কুড়িগ্রামের একটি সেতু বদলাবে একুশ গ্রামের চিত্র


৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৮

আমানুর রহমান খোকন, কুড়িগ্রাম : কুড়িগ্রামের নুনখাওয়া ইউনিয়নের একটি সেতু পুনর্নির্মাণ করলে বদলে যাবে একুশ গ্রামের মানুষের জীবন জীবিকার মান। বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ও সেতু সংযোগ সড়কটির নির্মাণ কাজ কবে নাগাদ শুরু করা হবে এই আশায় বুক বেঁধে আছেন চরাঞ্চলের কয়েক হাজার মানুষ। সেতুর সর্বশেষ ধ্বংসাবেশ দণ্ডায়মান থাকলেও দেড় যুগেও এটি নির্মাণের কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট সরকারি কোনো দফতরকে।
জানা যায়, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ১১ নং ইউনিয়ন পরিষদ নুনখাওয়া ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের বর্তমানে ৬টি ওয়ার্ড পুরোপুরি এবং ৩ টি ওয়ার্ড আংশিক দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন। দেড় যুগ আগে নুন খাওয়া সেতু ও সংযোগ সড়ক দিয়ে ৯টি ওয়ার্ডের মানুষজন খুব সহজেই যাতায়াত করতে পারতো। দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ দ্বারা বেষ্টিত থাকলেও এই ইউনিয়নের সকল ওয়ার্ডের যোগাযোগ ছিলো সড়ক পথে। প্রবল বন্যায় নুনখাওয়া ইউনিয়নের ২১ গ্রামের মানুষের একমাত্র অতি গুরত্বপূর্ণ সেতু ও সেতু সংযোগ সড়ক দুধকুমার নদীতে বিলিন হয়ে যায়। এর পর থেকেই এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডের একুশটি গ্রাম দুধকুমার নদী দ্বারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বর্তমানে চর বটতলা, চর কাপনা, ব্যাপারীর চর, ফকিরগঞ্জ, চর নুন খাওয়া, উত্তর সারিসুরি ও কালী কাপুরসহ ২১ গ্রামের মানুষের নৌকা ছাড়া যাতায়াতের আর অন্য কোনো ব্যবস্তা নেই। এই এলাকার মানুষ নৌকা দিয়ে যাতায়াতের ওপর নির্ভরশীল থাকায় প্রতিনিয়তই তাদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে।
চর কাপনার কৃষক আব্দুর রহমান ও আব্দুস সালাম বলেন, আমরা অনেক কষ্ট করে কৃষি পণ্য উৎপাদন করে থাকি। আমাদের উৎপাদনকৃত কৃষি পণ্যগুলো নৌকায় করে বাজারে নিতে অনেক বেশি সময় লাগে এবং খরচ অনেক বেশি হয়।
উত্তর সারিসুরির বানেছা খাতুন ও ব্যাপারীর চরের গোলেনুর বেগম বলেন, আমরা অসুস্থ হলে সহজে চিকিৎসা নিতে পারিনা। শহরে যেতে অনেক সময় লাগে, অনেক কষ্ট পেতে হয়।
চর কাপনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্যাপারীর চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমি, রেখা, কালাম, জীবন ও মধু বলে, আমরা অনেক কষ্ট করে বিদ্যালয়ে যাতায়াত করে থাকি। রাস্তা না থাকায় অনেক পথ ঘুরে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়। সেতু হলে আমরা সহজে যাতায়াত করতে পারবো।
ব্যবসায়ী ওমর আলী ও ছামাদ মিয়া বলেন, ব্যবসার মালামাল অনেক কষ্ট করে চরে নিতে হয় এতে সময় ও খরচ দুটোই বেশি লাগে।
নুন খাওয়া ইউনিয়ন পরিষদের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী কাজী মো. মোসলেম উদ্দিন খন্দকার বলেন, একটি সেতুর ওপর নির্ভরশীল ছিল নুন খাওয়া ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের মানুষ। দেড় যুগ আগে প্রবল বন্যায় সেতু ও সেতু সংযোগ সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যায়। এর পর থেকেই নুন খাওয়া ইউনিয়নের মানুষের যাতায়াত ব্যবস্তায় নেমে আসে দুর্ভোগ। দুইটি ওয়ার্ডের আংশিক বাদে পুরো ইউনিয়ন দুধকুমার নদীর ওপারে হওয়ায় নৌকা ছাড়া যাতায়াতের আর অন্য কোন ব্যবস্তা নেই। পুনরায় সেতু ও সেতু সংযোগ সড়ক নির্মাণ করলে এই ইউনিয়নের মানুষের যাতায়াতের কষ্ট লাগব হবে।
নুন খাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়ন পুরোটাই বলা যায় চরে। আগে সেতু ও সেতু সংযোগ সড়ক দিয়ে মানুষ যাতায়াত করতো। সেতু ও সেতু সংযোগ সড়কটি নদীতে বিলীন হওয়ার পর চরের মানুষের যাতায়াতের দারুণ অসুবিধা হয়েছে। পুনরায় সেতু ও সেতু সংযোগ সড়কটি পুনর্নির্মাণ করা জরুরি।