খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রসঙ্গে ফখরুল

বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই

সোনার বাংলা অনলাইন
৩০ নভেম্বর ২০২৫ ০৯:২০

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেই বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

বিএনপি মহাসচিব বলেন, আপনারা সবাই জানেন, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে আছেন। তার শারীরিক অবস্থা কিছুটা সঙ্কটাপন্ন। দেশের বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বিদেশের আমেরিকার জনস হপকিন্স এবং লন্ডন ক্লিনিকের বিশিষ্ট চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে তারা একটি মেডিকেল বোর্ডের সভা করেছেন। প্রায় দুই থেকে আড়াই ঘণ্টা ধরে। সেখানে তার চিকিৎসার ব্যাপারে সমস্ত চিকিৎসকের মতামত নিয়ে তারা কথা বলেছেন। কিভাবে তারা চিকিৎসা করবেন, সেই চিকিৎসাটা কি ধরণের হবে-সেবিষয়ে শুক্রবার তারা মতামত দিয়েছেন। তাকে বিদেশে নেয়া প্রয়োজন, তারা বলছেন যে, হয়তো প্রয়োজন হতে পারে, কিন্তু এখন যে তার শারীরিক অবস্থা- সেই অবস্থায় তাকে বিদেশে নেয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহ’র অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে যে, তাকে বিদেশে নেয়া সম্ভব হবে কি না।

মির্জা ফখরুল বলেন, বিদেশে নেয়ার জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ভিসা এবং যেসব দেশে যাওয়ার সম্ভব হতে পারে, সেসব দেশের সঙ্গে যোগাযোগ করা এবং এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে। সেগুলো মোটামুটি কাজ এগিয়ে আছে। অর্থাৎ যদি প্রয়োজন হয় এবং দেখা যায় যে, সি হিজ রেডি টু ফ্লাই- তখন তাকে নিয়ে যাওয়ার ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হবে।

খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রসঙ্গে ফখরুল

সম্পর্কিত খবর