চাঁদাবাজবিরোধী আন্দোলন এখন সময়ের দাবি: বিরোধীদলীয় নেতা
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। দেশকে যারা ভালোবাসেন, তাদের সবার প্রতি আমাদের একই কথা- চাঁদাবাজদের হাত থেকে জীবন ও সম্পদ রক্ষা করতে হলে সম্মিলিতভাবে লড়তে হবে। আমরা লড়ে যাব, ইনশাআল্লাহ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পোস্টে তিনি এ কথা লেখেন। জামায়াত আমির লেখেন, রাজধানীর যাত্রাবাড়িতে একজন গাড়িচালককে চাঁদা লেনদেনের ঘটনায় চাঁদাবাজরা পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। চাঁদার এ সংস্কৃতিকে এমনভাবে জাতীয়করণ করা হয়েছে, যেন চাঁদা না দেয়াই অপরাধ! নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজির বৈধতা দেয়া হয়, তখন এ দায়িত্ব সংশ্লিষ্ট সবার ওপরেই বর্তাবে। মাঝখানে নিরীহ জনগণের জীবন এভাবেই কি ঝরে পড়বে? না, আমরা তা মেনে নিতে পারি না, মেনে নেবো না। প্রিয় জনগণকে সাথে নিয়ে চাঁদাবাজবিরোধী আরেকটি আন্দোলন গড়ে তোলা এখনই সময়ের দাবি।