ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না


২৮ নভেম্বর ২০২৬ ১১:৫১

॥ প্রফেসর তোহুর আহমদ হিলালী ॥
ইতিহাসের বড় শিক্ষা হলো— ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। নবী-রাসূলদের শাসন ছাড়া পৃথিবীর ইতিহাস জুলুম-নির্যাতনে পরিপূর্ণ। আমরা লক্ষ করেছি রাজতান্ত্রিক স্বৈরশাসন, সমাজতান্ত্রিক দুঃশাসন, গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী শাসন— সকল ব্যবস্থাপনায় সাধারণ মানুষ শাসকগোষ্ঠীর নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছে। সামাজিক নিপীড়ন সীমা অতিক্রম করলে আল্লাহপাক অতীতে অনেক জালেম শাসক ও জাতিকে ধ্বংস করে দিয়েছেন। বর্তমানে সমূলে ধ্বংস না করলেও নানা ধরনের বালা-মুসিবত দিয়ে তাঁর বান্দাদের সতর্ক করেন। আল্লাহপাক চান তাঁর বান্দাদের ওপর জুলুম হবে না। সমাজে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা তাঁর কাম্য। দেশে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি গোষ্ঠীকে আর একটি গোষ্ঠী দ্বারা দমন করাও আল্লাহপাকের একটি সুন্নত।
সুদীর্ঘ ১৯০ বছর ব্রিটিশ শাসন ও হিন্দু জমিদারদের জুলুম-নির্যাতন থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এদেশের মানুষ লড়াই-সংগ্রাম করে স্বাধীন পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল। ইসলামের ভিত্তিতে সামাজিক ন্যায়বিচার ও সুশাসন কায়েমের স্বপ্ন দেখিয়েছিল পাকিস্তান আন্দোলনের নেতৃবৃন্দ। কিন্তু মুসলিম লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিল না ইসলামী চরিত্র ও আখিরাতের প্রতি বিশ্বাস ও ভয়। ফলে স্বল্প সময়ের মধ্যে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলের মানুষের মধ্যে সৃষ্টি হয় অবিশ্বাস ও হিংসা-বিদ্বেষ। হিন্দু-মুসলিমের মাঝে বৈরী সম্পর্কের কারণেই অখণ্ড ভারতের স্বাধীনতা দাবি থেকে মি. জিন্নাহ ও মুসলিম নেতৃবৃন্দ দুই দেশের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে ভারত ও পাকিস্তান প্রতিষ্ঠা করেছিল। ভারত তার প্রতিবেশী কোনো দেশকে নিজেদের বন্ধু মনে করে না। ভারত চায় তার দুর্বল প্রতিবেশীকে দখলে নিতে আর না হলে তাদের অনুগত করে রাখতে। ভাষার প্রশ্নে ও দুই অঞ্চলে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের কারণে বাঙালিদের ক্ষোভ, ভারতের ইন্ধন এবং গণতন্ত্রকে ধ্বংস করে সামরিক স্বৈরশাসনের ফলে রাজনীতিক সমাধানের পরিবর্তে সামরিক সমাধান করতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা অনিবার্য হয়ে পড়ে।
শেখ মুজিব আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে স্বাধীন বাংলাদেশে সরকারপ্রধান হয়ে নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হন। গণতান্ত্রিক পন্থায় সমাধানে না গিয়ে শেখ মুজিব দেশে একদলীয় শাসন বাকশাল কায়েম করেন। সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে শেখ মুজিব বাম ও ভারতের প্ররোচনায় একদলীয় শাসনের পাশাপাশি সেনাবাহিনীর ওপর আস্থা না রেখে গঠন করেন রক্ষীবাহিনী। ইউরোপীয় দেশসমূহে সরকার যখন লক্ষ করে জনগণের আস্থা হ্রাস পেয়েছে, তখন কোনো কূটবুদ্ধির আশ্রয় না নিয়ে তাৎক্ষণিক পদত্যাগ করে নতুন নির্বাচনের ব্যবস্থা করে। সভ্য দেশে সরকার পরিবর্তনের একটিই মাত্র পন্থা হলো নির্বাচন এবং এই নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করার কোনো প্রচেষ্টা ইউরোপ-আমেরিকায় দেখা যায় না। ফলে সেসব দেশে সরকারকে টেনে-হিঁচড়ে নামাতে হয় না এবং সরকারপ্রধানকে জীবন দিতে হয় না বা পালিয়ে যেতে হয় না বা কারাগারে যেতে হয় না। এই বাংলাদেশে সকল সরকারপ্রধানের ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে এবং পূর্বসূরির করুণ পরিণতি দেখে কেউ শিক্ষা গ্রহণ করেনি।
রাষ্ট্রবিজ্ঞানী ও জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের কেয়ারটেকার ফরমুলায় বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে অনুষ্ঠিত কয়েকটি ছাড়া বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা কখনোই জনবান্ধব ছিল না। অর্থাৎ জনগণ স্বাধীনভাবে ও পছন্দমতো ভোট দিতে পারেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জামায়াতের পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের ধারণা প্রদান করা হয়েছিল। আওয়ামী লীগ মেনে নেয় (বিরোধীদলে ছিল হিসেবে) এবং কেয়ারটেকার ব্যবস্থা সরকারকে মানতে বাধ্য করার জন্য জামায়াতের সাথে একত্রে দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম করে। সেসময়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। শেষে কেয়ারটেকার ব্যবস্থা বিএনপি মানতে বাধ্য হয়। কিন্তু তাকে অনেক মূল্য দিতে হয়। শুধু বাংলাদেশ নয়, আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশ; বিশেষ করে মুসলিম দেশসমূহে জনসমর্থিত সরকার নেই বললেই চলে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইরানে গণতন্ত্র কিছুটা কার্যকর থাকলেও অধিকাংশ দেশ হয় রাজতান্ত্রিক স্বৈরশাসন নয়তো একনায়কতান্ত্রিক স্বৈরাচার। কিছু মৌলিক মানবীয় গুণ; বিশেষ করে সততা, বিশ্বস্ততা, আমানতদারিতা, ওয়াদা-প্রতিশ্রুতি পালন ও সৃষ্টির প্রতি সদাচরণ যেসব ব্যক্তি, গোষ্ঠী, দল ও জাতির মাঝে বিদ্যমান আল্লাহপাক তাদের সমাজের কর্তৃত্ব দান করেন।
শেখ হাসিনার দ্বিতীয় মেয়াদের (২০০৯-২০২৪) শাসনামল ছিল বিরোধীদলের প্রতি সীমাহীন জুলুম-নির্যাতন, গুম-খুন ও দুর্নীতিতে ভরা। শেখ হাসিনার নিজের উক্তি, আমার পিয়নও চারশ’ কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলাফেরা করে না। যে কেয়ারটেকার সরকারের দাবিতে শেখ হাসিনা জামায়াতের সাথে আন্দোলন করেছিলেন নির্বাচনে বিজয় লাভের পর সরকার গঠন করে আদালতের মাধ্যমে সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার দুরভিসন্ধি করেন এবং দেশের নির্বাচন ব্যবস্থার ওপর জনগণের আস্থা বিনষ্ট করে দেন। দীর্ঘ চল্লিশ বছর পর জামায়াতের শীর্ষনেতৃনৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেয়। জামায়াতের নিবন্ধন বাতিল করে এবং তাদের অফিস তালাবদ্ধ করে। জামায়াতের সাথে তার বড় টার্গেট ছিল জিয়া পরিবার। এই ফ্যাসিবাদ দূর করার জন্য বিরোধীদল চেষ্টা করে ব্যর্থ হয়। ২০২৪ সনে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলন একসময় এক দফা আন্দোলনে রূপ নেয় এবং একপর্যায়ে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়। জুলাই বিপ্লবে আওয়ামী লীগবিরোধী সকল দল ও সাধারণ ছাত্র-জনতা একাট্টা হয়ে পড়ে এবং সেসময়ে নির্যাতিতদের ওপর আল্লাহর রহমত নেমে আসে। এ প্রসঙ্গে আল্লাহপাকের বাণী, ‘আমি সংকল্প করেছিলাম, পৃথিবীতে যাদের লাঞ্ছিত করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করবো, তাদের নেতৃত্ব দান করবো, তাদের উত্তরাধিকার করবো এবং পৃথিবীতে তাদের কর্তৃত্ব দান করবো।’ -সূরা ক্বাসাস : ৫-৬।
জুলাই বিপ্লবের পর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল শুধু সরকার পরিবর্তন নয়, দেশে সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রব্যবস্থার সংস্কার সাধন। তাদের স্লোগান ছিল, ‘ডব ধিহঃ ঔঁংঃরপব.’ সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার সকল রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়ে দীর্ঘ আলাপ-আলোচনার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করে এবং ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দুটি ভোট প্রদান করে। গণভোটে ৭০% জনগণ জুলাই সনদের পক্ষে রায় দেন। দুর্ভাগ্য বিএনপি সরকার গণরায় না মেনে নানা টালবাহানা করছে। পাঁচ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করে শিক্ষার্থীবান্ধব ছাত্র সংসদ পায় এবং শিক্ষাঙ্গনে মারামারি-হানাহানি, ক্যান্টিনে ফাও খাওয়া, গণরুম কালচার ও জুলুম-নির্যাতন বন্ধ হয়ে যায়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের তারিখ ঘোষণার পরও সেই নির্বাচন হতে দেয়া হয়নি এবং ছাত্র সংসদের মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেয়া হচ্ছে না। এছাড়া বিশ্ববিদ্যালয়, সিটি কর্পোরেশন, জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচনের ব্যবস্থা না করে দলীয় লোক নিয়োগ দিয়ে সরকার পূর্ববর্তী ফ্যাসিবাদেরই পদাঙ্ক অনুসরণ করছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধীদল এখন মুখোমুখী। বিরোধীদল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনঢ় অবস্থানে রয়েছে এবং এটি হওয়ায় স্বাভাবিক।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিরোধীদল সংসদে জোর দাবি জানাচ্ছে এবং সংসদের বাইরে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে সর্বশেষ তারা লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করেছে। লংমার্চে মানুষের মাঝে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। আমার বিশ্বাস, বিএনপির মাঝেও অধিকাংশ নেতাকর্মী জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কারণ প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে জনগণকে হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে বলেছেন এবং স্পষ্ট করেছেন যে তারা নির্বাচিত হলে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। সরকার বিরোধীদলের দাবি না মানলে এখন বিরোধীদলের করণীয় কী হবে? আবার কি সেই হরতাল, অবরোধ? দেশের অর্থনীতি অত্যন্ত নাজুক। বিরোধীদলের আন্দোলন তীব্র হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ নিতে পারে বা দেশে সেনাশাসন আসতে পারে। দুটির কোনটাই বিএনপি ও বিরোধীদলের জন্য কল্যাণ বয়ে আনবে না। জনগণ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বা পূর্বের তত্ত্বাবধায়ক সরকার পছন্দ করে। সেসময়ে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল এবং তেল, গ্যাসের দাম অনেক কম ছিল। সেইসাথে ব্যাপকভাবে চাঁদাবাজি ছিল না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনকার চেয়ে ভালো ছিল। আমার অভিজ্ঞতা বলে রাজনীতিবিদদের ব্যর্থতার কারণেই দেশে সেনাশাসন আসে।
বিএনপি ও তাদের অঙ্গসংগঠনসমূহ মাত্র ৯ মাসের ব্যবধানে চাঁদাবাজ, দখলবাজ, মাদকাসক্ত ও সন্ত্রাসী খেতাব লাভ করেছে। তাদের সমালোচনা বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকেই আসে। বিএনপি ও তার অঙ্গ সংগঠনসমূহ সবই মেয়াদোত্তীর্ণ। এই সময়ের মধ্যে তারা পূরো সংগঠনে কাউন্সিল অনুষ্ঠান করে ফ্রেশ কমিটি গঠন প্রক্রিয়ার মাধ্যমে নেতা-কর্মীদের সাংগঠনিক তৎপরতায় ব্যস্ত রাখতে পারতেন। সেটা না হওয়ায় চাঁদাবাজিসহ নানা অসামাজিক কাজে জড়িত হয়ে নিজেদের মধ্যে হানাহানিতে লিপ্ত হয়ে পড়েছে। বিএনপি যেসব রাজনৈতিক সহকারী নিয়োগ দিয়েছেন, তাদের কাজই হলো বিরোধীদলের চরিত্র হনন এবং সরকার ও বিরোধীদলের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়া। বর্তমানে সরকার ও বিরোধীদল উভয়ই ফ্যাসিবাদী দুঃশাসনে ক্ষতবিক্ষত হয়েছিল এবং উভয়ই জুলাই বিপ্লবের অংশীদার। দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই যে জুলাই বিপ্লবের জনআকাঙ্ক্ষা— দেশে সুশাসন কায়েম এবং নতুন করে আর যেন কোনো ফ্যাসিবাদের আগমন না ঘটে। এ ব্যাপারে সরকারের দায়িত্বই বেশি এবং চলমান সংসদে এর একটি সন্তোষজনক সমাধান আমরা প্রত্যাশা করছি।
লেখক : সাবেক উপাধ্যক্ষ, কুষ্টিয়া সরকারি কলেজ।