চলনবিলের মিঠাপানির শুঁটকির চাহিদা বাড়ছে সংরক্ষণাগারের দাবি ব্যবসায়ীদের


২১ নভেম্বর ২০২৬ ১১:১৯

মো. আবু জাফর সিদ্দিকী, নাটোর : দেশের অন্যতম বৃহৎ জলাভূমি চলনবিলে দিন দিন বাড়ছে মিঠাপানির শুঁটকির চাহিদা। স্বাদ, গুণগতমান ও রাসায়নিকমুক্ত উৎপাদনের কারণে দেশের বিভিন্ন এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছে চলনবিলের দেশি মাছের শুঁটকি। প্রতি বছর বাড়ছে উৎপাদন ও বাজারমূল্য। তবে মাছ সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সম্ভাবনা থাকা সত্ত্বেও সারা বছর শুঁটকি উৎপাদন করতে পারছেন না ব্যবসায়ীরা। এ অবস্থায় চলনবিল এলাকায় আধুনিক মাছ সংরক্ষণাগার স্থাপনের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় মৎস্য বিভাগ ও শুঁটকি ব্যবসায়ীদের তথ্যমতে, চলনবিলের নাটোর অংশে আত্রাই ও বড়ালসহ বিভিন্ন নদনদী এবং অসংখ্য খাল-বিল থেকে সংগ্রহ করা দেশি মাছ দিয়ে শুঁটকি তৈরি করা হয়। সিংড়ার নিংগইন, গুরুদাসপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে শুঁটকি উৎপাদনের চাতাল। এসব চাতালে কয়েকশ’ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বিশেষ করে শীত মৌসুমে মাছের সরবরাহ বাড়লে শুঁটকি উৎপাদনও বেড়ে যায়।
চলনবিলে চেলা, টাকি, শোল, পাতাসি, চান্দা, পুঁটি, টেংরা, গজার, মাগুর, কই, চিংড়ি, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ পাওয়া যায়। বর্ষা মৌসুমে এসব মাছ বংশবিস্তার করে। অক্টোবর থেকে বিলের পানি কমতে শুরু করলে মাছ ধরার পরিমাণ বেড়ে যায়। একসঙ্গে বিপুল পরিমাণ মাছ বাজারজাত করা সম্ভব না হওয়ায় জেলেদের কাছ থেকে মাছ কিনে শুঁটকি তৈরি করেন ব্যবসায়ীরা।
সিংড়ার নিংগইন এলাকায় শুঁটকি উৎপাদনের চাতালগুলোয় দেখা যায়, নারী-পুরুষ শ্রমিকেরা মাছ পরিষ্কার, কাটা, ধোয়া ও শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে নারীরা টাকি মাছ কেটে নাড়িভুঁড়ি পরিষ্কার করে লবণ মাখিয়ে বাঁশের মাচায় শুকাতে দিচ্ছেন। রোদে শুকানোর পর তৈরি হচ্ছে সুস্বাদু শুঁটকি। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, লবণ ছাড়া অন্য কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করায় চলনবিলের শুঁটকির প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
শুঁটকি চাতালের মালিক নাসির উদ্দীন বলেন, চলনবিলের শুঁটকি তৈরিতে লবণ ছাড়া অন্য কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না। মিঠাপানির দেশি মাছের স্বাদও তুলনামূলক ভালো। এ কারণে দিন দিন এই শুঁটকির চাহিদা বাড়ছে। তবে চাহিদা অনুযায়ী স্থানীয়ভাবে পাইকারি বাজার ও ব্যবসা সম্প্রসারিত হয়নি।
সিংড়া মাছ বাজারের ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে বিলে প্রচুর মাছ পাওয়া যায়। পানি কমতে শুরু করলে একসঙ্গে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে। কিন্তু এত মাছ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় অনেক মাছ কম দামে বিক্রি করতে হয়। আধুনিক সংরক্ষণাগার থাকলে এসব মাছ সংরক্ষণ করে পরবর্তী সময়ে শুঁটকি উৎপাদনে কাজে লাগানো যেত।
শুঁটকি ব্যবসায়ী জমির উদ্দীন বলেন, চলনবিলের শুঁটকির মান ভালো এবং বাজারে বিক্রিও ভালো। কিন্তু মাছ সংরক্ষণের ব্যবস্থা না থাকায় সারা বছর উৎপাদন করা সম্ভব হয় না। ফলে মৌসুমের বাইরে শুঁটকি উৎপাদন বন্ধ রাখতে হয়।
আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে কম দামে পাওয়া মাছ সংরক্ষণ করে শীতকাল পর্যন্ত রাখা গেলে জেলে ও ব্যবসায়ী উভয়েই লাভবান হতেন। পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চলনবিলের শুঁটকির বাজার আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হতো।
স্থানীয় ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, প্রজাতি ও আকারভেদে চলনবিলের শুঁটকির দামও বেশ ভালো। প্রতি কেজি শোল শুঁটকি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা, পুঁটি ৪০০ টাকা, টাকি ৫০০ টাকা, চেলা ৬০০ টাকা, পাতাসি ৮০০ থেকে ১০০০ টাকা, কাঁচকি ৭০০ টাকা, বোয়াল ৮০০ থেকে ১ হাজার টাকা, চাপিলা ৪০০ টাকা, মলা ৫০০ টাকা এবং বাইম শুঁটকি প্রায় ১ হাজার টাকা দরে বিক্রি হয়ে থাকে।
সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন জানান, চলনবিলে মাছের উৎপাদন ও শুঁটকি শিল্পের সম্ভাবনা রয়েছে। মাছ সংরক্ষণের ব্যবস্থা করা গেলে এই খাতের উৎপাদন ও ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব। ব্যবসায়ী ও জেলেদের সংরক্ষণাগার স্থাপনের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।