ওমর বিশ্বাস-এর কবিতা
আব্বার স্মৃতি
২৭ মার্চ ২০২৫ ১৬:৩৩
স্মৃতির কণাগুলো যে ঘরে বসত করে তা মোমের ঘর
চোখের পলকে গলে উধাও হয়
স্মৃতিগুলোর শরীর বরফের মতো ঠাণ্ডা
স্পর্শে হিমশীতল ঢেউ খেলে যায় দেহে বোঝার আগেই
স্মৃতিরা বড় স্পর্শকাতর
হৃদয়ে তুলে রাখতে চাইলে উষ্ণতায় গলে যায়।
তবু স্মৃতিরা তুলতুলে ডানার শরীর নিয়ে আসে
চোখ বুঝলে মনের বারান্দায় খেলা করে
চারদিকে তুষারের সৌধ ঝরিয়ে নির্জনতা ভেঙে যায়
পুরনো যতকিছু আবেগের হাতছানি তুলে রাখে যত্নে।
এরকম কত স্মৃতি আসে যায়Ñ তোমারও
আমি চাই আব্বার স্মৃতি অবয়বে আসুক
তার মুঠোর ভেতর নিশ্চিন্তে ঘুমাক আমার হাত আর
আঙুলে ভর করে ঝুলে থাক আমার অস্তিত্ব।
এসব মনে করে প্রশান্তির ঢেউ বার বার শরীর ছুঁয়ে যাবে
আমি হৃদয় ঘরে স্মৃতিগুলো সযত্নে রেখে প্রতিটি ক্ষণ অনুভব করব।