কবি ফররুখ আহমদের জন্মভিটা সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণে জেলা প্রশাসককে স্মারকলিপি ১৫ সংগঠনের
২৮ নভেম্বর ২০২৬ ১৮:১৮
কবি ফররুখ আহমদের জন্মভিটা সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে মাগুরা জেলার ১৫টি সাংস্কৃতিক সংগঠন। গত শুক্রবার ২৭ নভেম্বর এ স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও মুসলিম রেনেসাঁর অগ্রদূত কবি ফররুখ আহমদ মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম জাতি ও সমাজে জাগরণ ও চেতনার আলো ছড়িয়ে দিয়েছে। অথচ অত্যন্ত দুঃখজনকভাবে তাঁর বসতভিটা বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং যথাযথ সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে।
বর্তমানে প্রস্তাবিত রেললাইন প্রকল্প অনুযায়ী উক্ত স্থানের উপর দিয়েই রেলপথ গমনের সম্ভাবনা রয়েছে, যা কবির জন্মভিটা ধ্বংসের মুখে পড়েছে। এটি আমাদের ইতিহাস, সাহিত্য এবং জাতীয় ঐতিহ্যের জন্য এক অপূরণীয় ক্ষতি হবে।
সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে- কবি ফররুখ আহমেদের বসতভিটা সংরক্ষণের লক্ষ্যে জাতীয় ঐতিহ্য হিসাবে ঘোষণা; উক্ত স্থানে একটি স্মৃতি জাদুঘর ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা করে তার সাহিত্যকর্ম সংরক্ষণ ও গবেষণার সুযোগ সৃষ্টি করা এবং রেললাইন প্রকল্প পুনর্বিবেচনা করে এমন রুট নির্ধারণ করা যাতে ঐতিহাসিক এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত না হয় ।
এতে আরও বলা হয়, কবি ফররুখ আহমেদের বসতভিটা সংরক্ষণ আমাদের সাংস্কৃতিক দায়িত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার অংশ। এই বিষয়ে জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধও জানানো হয়।
স্মারকলিপিতে স্বাক্ষরকারী মাগুরার সংগঠনগুলোর মধ্যে রয়েছে সপ্তক সাহিত্য চক্র; সুরসপ্তক; থিয়েটার ইউনিট; বিশ্ব সাহিত্য ও সংস্কৃতি উদ্যান; নবগঙ্গা সাহিত্য গোষ্ঠী; উদীচী; কণ্ঠবিথী; লালন একাডেমি; মাগুরা আদর্শ বিতর্ক সংঘ; অনুজ নাট্যাঙ্গন; গ্রীন ভয়েস; যুগান্তর স্বজন সমাবেশ; মহকুমা সমাজকল্যান সংস্থা; ভলেন্টিয়ার ফর বাংলাদেশ; মাগুরা সাহিত্যিক কল্যাণ পরিষদ এবং অনির্বান সেবা সংসদ।