জাকির আবু জাফর -এর কবিতা

ঈদ


২৭ মার্চ ২০২৫ ১৬:৩৪

সন্ধ্যার শহরে ছড়ানো লালিমার বুকেই ফোটে আনন্দের এক ফালি নিশান। অনন্য রুপালি হাসির ঝিলিক, পৃথিবীর বুকে তোলে খুশির উদ্দাম! উৎসবের আনন্দের চেয়ে আরও আরও আনন্দের উত্তাপে জাগে জনপদ!

চাঁদের হৃদয় থেকে ঈদের তশতরিতে
কারা আনে আনন্দের দস্তরখান
কারা মন ভিজিয়ে রাখে তাকওয়ার যমযমে
আধ্যাত্মিক মানচিত্রের মোহগ্রস্ত রমজান পেরিয়ে
খুশির বর্ষণে সিক্ত করে বিশ্বাসীর বুকের জমিন!

তোমরা কেউ কি চেনো ফেরেশতাদের দেশ!
কত কত দূর থেকে মুহূর্ত কিংবা পলক ফেলার আগেই হাজির! গতির বিস্ময় নিয়ে অন্তত একবার ভাবো! বোঝো কেন তারা নেমে আসে মুমিনের জায়নামাজে। কেন একটি পবিত্র প্রার্থনার কাছে অবনত তারা!

ঈদগাহের ইবাদতে তোমাদের সঙ্গী হয়!
কেউ পাহাড়সমান! কেউ মেঘ অব্দি!
কেউ আরও আরও বৃহৎ
এমন প্রকাণ্ড শরীর সহসা উপুড় হলে
সমর্পণের সেজদার দাম কত!
উত্থিত হাতের সাথে হাত মিশে পাপরাশি থেকে মুক্তির বাণীর সঙ্গে সমস্বরে তারাও বলে- আ-মীন আ-মীন।

রুশ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬
৩০ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৩