বগুড়ার খবর


৫ জুলাই ২০২৫ ০৮:৩৬

কৃষক লীগ নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুট
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুরে বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে কহিতকুল মৎস্যজীবী সমিতির নামে সরকারি লিজকৃত পুকুরটির মালিকানা দাবি করে উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুসের নেতৃত্বে হামলা চালিয়ে পুকুরের পাড়ে থাকা ঘর, পুকুরের ওপরের নেট, খাদ্য ছিটানোর নৌকা ভাঙচুর, জাল ফেলে কিছু মাছ ধরাসহ ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে ১৭ জনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার অভিযোগ ও কহিতকুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ নূর মোহাম্মদ নান্নুর সাথে কথা হলে তিনি জানান, উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল মৌজার ১নং খাস খতিয়ানভুক্ত ২২৫ দাগের সরকারি জলমহাল ইজারার তালিকাভুক্ত ১ একর ৯০ শতাংশের রাধু পুকুরটি প্রায় ২০ থেকে ২৫ বছর যাবত সরকারিভাবে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। গত ২৬ জুন সকাল ৭টায় মোহাসিন আলী, মিজানুর রহমান ও আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী লোহার রড, বাটাম, বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে পুকুরের পাড়ে থাকা ঘর, পুকুরের ওপরে থাকা নেট ও খাদ্য দেওয়ার নৌকা ভাঙচুর করে। পরে জোরপূর্বক জাল ফেলে কিছু মাছ তুলে নেয়। পুকুরের পাহারাদার কছিম উদ্দিন বাধা দিলে তাকে মারধর করে ও মেরে ফেলার হুমকি দেয় এবং পুকুরে চাষ করা সকল মাছ তুলে নিয়ে যাবে বলে শাসিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সরকারি ইজারাভুক্ত পুকুর মালিকানা দাবি করার সুযোগ নেই। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ এসএম মঈনুদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা শোনার পরপরই ফোর্স পাঠিয়েছিলাম। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বগুড়ায় অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
বগুড়ার শেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের দিনব্যাপী অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ২৯ জুন রোববার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিক খান।
গত ২৮ জুন শনিবার পরিচালিত অভিযানে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘন, অনুমোদনহীন কার্যক্রম এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিভিন্ন অনিয়মের দায়ে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকার মজুমদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজকে ৫০ হাজার টাকা, কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী এলাকার সততা এগ্রো ফুড লিমিটেডকে ১ লাখ টাকা ও একই এলাকার সোনার মদিনা অটো রাইস মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল হান্নান, প্রশাসনকি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান বলেন, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩ এর ৬ ও ৭ ধারার অপরাধে উল্লেখিত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।