মানুষ আর কিইবা দিতে পারে
১৭ জানুয়ারি ২০২৫ ০৯:২৪
হিংসা বিদ্বেষ ঘৃণা ছাড়া মানুষ আর কিইবা দিতে পারে!
মানুষের সরল ভাষ্য হলো— উপেক্ষা।
পাখিরা পরস্পরকে গ্রহণ করে,
মানুষ বর্জন এবং বিচ্ছিন্নতাকে ভালোবাসে।
নদী-সমুদ্র সকল কিছু ধারণ করতে পারে,
মানুষ পারে না।
মৌমাছি ফুলের সৌন্দর্য বোঝে,
বৃক্ষ বোঝে শাখা-প্রশাখা পাতা ফুল ও কুঁড়ির মর্মার্থ।
মানুষ বোঝে না।
অহমিকার আত্মতৃষ্ণার আগুনে পুড়িয়ে দেয় সকল নন্দনিকতা।
পুলকিত হয় মানুষের ক্ষরণে মরণে।
ক্ষুদ্রতা আর উল্লম্ফন প্রবৃত্তি
মানুষকে আর মানুষ হতে দেয় না।
ছায়ার সাথে যুদ্ধ করে
একটি জীবন পার করে দিতে পারে মানুষ।
মানুষ নিজেই নিজের অশান্তির কারণ হয়ে দাঁড়ায়।
নীচুতার নিতলস্পর্শী মানুষ কখনোবা
হয়ে যায় ইতিহাসের মহানায়ক।
এটাই কালের পরিহাস!
তোমরাই বলো—
হিংসা বিদ্বেষ ঘৃণা আর উপেক্ষা ছাড়া মানুষ আর কিইবা দিতে পারে?
ভালোবাসা কাকে বলে—
সেটা বোঝে না মানুষ…!
১২.১.২০২৪