মৌলভীবাজারে জামায়াতের ইফতার মাহফিলে জুবায়ের

হত্যা ও সম্পদ লুটপাট করেও আ’লীগের বিন্দুমাত্র কোনো অনুশোচনা নেই


২০ মার্চ ২০২৫ ১৫:১৮

মৌলভীবাজার সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, যারা অসংখ্য আলেমকে শহীদ করেছে, হত্যা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, জাতির সম্পদ লুটপাট করেছে। এগুলো নিয়ে এখনো তাদের মধ্যে সামান্যতম কোনো অনুভূতি নেই। গত ১১ মার্চ মৌলভী শাদীমহল কমিউনিটি সেন্টারে মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
এডভোকেট জুবায়ের বলেন, আমাদের সমাজে শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রিধারী, কোট প্যান্ট টাই পরা লোকের অভাব নেই। কিন্তু সমাজে তো দুর্নীতি হচ্ছে, নৈরাজ্য এখনো হচ্ছে, গত ১৫ বছরেও হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে রাষ্ট্র তার শক্তি নিয়ে জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে। শুধু ফ্যাসিবাদ কায়েম হয়নি, প্রধান উপদেষ্টা বলেছেন, গাজা বিধ্বস্ত করেছে ইসরাইল আর শেখ হাসিনা ও তার সরকার আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে। মানুষ হিংস্র হলে কতটুকু হতে পারে? শুধু হিজাব আর টুপি দাড়ি, ইসলামের কথা মুখে বলেছে। কিন্তু তাদের সব কার্যক্রম ছিল আল্লাহ তার রাসূল এবং দীনের বিরুদ্ধে।
তিনি আরও বলেন, হাজার হাজার মানুষকে পঙ্গু ও ভয়ঙ্কর এবং নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, অবিশ্বাস্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গত সাড়ে ১৫ বছরে। জুলাই বিপ্লবে যেটা হয়েছে, সেটা অকল্পনীয়। শত শত মানুষের লাশ, হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড মারা, স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, যা অকল্পনীয় দৃশ্য। এটা কি সম্ভব? দেশের জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, আপনার আমার দেওয়া টাকা দিয়ে পোষা বাহিনীকে খুনি বাহিনীতে পরিণত করা হয়েছে। নির্মম নিষ্ঠুরভাবে সেই কাজটি করা হয়েছে। এ বিপ্লবে আহতের সংখ্যা প্রায় ৩০ হাজারের ওপরে।
জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সায়েদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও মৌলভীবাজার-৩ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান, সাবেক জেলা আমীর দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মৌলভীবাজার-১ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব, জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারি মো. আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজারের ও হেফাজতে ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি ডা. এবাদুর রহমান, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারি মো. তামিম হোসেন রুহিন প্রমুখ।