয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।