ফুটে উঠছে অর্থনীতির বিপদ চিহ্ন


৫ নভেম্বর ২০২৬ ১৫:৩২

ভুল পথে সরকার

॥ উসমান ফারুক ॥
তীব্র কুয়াশাচ্ছন্ন শীত হোক বা বর্ষা— বেসরকারি একটি প্রতিষ্ঠানের মাঠপর্যায়ের কর্মী আরিফুজ্জামানকে ঘর থেকে বের হতে হয় সকাল সাড়ে ৮টায়। সারা দিন কাজ করে বাসায় ফিরতে রাত গড়িয়ে মধ্যরাত হয়। হাড়ভাঙা পরিশ্রম করেও ঢাকায় স্ত্রীসহ পরিবারের সদস্যদের রাখতে পারেননি। বাসা ছেড়ে মেসে উঠেছেন খরচ বাঁচাতে। গত কয়েক বছরেও আয় বৃদ্ধি না হওয়ায় পাত থেকে উঠে গেছে গোশত। দাওয়াত ছাড়া মাছ জোটে না তার। আরিফুজ্জামানদের সংখ্যা এখন সরকারি হিসাবেই মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি, প্রায় ৪ কোটি। বেসরকারি হিসাবে এই সংখ্যা প্রায় ৬ কোটি। আর মধ্যবিত্তের সংখ্যা যোগ করলে কষ্টে থাকা জনসংখ্যার পরিমাণ ৯ কোটি ছাড়িয়ে যাবে। অর্থনীতির বিভিন্ন সূচকের পরিসংখ্যানের সরকারি হিসাবও বলে দিচ্ছে— ভালো নেই সামষ্টিক অর্থনীতি। শুধু একটি সূচক রেমিট্যান্সের কাঁধে ভর করে টিকে আছে গ্রামীণ অর্থনীতি।
অর্থনীতির চালিকাশক্তি বেসরকারি ঋণে গতি নেই, রপ্তানি বাড়ছে না অথচ আমদানি বেড়েই চলছে। টাকার মান পতন দেখছে মানুষ। বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারির ধাক্কা সামাল দেওয়া বাংলাদেশের সামনে অর্থনীতির এমন করুণ দশা এর আগে দেখা যায়নি। এ কারণেই ব্যয়ের চাপ সামাল দিতে না পেরে মজুরি বৃদ্ধির দাবিতে সড়কে নেমেছে পোশাক খাতের কর্মীরা। অর্থনীতির সূচকের হিসাব-নিকাশ আর মানুষের কষ্টের চিত্র পৃথক না। দুটিই আয়না হিসেবে কাজ করে। অর্থনীতির এই করুণ দশা এক দিনে হয়নি, গত দেড় দশকের লুটপাট ও অনিয়মের চিত্র। অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি যে গতি পেয়েছিল, তা গত ফেব্রুয়ারির নির্বাচনের পর আবার পথ হারিয়েছে। এর আগেরবার অর্থনীতি খাদের কিনারায় গেলেও এবার খাল নয় পুরো নদীতে গিয়ে পড়বে। দুর্বল নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে মন্দার মুখোমুখি হয়ে পড়ছে বাংলাদেশ। এর থেকে বের হতে দরকার বাস্তবমুখী পদক্ষেপ ও সঠিক নেতৃত্ব।
রপ্তানি কমার প্রভাব টাকার মানে
তিন বছরের ব্যবধানে ৫ টাকার বাসভাড়া এখন ১৫ টাকা হয়েছে। অর্থাৎ তিনগুণ বেড়েছে যাতায়াত খরচ। ১১৬ টাকার পেট্রোল এখন ১৬০ টাকা। একইভাবে জ্বালানি বাবদ ঘরোয়া সিলিন্ডারের দর দেড় হাজার টাকা থেকে বেড়ে এখন ২ হাজার টাকা পার হয়েছে। এভাবে বেড়েছে বিদ্যুতের দামও। গত তিন বছর ধরেই মূল্যস্ফীতি ৯ শতাংশের ঘরে আটকে আছে। সর্বশেষ সেপ্টেম্বর মাসেও মূল্যস্ফীতিতে সুখবর আসেনি। তিন বছরে তিন হাজার টাকা খরচ বাড়লেও মজুরি বা আয় বেড়েছে মাত্র এক হাজার টাকা। বাড়তি এই খরচের বোঝা টানতে দরিদ্র, নিম্ন ও মধ্যবিত্তরা এখন লড়াই করছেন খরচের টালিখাতা সামাল দিতে।
আমদানিনির্ভর দেশ হওয়ায় প্রতি মাসে গড়ে ৭-৮ বিলয়ন ডলারের আমদানি করতে হয় বাংলাদেশকে। গত কয়েক মাসের পরিসংখ্যান ঘাঁটলে দেখা যায়, রপ্তানি আয় কমছে, কিন্তু আমদানি বিল বাড়ছে। তৈরি পোশাক (আরএমজি) খাত, যা আমাদের রপ্তানি আয়ের প্রায় ৮৩ শতাংশ, সেখানে বৈশ্বিক মন্দা, অর্ডার কমার পাশাপাশি দেশের ভেতরে উৎপাদন ব্যয় ও জ্বালানি সংকটের কারণে প্রতিযোগিতামূলক অবস্থান নড়বড়ে হয়ে গেছে।
অন্যদিকে আমদানি বেড়েছে। কেন বেড়েছে? এর প্রধান কারণ হলো জ্বালানি তেল, ভোজ্যতেল, গম, চিনিসহ খাদ্যপণ্য এবং কিছু প্রকল্পের জন্য যন্ত্রপাতি আমদানি। দেশের ভেতরে উৎপাদন ব্যয় বাড়ায় শিল্প খাতকে টিকিয়ে রাখতে আমদানিনির্ভরতা কমেনি। ফলে ট্রেড ডেফিসিট বা বাণিজ্য ঘাটতি ভয়াবহ আকার ধারণ করেছে। এই ঘাটতি মেটাতে যে বৈদেশিক মুদ্রার প্রয়োজন, তা রেমিট্যান্স বা রপ্তানি আয় দিয়ে কুলিয়ে উঠছে না। এই অসামঞ্জস্যতাই ডলারের বিপরীতে মান হারিয়ে চলছে টাকা। গত জানুয়ারিতে ১২২ টাকায় থাকা ডলার এখন ব্যাংকিং চ্যানেলেই ১২৪ টাকা। আর খোলাবাজারে তা উঠেছে ১২৮ টাকায়।
বিশাল এই চাপের মধ্যেই সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছে সরকার। বেতনের সেই টাকার জোগান দিতে জ্বালানি তেলসহ সিলিন্ডার গ্যাসের দাম বাড়িয়ে চলছে সরকার। অথচ জনগণকে স্বস্তি দিতে আবশ্যিক এই পণ্যে শুল্কছাড় দেওয়ার দরকার ছিল দাম নিয়ন্ত্রণে রাখতে। সরকার সেখানে উল্টো পথে গিয়ে এখনো উচ্চ শুল্ক নিচ্ছে। তাতে বাড়তি আমদানি ব্যয়ের সঙ্গে সরকারি শুল্ক যোগ হওয়ায় আরো দামি করে ফেলছে পণ্য।
প্রবাসী আয়ে টিকে আছে গ্রামীণ অর্থনীতি
দেশের অর্থনীতির খাতা মেলাতে গেলে এখন একটি মাত্র খুঁটি চোখে পড়ে, তা হলো প্রবাসী আয়। গত কয়েক বছর ধরেই অর্থনীতির একমাত্র নিশ্চিত ভরসা হয়ে দাঁড়িয়ে আছে রেমিট্যান্স। অথচ রপ্তানি, বিনিয়োগ, রাজস্ব, ঋণপ্রবাহসহ প্রায় সব সূচকই দুর্বল। তবে প্রবাসী আয়ের এই খুঁটির জোর খুব বেশিদিন টিকে থাকার সম্ভাবনা নেই। গত তিন মাস ধরেই তিন বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে প্রবাসী আয়। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের হিসাবে রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি, যা ছিল রেকর্ড। সেই প্রবাহ তিন বিলিয়নের নিচে নেমে আসা নিছক সংখ্যার পরিবর্তন নয়, অর্থনীতির সক্ষমতা ও আস্থার পরিবর্তনের সংকেত।
ফলে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়লেও টাকার ওপর চাপ কমছে না। রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলারের ঘরে উঠেছে অথচ বাজারে স্বস্তি নেই। এই বৈপরীত্যই এখন অর্থনীতির সবচেয়ে বড় প্রশ্ন— রিজার্ভ বাড়ছে, তারপরও কেন দুর্বল হচ্ছে টাকা। টাকার পতনের এই দায় কার ঘাড়ে যাচ্ছে? উত্তরটা খুঁজতে গেলে বাজার, ব্যাংক ও সংসার তিন জায়গাতেই একই সুর শোনা যায়। চাপটা শেষ পর্যন্ত গিয়ে পড়ছে সাধারণ মানুষের আয়ের ওপর, যেখানে আয় এক স্থানে স্থির হয়ে আছে কিন্তু ব্যয় বেড়েই চলছে।
ঋণ প্রবৃদ্ধি নামছেই
বিদ্যুৎ-গ্যাসের অনিশ্চয়তা, ঋণ চাহিদার মন্দা, ব্যবসায়ীদের বড় একটি অংশের দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ইত্যাদি অর্থনীতির উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়েছে। অনেকে ঋণ নিয়েছেন উৎপাদনে নয়, পুরোনো দায় শোধে। ঋণ না বাড়লে বিনিয়োগ বাড়ে না, বিনিয়োগ না বাড়লে নতুন চাকরি হয় না। প্রবৃদ্ধি তখন কাগজে-কলমে থাকে, মানুষের হাতে প্রবৃদ্ধির সেই আয় পৌঁছায় না। ২০২৪-২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে আসার পেছনে এই বিনিয়োগ-স্থবিরতাই বড় ভূমিকা রেখেছে। আগামী বছরেও প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচেই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ।
বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়িয়ে কর্মসংস্থানের জোগাড় করতে বাংলাদেশ ব্যাংক ও সরকার ৬০ হাজার কোটি টাকার ঋণ প্যাকেজ ঘোষণা করে। তিন মাসের বেশি সময় হলেও সার্বিকভাবে ঋণপ্রবাহ বাড়েনি। গত কয়েক মাস ধরেই সাড়ে ৪ শতাংশের ঘরে রয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে তা আরো নিচে নেমে ৪ দশমিক ১৭ শতাংশ হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসেব সবচেয়ে কম বেসরকারি ঋণ প্রবৃদ্ধি। অর্থনীতিতে এরকম মন্দার পদধ্বনি শোনেননি বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বলেন, গত ৩৩ বছরের কর্মজীবনে অর্থনীতির এরকম অবস্থা দেখিনি। ঋণ বিতরণ করতে না পারলে অনেক ব্যাংকই বন্ধ হয়ে যাবে। ব্যাংকের সংখ্যা কমে দুই ডজনে নেমে যাবে। টাকার হাতবদল কমে যাওয়া মানেই আর্থিক কর্মকাণ্ডে সবাই যুক্ত হতে পারছে না। মানুষের আয় কমে গেছে। একপর্যায়ে শিল্পের উৎপাদনও কমে যাবে। তখন শিল্প বাঁচাতে শ্রমিক ছাঁটাই শুরু হবে। তাতে বেকারত্ব আরো বাড়বে।
গত কয়েক মাস ধরে দিনের পুরোটা সময় অলসভাবে পার করছেন ভ্যানচালক জুয়েল আহমেদ। তিনি বলেন, গত জুন মাসেও ভাড়ার চাপে রাত ১০টার আগে বাসায় আসতে পারিনি। সকাল থেকে রাত পর্যন্ত কয়েকটা কোম্পানির মাল বিভিন্ন মোকামে দিয়ে আসছি। এখন বসে আছি। দিনে একটাও ভাড়া হয় না কোনো কোনোদিন। লুডু খেলে ঘুমিয়ে কাটে সময়। এভাবে আর এক মাস চললে ঢাকায় থাকতে পারবো না। গত মাসেও ভ্যান মেরামত করতে বাড়ি থেকে টাকা আনছি।
আয় নয়, ব্যয়ের সঙ্গে লড়াই
সংসারের হিসাবই বলে দেয়, দেশের অর্থনীতি কেমন চলছে। গত কয়েক বছরে মজুরি বেড়েছে নামমাত্র অর্থে, কিন্তু মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিয়ে প্রকৃত আয় কমেছে। যখন খাদ্য মূল্যস্ফীতি ৯-১০ শতাংশের ঘরে থাকে আর মজুরি বৃদ্ধির হার তার নিচে, তখন পরিবারের সামনে তিনটি পথ খোলা থাকে— সঞ্চয় ভাঙা, ধার করা অথবা খরচের তালিকা কাটছাঁট করা। এখন বাস্তবে তিনটিই ঘটছে। বাদ পড়ার তালিকায় প্রথমে আসে আমিষ, তারপর ফল, তারপর চিকিৎসা, শেষে সন্তানের অতিরিক্ত পড়াশোনার খরচ। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির ২০২৫ সালের জরিপে দারিদ্র্যের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার যে চিত্র এসেছিল, তা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি উদ্বেগজনক।
অর্থনীতির এমন ভঙ্গুর, এমন একমুখী চাপ ও এমন এক অস্তিত্বের সংকট দেখেনি বাংলাদেশ বলে মনে করেন অর্থনীতিবিদ ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, একসময়ে ব্যাংক খাতে ঋণখেলাপির সংস্কৃতি থেকে বের হয়ে এখন লুটপাটের সংস্কৃতিতে ঢুকেছেন ঋণগ্রহীতারা। ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে ব্যাংকিং খাতের পুনর্গঠন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে ওয়াহিদ উদ্দিন বলেন, দেশের ব্যাংক খাত প্রথম নষ্ট হয়েছিল ঋণখেলাপির সংস্কৃতিতে। পরবর্তী সময়ে ঋণখেলাপির সংস্কৃতি থেকে বের হয়ে এসেছিলাম ঠিকই, কিন্তু ২০১০ সালের পর নতুন করে তৈরি হয় ব্যাংক লুটপাটের সংস্কৃতি।
ব্যাংক খাতের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার তাগাদা দিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, অতীতে আমরা উপযুক্ত নিয়ন্ত্রণমূলক কাঠামো না বানিয়েই বেসরকারি খাতে ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিলাম। এর পরিণতি কী হয়েছিল? সেই সময় আমরা দেখেছি যে উদ্যোক্তা পরিচালকরা সংশ্লিষ্ট ব্যাংক থেকে মোট আমানতের প্রায় এক-তৃতীয়াংশ ঋণ হিসেবে তুলে নিয়েছিলেন।
প্রতিষ্ঠার পর অর্থাৎ ১৯৮৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুনাফায় থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশকে আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্বৃত্তদের হাতে তুলে দেওয়া হয়। এস আলম গ্রুপই লুট করে নেয় এক লাখ কোটি টাকার বেশি। বিএনপি সরকার ক্ষমতায় এসেই গত জুন মাসে নতুন সংকট তৈরি করে ব্যাংকটিতে। পরিচালকদের বাদ দিয়ে গত ৫ মাস ধরে অনভিজ্ঞ এক প্রশাসক দিয়ে ব্যাংকটি চালিয়ে আসছে। এখন চলতি বছরের ৯ মাসে লোকসান দিয়েছে ৩ হাজার ৩০০ কোটি টাকা। শীর্ষ থাকা ব্যাংকটি এখন তলানিতে নেমেছে। সেই দিকে ইঙ্গিত করে আর্থিক খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতার সমালোচনা করেন ওয়াহিদ উদ্দিন।
একই অনুষ্ঠানে বেসরকারি ব্যাংকের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, ২০টি ব্যাংক এখন সঠিক পথে রয়েছে। বাকিগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ব্যাংকিং খাতে মোট খেলাপীর ৮০ শতাংশই ইচ্ছেকৃত খেলাপি, তাদের অনেকের টাকা ফেরত দেয়ার সামর্থ্য আছে। কিন্তু তারা এভাবে-সেভাবে পার পেয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআরআই) চেয়ারম্যান জাইদি সাত্তার।
তিনি বলেন, শুধু মুদ্রানীতির ওপর নির্ভর না করে ব্যাংকিং খাত সংস্কার, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিময় হার আরও নমনীয় করা এবং শুল্ক কমানোর মতো পদক্ষেপও নিতে হবে। আর দেশের অর্থনীতি নিয়ে সবচেয়ে উদ্বেগজনক ও নির্মম সত্যটি তুলে ধরেছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক মাহবুব উল্লাহ। তিনি বলেছেন, ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। লাইনচ্যুত হয়ে অর্থনীতি এবার হয়তো নদীতে পড়বে। আমাদের ব্যাংকিং খাত অত্যন্ত দুর্বল, ভঙ্গুর। এটি প্রায় বিলুপ্তির মুখে এসে দাঁড়িয়েছে। এটি বাংলাদেশের মানুষ ও অর্থনীতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। অলিগার্কদের প্রশ্রয় না দিলে অর্থনীতিকে সঠিক পথে ফেরানো যাবে না।
ব্যাংকিং খাতের ঝুঁকির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদ ওসমান ইমাম বলেন, ব্যাংকিং খাত থেকে; বিশেষ করে শরীয়াহভিত্তিক ব্যাংকগুলোকে থেকে এত লুটপাট হলো, এত টাকা চলে গেল তা কেউ কি জানলো না? নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কেন আগে জানলো না যদি জেনে থাকে, তাহলে কেন ঠেকানো গেল না সেই আলোচনা তো এখন হওয়া দরকার।
এই পরিস্থিতি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, সামগ্রিক অর্থনীতি এখন এক ধরনের মন্দার দিকে ধাবিত হচ্ছে। রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার রয়েছে, এটা একটা স্বস্তির দিক হলেও তা অর্থনৈতিক স্বস্তি দিচ্ছে না। রপ্তানিতে বৈচিত্র্যতা না আনলে এবং আমদানিনির্ভরতা না কমাতে পারলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য বৈদেশিক মুদ্রার সংকট এবং মুদ্রাস্ফীতি একটি বড় ঝুঁকি। রেমিট্যান্সের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং রপ্তানি খাতের অদক্ষতা দীর্ঘমেয়াদে অর্থনীতিকে ভঙ্গুর করে তুলবে। বাংলাদেশ ব্যাংক এই পরিস্থিতি মোকাবিলায় মুদ্রানীতি কঠোর রাখার পাশাপাশি ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলছে। তবে বাস্তবতা হলো, শুধু মুদ্রানীতি দিয়ে এই সংকট কাটবে না। এর জন্য প্রয়োজন কাঠামোগত সংস্কার, শিল্পনীতি পুনর্গঠন এবং আমদানি বিকল্প শিল্পের বিকাশ।
অর্থনীতির সংকট কখনো একদিনে তৈরি হয় না। এটি দীর্ঘদিনের নীতিগত ত্রুটি, সুশাসনের অভাব এবং বাস্তবতা না মেনে চলার ফসল। এখন আর শুধু পরিসংখ্যান দিয়ে জনগণকে আশ্বস্ত করার সময় নেই। প্রয়োজন বাস্তবসম্মত, যুগোপযোগী এবং সাধারণ মানুষবান্ধব অর্থনৈতিক পরিকল্পনা। আমদানি কমিয়ে কীভাবে রপ্তানি বাড়ানো যায়, কীভাবে বিদেশি বিনিয়োগ আনা যায় এবং কীভাবে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ফিরিয়ে আনা যায়, সেদিকে নীতিনির্ধারকদের নজর দিতে হবে।
সংকটের পথরেখা ও উত্তরণের উপায়
অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বর্তমানে দেশের অর্থনীতি এক ধরনের তীব্র চাপের মুখে রয়েছে। রেমিট্যান্স ছাড়া বাকি প্রায় সব সামষ্ঠিক অর্থনীতির সূচকই দুর্বল অবস্থানে রয়েছে। গত ২০ বছরের অর্থনৈতিক চিত্র পর্যালোচনায় দেখা যায়, বাংলাদেশের অর্থনীতিতে সংকট অতীতেও এসেছে। ২০০৭-০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দা কিংবা ২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময়। কিন্তু তৎকালীন সংকটগুলোর সঙ্গে বর্তমান সংকটের মূল পার্থক্য হলো বর্তমান সংকট কোনো একক খাতের নয়। এটি মুদ্রাবাজার, ব্যাংকিং খাত, রাজস্ব নীতি এবং জীবনযাত্রার ব্যয় মিলিয়ে জটিল আকার ধারণ করেছে। শুধু রেমিট্যান্সের ওপর ভর করে একটি সাড়ে চারশ’ বিলিয়ন ডলারের অর্থনীতিকে স্থায়ী স্থিতিশীলতা দেওয়া অসম্ভব। অর্থনীতিকে টেকসই পুনরুজ্জীবনে ফেরাতে হলে নীতিপ্রণেতাদের অবিলম্বে কতগুলো কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মুদ্রাবাজারে কৃত্রিম হস্তক্ষেপ বন্ধ করে কার্যকর ও বাজারভিত্তিক বিনিময় হার নিশ্চিত করতে হবে— যাতে অনানুষ্ঠানিক হুন্ডি চ্যানেল বন্ধ হয় এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি টেকসই রূপ নেয়। আর্থিক খাতের সংস্কারে দক্ষ ও সাহসী পদক্ষেপ দরকার। বাংলাদেশ অর্থনীতির ভিত্তি অতীতেও প্রতিকূল পরিস্থিতিতে সামলে নেওয়ার সক্ষমতা দেখিয়েছে। তবে এবারের চাপ কাটিয়ে ওঠার জন্য দরকার সময়োপযোগী, রাজনৈতিক প্রভাবমুক্ত ও বস্তুনিষ্ঠ অর্থনৈতিক সংস্কার। অন্যথায় সামষ্টিক অর্থনীতির এই অস্থিতিশীলতা দীর্ঘায়িত হয়ে দেশকে মন্দার কবলে নিয়ে যাবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনে সবেচেয়ে বেশি ভূমিকা রেখেছিল অর্থনৈতিক বৈষম্য। দেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছিল। এবারও সরকার দেশের অর্থনীতির দুরবস্থা বিবেচনা না করে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, যার কুপ্রভাব পড়েছে। যেমন— সরকারি বেতন বৃদ্ধি ও ব্যাংক ঋণ নিয়ে তা পরিশোধ, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন রাজনৈতিক স্বার্থসিদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ। তাই মাত্র সাড়ে ৮ মাসেই ত্রাহি ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে। তাই দায়মুক্ত নয়, এ সরকারও মন্দার কবলে পড়লে সাধারণ জনগণ ক্ষমা করবে না কাউকে। কারণ জনগণ এখন আগের চেয়ে বেশি প্রতিবাদী ও জবাবদিহি চায়।