প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টের দোসরদের কাণ্ড


২৭ মার্চ ২০২৫ ১৫:৫৩

সোনার বাংলা ডেস্ক : মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব নমিতা দে। গত ২৫ মার্চ মঙ্গলবার ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয় তার এ চিঠিটি। নেটিজেনরা মন্তব্য করেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা এখনো প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, সুযোগ পেলেই ছোবল মারবে।
দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ চিঠিটি ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তাকে ওএসডি করা হয়। যে টাইপ করেছেন সেই প্রশাসনিক কর্মকর্তা হামিদা আক্তারকে শোকজ করা হয়েছে।
জানা গেছে, গত ২০ মার্চ তার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মসজিদগুলোয় বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় মসজিদে বিশেষ দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়। তবে চিঠিটি প্রকাশের পর সমালোচনা শুরু হলে পরে তা সংশোধন করা হয় এবং শেখ মুজিবুর রহমানের নামটি বাদ দেয়া হয়।
সিটি কর্পোরেশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫। সরকারি সিদ্ধান্ত মোতাবেক বিষয়টি যথাযোগ্য মর্যাদায় পালনের অংশ হিসেবে ঐদিন সুবিধাজনক সময়ে আপনার মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির উন্নতি এবং মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করা হলো।’ এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) নমিতা দে সাংবাদিকদের জানান, ‘ভুলবশত গতবারের চিঠি কপি পেস্ট করতে গিয়ে টাইপিং মিসটেক হয়েছিল। তাড়াহুড়ো করে স্বাক্ষর করেছি। পরে ভুল ধরার পর তা সংশোধন করা হয়।’
আপনি কি এর দায় এড়াতে পারেন কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, দায় এড়ানোর সুযোগ নেই। পরে সংশোধন করে দিয়েছি। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নমিতা দে দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত। বিগত সরকারের সময় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। পূর্বের আওয়ামী সমর্থিত মেয়রদের সাথেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গত ৫ আগস্টের পর তাকে বদলি করা হলেও অদৃশ্য কারণে সে বদলি কার্যকর হয়নি। বরং তাকে আরো গুরুত্বপূর্ণ সচিব পদে পদায়ন করা হয়। গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিন্তু তিনি সে পদে যোগ না দিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনেই থেকে যান।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে নমিতা দেকে ওএসডি করা হয়। গত ২৫ মার্চ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক চিঠিতে নমিতা দেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।