কিংবদন্তী ইসলামী অর্থনীতিবিদ ড. এম উমর চাপরার ইন্তেকাল

সোনার বাংলা অনলাইন
১৪ জুন ২০২৬ ১৯:৪৪

আধুনিক যুগের ইসলামী অর্থনীতির পুরোধা ব্যক্তিত্ব ড. মুহাম্মদ উমর চাপরা

ইসলামী অর্থনীতির এক উজ্জ্বল নক্ষত্র ড.এম উমর চাপরা তাঁর জীবনের সফর সমাপ্ত করে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর । তিনি গত কয়েক দশক ধরে ইসলামী অর্থনীতি ও অর্থায়নে যুগান্তকারী অবদান রেখেছেন। শনিবার (১৩ জুন) বিকেলে মক্কায় তিনি ইন্তেকাল করেন। আজ রবিবার ফজর নামাজের পর মক্কার মসজিদুল হারামে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে জান্নাতুল মুয়াল্লায় দাফন করা হয়। ড. মুহাম্মদ উমর চাপরার ছেলে ড. আনাস চাপরা আরব নিউজকে এ কথা জানিয়েছেন।
ড. উমর চাপরা জেদ্দায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ইসলামিক রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী অর্থনীতি ও ফাইন্যান্সে বহুবিধ অবদানের জন্য তিনি ১৯৮৯ সালে ‘ইসলামী উন্নয়ন ব্যাংক পুরস্কার’ অর্জন করেন। পরে ইসলামী শিক্ষায় ইসলামিক ফাইন্যান্স বিষয়ক বিশেষ অবদান রাখায় ১৯৯০ সালে কিং ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।
ড. উমর চাপরা ১৯৩৩ সালে অবিভক্ত ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন।
১৯৫৬ সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে কমার্স বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৬১ সালে মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ড. চাপরা মিনেসোটায় গবেষণা সহকারী এবং উইসকনসিন ও কেন্টাকি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির সহযোগী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ড. উমর চাপরা পাকিস্তান ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট ইকনোমিকস-এর সিনিয়র অর্থনীতিবিদ ও পাকিস্তান ডেভেলপমেন্ট রিভিউ-এর সহযোগী সম্পাদক ছিলেন। পরে পাকিস্তান সেন্ট্রাল ইনস্টিটিউট অব ইসলামিক রিসার্চ-এ রিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১৬টি এবং প্রবন্ধ সংখ্যা শতাধিক।
তিনি ইসলামি অর্থনীতি ও ফাইন্যান্সের ওপর ব্যাপক লেখালেখি করেছেন। তাঁর অন্যতম গ্রন্থগুলো হচ্ছে- ‘টুয়ার্ডস এ জাস্ট মনিটারি সিস্টেম (১৯৮৫)’, ‘ইসলাম এন্ড ইকনোমিক ডেভেলপমেন্ট (১৯৮৮)’, ‘ইসলাম এন্ড দি ইকনোমিক চ্যালেঞ্জ (১৯৯২)’, ‘দা ফিউচার অব ইকোনোমিকস: এন ইসলামিক পারসপেকটিভ (২০০০)’ এবং ‘মুসলিম সিভিলাইজেশন: দ্য কজেজ অব ডিক্লাইন এন্ড দ্য নিড ফর রিফর্ম (২০০৭)’ এবং ‘মোরালিটি অ্যান্ড জাস্টিস ইন ইসলামিক ইকনোমিকস অ্যান্ড ফাইন্যান্স’ (২০১৪)।
Islam and the economic challenge, Towards a just monetary system ইত্যাদি কালজয়ী গ্রন্থসমূহ তার অমর সৃষ্টি। Islam and the economic challenge তাঁর এমন এক সৃষ্টি যা পাশ্চাত্যের অমুসলিম পন্ডিতগণকে পর্যন্ত ইসলামী অর্থব্যবস্থার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে বাধ্য করেছে ।
তাঁর লেখা গ্রন্থসমূহের মধ্যে রয়েছে :
১। The Future of Economics: An Islamic Perspective: এই বইয়ে তিনি প্রচলিত অর্থ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং ত্রুটিগুলো চিহ্নিত করে এর মোকাবেলায় ইসলামের অর্থনীতির আলোকে মানবকল্যাণ ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত করার একটি চমৎকার ও যৌক্তিক কাঠামো তুলে ধরেছেন ।
২। Islam and Economic Development: A Strategy for Development with Justice and Stability: এই গ্রন্থটি সামগ্রিক উন্নয়নের উপর লেখা যেখানে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়নের সাথে সম্পদের সুষম বন্টন এবং নৈতিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন ।
৩। Muslim Civilization: The Causes of Decline and the Need for Reform:
ঐতিহাসিক পর্যালোচনা যেখানে মুসলিম বিশ্বের আর্থসামাজিক ও রাজনৈতিক দুরবস্থার মূল কারণ এবং একটি রেনেসাঁ বা পুনর্জাগরণের জন্য কী কী সংস্কার দরকার তার একটি বস্তুনিষ্ঠ পর্যালোচনা রয়েছে।
৪। Islam and the Economic Challenge: অর্থনৈতিক সমস্যাবলী যেমন মুদ্রাস্ফীতি, দারিদ্র্য,এবং বেকারত্ব সমাধানের ইসলামী পদ্ধতি ও কাঠামোর কথা চমৎকার ভাবে বর্ণনা করেছেন । এই গ্রন্থটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছে একজন খ্যাতিমান অর্থনীতিবিদ হিসেবে। এখানে তিনি প্রচলিত অর্থব্যবস্থা তথা পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক অর্থনীতির সীমাবদ্ধতা ও অসম্পূর্ণতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন এবং ইসলামী অর্থব্যবস্থার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন।
৫। The Islamic Vision of Development in the Light of Maqasid Al-Shari’ah:
এই গ্রন্থে ইসলামী আইনের উদ্দেশ্য তথা মাকাসিদ কিভাবে টেকসই, সুষম ও সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পারে তার একটি রূপরেখা দিয়েছেন ।
৬। Towards a Just Monetary System: সুদ বিহীন ইসলামী অর্থনীতিতে মুদ্রা, ব্যাংকিং ও মানিটারী পলিসির প্রকৃতি ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত ও যুক্তিগ্রাহ্য আলোচনা করেছেন ।
এছাড়াও তিনি অসংখ্য আন্তর্জাতিক সেমিনার- সিম্পোজিয়ামে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং এর উপরে প্রবন্ধ উপস্থাপনা করেছেন । জ্ঞানের এই শাখায় তাঁর শূণ্যতা পূরণ হওয়ার নয় ।
আল্লাহ তায়ালা মরহুমের সকল ভালকাজ কবুল করুন এবং উম্মাহর কল্যাণে তার অবদানের জন্য উত্তম পুরস্কারে ভূষিত করুন ! তাঁর জন্য জান্নাতুল ফেরদাউসের ফায়সালা করে দিন ! উম্মাহর জন্য তাঁর শূণ্যতা পূরণ করে দিন ! আমীন !

ড. এম উমর চাপরার